উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৫৩

আস সালামু আলাইকুম আওলাদে রাসুল যদি গোনাহগার হয় তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? নিজের স্ব…

📅 তারিখ: ২১-১১-২০২৬ 🏷 আকিদা ও ঈমান ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad 👁 পড়া হয়েছে ৭ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক — Pabna, বাংলাদেশ

আস সালামু আলাইকুম
আওলাদে রাসুল যদি গোনাহগার হয় তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত?
নিজের স্বার্থে দলের স্বার্থে আওলাদে রাসুল দের সাথে বেয়াদবি করলে ঈমান থাকবে কি?
আওলাদে রাসুল যদি শরিয়ত বিরোধী কাজ করে তাদের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত?
তাকওয়া বড় নাকি আওলাদে রাসুল এর মোহাব্বত বড়?

দলিল সহ বিস্তারিত জানতে চাই

💬 মন্তব্য ০

উত্তর

আওলাদে রাসুল ﷺ গুনাহগার হলেও শুধু গুনাহের কারণে তাঁর রাসুলুল্লাহ ﷺ-এর সঙ্গে বংশগত সম্পর্ক বিলুপ্ত হয় না।
রাসুলুল্লাহ ﷺ বলেন—

أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي، أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي.

আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি।”
সূত্র: সহিহ মুসলিম, হাদিস নং ২৪০৮, কিতাবু ফাযায়িলিস সাহাবাহ।

এখানে রাসুলুল্লাহ ﷺ তিনবার আহলে বাইতের অধিকার স্মরণ করিয়ে দিয়েছেন। এই হাদিস তাঁদের প্রতি সম্মান, মহব্বত ও অধিকার রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল।
হযরত আবু বকর সিদ্দীক (রাদিয়াল্লাহ আনহু) বলেছেন—

ارْقُبُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِ بَيْتِهِ.

তোমরা রাসুলুল্লাহ ﷺ-এর আহলে বাইতের ব্যাপারে তাঁর মর্যাদা ও অধিকার রক্ষা করো।
সূত্র: সহিহ বুখারী, হাদিস নং ৩৫০৯;

আরও একটি বর্ণনায় তিনি বলেছেন—

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.

সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! রাসুলুল্লাহ ﷺ-এর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমার নিজের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেয়েও আমার কাছে অধিক প্রিয়।
সূত্র: সহিহ বুখারী, হাদিস নং ৩৫০৮।

দলীয় পরিচয় বা ব্যক্তিগত স্বার্থের কারণে আহলে বাইতের প্রতি বিদ্বেষ ও অন্যায় আচরণ করা রাসুলুল্লাহ ﷺ-এর পরিবারের মর্যাদা রক্ষার এই শিক্ষার পরিপন্থী।

ইমাম তাহাবী (রহিমাহুল্লাহ) আল-আকীদাতুত তাহাবিয়্যাহ গ্রন্থে বলেছেন—

وَمَنْ أَحْسَنَ الْقَوْلَ فِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَزْوَاجِهِ الطَّاهِرَاتِ مِنْ كُلِّ دَنَسٍ، وَذُرِّيَّاتِهِ الْمُقَدَّسِينَ مِنْ كُلِّ رِجْسٍ، فَقَدْ بَرِئَ مِنَ النِّفَاقِ.

যে ব্যক্তি রাসুলুল্লাহ ﷺ-এর সাহাবিগণ, তাঁর পবিত্র স্ত্রীগণ এবং তাঁর পবিত্র বংশধরদের সম্পর্কে উত্তম কথা বলে, সে নিফাক থেকে মুক্ত থাকার পরিচয় দেয়।
সূত্র: আল-আকীদাতুত তাহাবিয়্যাহ, ৮২ পৃষ্ঠা; আকিদা নং ৯৬;

ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ) এর আল-ফিকহুল আকবার গ্রন্থে রয়েছে—

وَلَا نُكَفِّرُ مُسْلِمًا بِذَنْبٍ مِنَ الذُّنُوبِ وَإِنْ كَانَتْ كَبِيرَةً إِذَا لَمْ يَسْتَحِلَّهَا، وَلَا نُزِيلُ عَنْهُ اسْمَ الْإِيمَانِ، وَنُسَمِّيهِ مُؤْمِنًا حَقِيقَةً، وَيَجُوزُ أَنْ يَكُونَ مُؤْمِنًا فَاسِقًا غَيْرَ كَافِرٍ.

কোনো মুসলমান বড় গুনাহ করলেও—যদি সে সেই গুনাহকে হালাল মনে না করে—শুধু সেই গুনাহের কারণে আমরা তাকে কাফির বলি না। তার থেকে ঈমানের নামও দূর করি না। তাকে প্রকৃত মুমিন বলা হয়। একজন ব্যক্তি গুনাহগার মুমিন হতে পারে, কাফির নয়।
সূত্র: আল-ফিকহুল আকবার, ৪৩ পৃষ্ঠা।
এখানে বুঝতে হবে, সাধারণ গুনাহ ও স্বতন্ত্র কুফরী কথা বা বিশ্বাস এক বিষয় নয়। শুধু গুনাহ করলেই ঈমান চলে যায় না; আবার সব ধরনের অবমাননাকেও সাধারণ গুনাহ ধরে নেওয়া যায় না।

হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন

لَا طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ.

পাপের কাজে কোনো আনুগত্য নেই। আনুগত্য কেবল সৎ ও শরিয়তসম্মত কাজে।
সূত্র: সহিহ বুখারী, হাদিস নং ৭২৫৭; সহিহ মুসলিম, হাদিস নং ১৮৪০।

এই হাদিসের বিধান সাধারণভাবে প্রযোজ্য। কেউ সাইয়্যিদ, আলেম, পীর, নেতা কিংবা আত্মীয়—যাই হোন না কেন, তাঁর হারাম আদেশ পালন করা যাবে না।
তাছাড়া আল্লাহ তাআলা বলেছেন—

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ.

আপনি আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে বিতর্ক করুন সর্বোত্তম পন্থায়।
সূত্র: সূরা আন-নাহল, আয়াত ১২৫।

সুতরাং কোনো আওলাদে রাসুল শরিয়তবিরোধী কাজ করলে— প্রথমে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। তাঁর কাজটি কেন শরিয়তবিরোধী, তা দলিলসহ বোঝাতে হবে। সম্ভব হলে ব্যক্তিগতভাবে নসিহত করতে হবে। প্রকাশ্যে ক্ষতিকর অন্যায় করলে প্রয়োজন অনুযায়ী প্রকাশ্যেও শালীনভাবে সত্য তুলে ধরা যাবে। অন্যায়কে সমর্থন করা যাবে না, আবার বংশকে লক্ষ্য করে গালিগালাজও করা যাবে না।
এক কথায়: ব্যক্তিকে বংশের কারণে সম্মান করা এবং তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করা পরস্পরবিরোধী নয়।

আল্লাহ তাআলা বলেন—

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ.

কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে। তোমরা ন্যায়বিচার করো। এটিই তাকওয়ার অধিক নিকটবর্তী।
সূত্র: সূরা আল-মায়িদা, আয়াত ৮।

আল্লামা ইবনু আবেদীন তাঁর রিসালা আল-ইলমুয যাহির ফী নাফইন নাসাবিত তাহিরে লিখেছেন,

وَفِي انْصِرَافِهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ عَمَّنْ لَا يَمْتَثِلُ مَا جَاءَ بِهِ، وَإِنْ كَانَ أَخَصَّ أَقَارِبِهِ، عَلَى ذَلِكَ أَعْظَمُ شَاهِدٍ، وَأَكْبَرُ سَنَدٍ وَعَاضِدٍ، فَكَيْفَ يَظُنُّ أَحَدٌ مِنْ ذَوِي النَّسَبِ، إِذَا انْتَهَكَ حُرُمَاتِ اللَّهِ تَعَالَى وَلَمْ يُرَاعِ مَا عَلَيْهِ وَجَبَ، أَنْ يَبْقَى لَهُ حُرْمَةٌ وَمَقَامٌ، عِنْدَهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ؟

রাসুলুল্লাহ ﷺ তাঁর আনীত বিধান অনুসরণ করে না এমন ব্যক্তির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যদিও সে তাঁর অতি নিকটাত্মীয় হয়। এটি উক্ত বিষয়ের সবচেয়ে বড় প্রমাণ ও শক্তিশালী সমর্থন।
সুতরাং সম্মানিত বংশের কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার পবিত্র বিধানসমূহ লঙ্ঘন করে এবং নিজের ওপর অর্পিত ওয়াজিব দায়িত্বসমূহ পালন না করে, তাহলে সে কীভাবে মনে করতে পারে যে, রাসুলুল্লাহ ﷺ-এর নিকট তার বিশেষ সম্মান ও মর্যাদা বজায় থাকবে?

একটুপর তিনি আবার আহলু বায়তের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করে রিসালাটি সমাপ্ত করার আগে লিখেছেন,

فَإِنَّ أَهْلَ الْبَيْتِ مَلْحُوظُونَ وَمُعْتَنًى بِهِمْ، وَهُمْ أَقْرَبُ إِلَى الْوُصُولِ إِلَى رَبِّهِمْ، فَمَنْ جَدَّ وَجَدَ، وَمَنْ قَصَدَ الْكَرِيمَ لَمْ يُصَدَّ.

কেননা আহলে বাইত বিশেষ দৃষ্টি ও যত্নের অধিকারী। তাঁরা তাঁদের প্রতিপালকের নৈকট্য লাভের অধিক উপযোগী অবস্থানে রয়েছেন। সুতরাং যে আন্তরিকভাবে চেষ্টা করে, সে অর্জন করে; আর যে মহান দয়ালু সত্তার অভিমুখী হয়, তাকে ফিরিয়ে দেওয়া হয় না।
সুত্রঃ ইবনু আবেদীন, আল-ইলমুয যাহির ফী নাফইন নাসাবিত তাহির,১৫ পৃষ্ঠা।

আল্লামা তাহতাবী হানাফী (রহিমাহুল্লাহ) ইমাম লাক্কানীর বরাতে উল্লেখ করেছেন,

وَيَجِبُ إِكْرَامُ الْأَشْرَافِ وَلَوْ تَحَقَّقَ فِسْقُهُمْ؛ لِأَنَّ فَرْعَ الشَّجَرَةِ مِنْهَا وَلَوْ مَالَ.

আশরাফ তথা নবীপরিবারের সম্মানিত বংশধরদের সম্মান করা ওয়াজিব, যদিও তাঁদের ফিসক বা পাপাচার নিশ্চিতভাবে প্রমাণিত হয়। কেননা গাছের ডাল বাঁকা হয়ে গেলেও সেই ডাল গাছেরই অংশ থাকে।”
সূত্র: হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা ১২

মোল্লা আলী কারী হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

نَعَمْ، يُفِيدُ أَنَّ مَنْ كَانَ نَسَبُهُ ثَابِتًا إِلَى صَاحِبِ النُّبُوَّةِ يُرْجَى لَهُ حُسْنُ الْخَاتِمَةِ وَحُصُولُ الشَّفَاعَةِ أَوْ تَوْفِيقُ التَّوْبَةِ عَنِ الْمَعْصِيَةِ إِذَا كَانَ مِنْ أَهْلِ الْمِلَّةِ.

হ্যাঁ, এ থেকে বোঝা যায় যে, যার বংশপরিচয় নবুওয়াতের অধিকারী রাসুলুল্লাহ ﷺ পর্যন্ত প্রমাণিত এবং যদি সে আহলুল মিল্লাতের অন্তর্ভুক্ত হয়, তার জন্য উত্তম পরিণতি, শাফায়াত লাভ অথবা গুনাহ থেকে তাওবা করার তাওফিকের আশা করা যায়।
সূত্র: আদিল্লাতু মু‘তাকাদি আবী হানীফাতিল আ‘যম ফী আবাওয়াইর রাসুল, পৃষ্ঠা ১০৩, মাকতাবাতুল গুরাবাইল আসারিয়্যাহ সংস্করণ।

এমনকি অপরাপর নেককারদের বংশ নিয়ে কাজী সানাউল্লাহ পানিপথি লিখেছেন,

وَفِي الْآيَةِ دَلِيلٌ عَلَى أَنَّهُ حَقٌّ عَلَى الْمُؤْمِنِينَ السَّعْيُ وَالرِّعَايَةُ لِذُرِّيَّاتِ الصُّلَحَاءِ مَا لَمْ يَصْدُرْ مِنْهُمْ طُغْيَانٌ وَكُفْرٌ.

এই আয়াতে প্রমাণ রয়েছে যে, নেককার ব্যক্তিদের বংশধরদের কল্যাণে চেষ্টা করা এবং তাঁদের প্রতি যত্নশীল হওয়া মুমিনদের দায়িত্ব, যতক্ষণ না তাঁদের থেকে বিদ্রোহাচরণ ও কুফর প্রকাশ পায়।
সূত্র: সানাউল্লাহ পানিপথি, তাফসীরে মাযহারী, ৬/৬০।

ইমাম মুহাম্মদ ইবনুল হুসাইন আল-আজুর্রী বলেছেন—

وَاجِبٌ عَلَى كُلِّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ مَحَبَّةُ أَهْلِ بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَنُو هَاشِمٍ , عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَوَلَدُهُ وَذُرِّيَّتُهُ , وَفَاطِمَةُ وَوَلَدُهَا وَذُرِّيَّتُهَا , وَالْحَسَنُ وَالْحُسَيْنُ وَأَوْلَادُهُمَا وَذُرِّيَّتُهَا , وَجَعْفَرٌ الطَّيَّارُ وَوَلَدُهُ وَذُرِّيَّتُهُ , وَحَمْزَةُ وَوَلَدُهُ , وَالْعَبَّاسُ وَوَلَدُهُ وَذُرِّيَّتُهُ , رَضِيَ اللَّهُ عَنْهُمْ , هَؤُلَاءِ أَهْلُ بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَاجِبٌ عَلَى الْمُسْلِمِينَ مَحَبَّتُهُمْ وَإِكْرَامُهُمْ وَاحْتِمَالُهُمْ وَحُسْنُ مُدَارَاتِهِمْ , وَالصَّبْرُ عَلَيْهِمْ , وَالدُّعَاءُ لَهُمْ , فَمَنْ أَحْسَنُ مِنْ أَوْلَادِهِمْ وَذَرَارِيِّهِمْ , فَقَدْ تَخَلَّقَ بِأَخْلَاقِ سَلَفِهِ الْكِرَامِ الْأَخْيَارِ الْأَبْرَارِ , وَمَنْ تَخَلَّقَ مِنْهُمْ بِمَا لَا يُحْسِنُ مِنَ الْأَخْلَاقِ , دُعِيَ لَهُ بِالصَّلَاحِ وَالصِّيَانَةِ وَالسَّلَامَةِ , وَعَاشَرَهُ أَهْلُ الْعَقْلِ وَالْأَدَبِ بِأَحْسَنِ الْمُعَاشَرَةِ وَقِيلَ لَهُ: نَحْنُ نُجِلُّكَ عَنْ أَنْ تَتَخَلَّقَ بِأَخْلَاقِ لَا تُشْبِهُ سَلَفَكَ الْكِرَامَ الْأَبْرَارَ , وَنَغَارُ لِمِثْلِكَ أَنْ يَتَخَلَّقَ بِمَا تَعْلَمُ أَنَّ سَلَفَكَ الْكِرَامَ الْأَبْرَارَ لَا يَرْضَوْنَ بِذَلِكَ , فَمِنْ مَحَبَّتِنَا لَكَ أَنْ نُحِبَّ لَكَ أَنْ تَتَخَلَّقَ بِمَا هُوَ أَشْبَهُ بِكَ , وَهِيَ الْأَخْلَاقُ الشَّرِيفَةُ الْكَرِيمَةُ , وَاللَّهُ الْمُوَفِّقُ لِذَلِكَ

প্রত্যেক মুমিন পুরুষ ও মুমিন নারীর ওপর রাসুলুল্লাহ ﷺ-এর আহলে বাইত তথা বনু হাশিমের প্রতি মহব্বত রাখা ওয়াজিব।
তাঁরা হলেন— হযরত আলী ইবনে আবু তালিব (রাদিয়াল্লাহু আনহু), তাঁর সন্তানসন্ততি ও বংশধরগণ; হযরত ফাতিমা (রাদিয়াল্লাহু আনহু), তাঁর সন্তানসন্ততি ও বংশধরগণ; হযরত হাসান ও হুসাইন (রাদিয়াল্লাহু আনহু), তাঁদের সন্তানসন্ততি ও বংশধরগণ; হযরত জাফর তাইয়ার (রাদিয়াল্লাহু আনহু), তাঁর সন্তানসন্ততি ও বংশধরগণ; হযরত হামজা (রাদিয়াল্লাহু আনহু) ও তাঁর সন্তানসন্ততি; হযরত আব্বাস (রাদিয়াল্লাহু আনহু), তাঁর সন্তানসন্ততি ও বংশধরগণ।
আল্লাহ তাআলা তাঁদের সকলের প্রতি সন্তুষ্ট হোন।
এরাই রাসুলুল্লাহ ﷺ-এর আহলে বাইত।
মুসলমানদের ওপর তাঁদের প্রতি মহব্বত রাখা, তাঁদের সম্মান করা, তাঁদের আচরণ সহ্য করা, তাঁদের সঙ্গে উত্তম ও কোমল ব্যবহার করা, তাঁদের ব্যাপারে ধৈর্য ধারণ করা এবং তাঁদের জন্য দোয়া করা ওয়াজিব।
তাঁদের সন্তানসন্ততি ও বংশধরদের মধ্যে যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হবে, সে তার সম্মানিত, মনোনীত ও নেককার পূর্বপুরুষদের চরিত্রে চরিত্রবান হয়েছে।
আর তাঁদের মধ্যে কেউ যদি অনুত্তম বা অসুন্দর চরিত্র গ্রহণ করে, তাহলে তার সংশোধন, পবিত্রতা ও নিরাপত্তার জন্য দোয়া করতে হবে।
বিবেকবান ও শিষ্টাচারসম্পন্ন ব্যক্তিরা তার সঙ্গে সর্বোত্তম পদ্ধতিতে আচরণ করবে।
এবং তাকে বলা হবে—“আমরা আপনাকে এতটাই সম্মান করি যে, আপনি এমন কোনো চরিত্র গ্রহণ করুন, যা আপনার সম্মানিত ও নেককার পূর্বপুরুষদের চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এটা আমরা আপনার জন্য শোভন মনে করি না।
আপনার মতো একজন সম্মানিত বংশের মানুষ এমন আচরণ করবেন, যা সম্পর্কে আপনি নিজেই জানেন যে আপনার সম্মানিত ও নেককার পূর্বপুরুষগণ সন্তুষ্ট হতেন না—এটি আমরা আপনার জন্য মেনে নিতে পারি না।
আপনার প্রতি আমাদের মহব্বতের দাবিই হলো, আমরা চাই আপনি এমন চরিত্রে চরিত্রবান হোন, যা আপনার মর্যাদার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ। আর তা হলো উত্তম, সম্মানিত ও মহৎ চরিত্র।”
আর আল্লাহ তাআলাই এ ধরনের উত্তম চরিত্র অর্জনের তাওফিক দানকারী।
সুত্র:- আজুর্রী,আশ শারিয়াতু লিল আজুর্রী,৫/২২৭৬ পৃষ্ঠা।

ইমাম ইবনু হাজার হায়তামী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

وَجَبَ عَلَى كُلِّ أَحَدٍ تَعْظِيمُهُ بِمَا فِيهِ مِنَ الشَّرَفِ، وَالْإِنْكَارُ عَلَى مَا فِيهِ مِنَ الْخِلَالِ الَّتِي تُنْكَرُ شَرْعًا، لِمَا تَقَرَّرَ أَنَّهُ لَا يَلْزَمُ مِنَ الشَّرَفِ عَدَمُ الْفِسْقِ.

প্রত্যেকের কর্তব্য হলো, তাঁর মধ্যে বিদ্যমান বংশগত মর্যাদার কারণে তাঁকে সম্মান করা এবং তাঁর মধ্যে শরিয়তবিরোধী যেসব স্বভাব রয়েছে, সেগুলোর প্রতিবাদ করা। কেননা বংশগত মর্যাদা থাকলেই যে ব্যক্তি গুনাহমুক্ত হবে, তা অপরিহার্য নয়।
একটুপর আবার তিনি বলেছেন—

وَإِذا كَانَ المنسوبون لرجل صَالح يتوقاهم النَّاس ويعظمونهم لأجل ذَلِك، فَمَا بالك بالمنسوبين إِلَى سيدِّ الْخلق كلهم صلى الله عَلَيْهِ وَسلم وَشرف وكرم، وحَشَرَنا فِي زُمْرة محبيه ومحيي آله وَأَصْحَابه آمين.

কোনো নেককার ব্যক্তির বংশধরদের যদি মানুষ তাঁর কারণে সম্মান করে এবং তাঁদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে, তাহলে সমগ্র সৃষ্টির সরদার রাসুলুল্লাহ ﷺ-এর বংশধরদের ব্যাপারে তোমার কী ধারণা হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে তাঁর ভালোবাসার মানুষদের এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবীদের ভালোবাসার মানুষদের দলভুক্ত করে হাশর নসিব করুন। আমিন।"
সুত্র:- ইবনু হাজার হায়তামী, ফাতাওয়া হাদিসিয়াহ, ১২০ পৃষ্ঠা।

ইবনু হাজার হায়তামী অন্য একটি কিতাবে আরও গুরুত্বপূর্ণ কথা লিখেছেন।

وَمِنْ ثَمَّ يَنْبَغِي أَنَّ الْفَاسِقَ مِنْ أَهْلِ الْبَيْتِ لِبِدْعَةٍ أَوْ غَيْرِهَا إِنَّمَا نُبْغِضُ أَفْعَالَهُ لَا ذَاتَهُ؛ لِأَنَّهَا بَضْعَةٌ مِنْهُ، وَإِنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَهَا وَسَائِطُ.

সুতরাং আহলে বাইতের কোনো ব্যক্তি বিদআত (বিদাআতে সাইয়্যেআহ) বা অন্য কোনো কারণে ফাসিক হলে আমাদের উচিত তাঁর কাজকে ঘৃণা করা, তাঁর সত্তাকে নয়। কারণ তিনি রাসুলুল্লাহ ﷺ-এর দেহাংশের সঙ্গে বংশগতভাবে সম্পর্কযুক্ত, যদিও তাঁর ও রাসুলুল্লাহ ﷺ-এর মধ্যে কয়েক পুরুষের ব্যবধান রয়েছে।
সূত্র: ইবনু হাজার হায়তামী, আস-সাওয়ায়িকুল মুহরিকাহ, ২/৫০৭ পৃষ্ঠা।

ইমাম আব্দুর রউফ মুনাভী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

مَحَبَّةُ الْآلِ وَالْأَصْحَابِ دَلِيلٌ عَلَى كَمَالِ الْإِيمَانِ وَالْمَعْرِفَةِ، وَالْمُرَادُ حُبٌّ لَا يُؤَدِّي لِمَحْذُورٍ أَوْ مَنْهِيٍّ عَنْهُ شَرْعًا.

নবীপরিবার ও সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত পূর্ণাঙ্গ ঈমান ও মারিফাতের নিদর্শন। তবে এখানে এমন মহব্বত উদ্দেশ্য, যা শরিয়তে নিষিদ্ধ কোনো কাজের দিকে পরিচালিত করে না।
সূত্র: আব্দুর রউফ মুনাভী, ফয়দুল কাদীর,১/১৪৮ পৃষ্ঠা।

ইমাম আহমাদ রেজা খান হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

سید سنی المذہب کی تعظیم لازم ہے اگر چہ اس کے اعمال کیسے ہوں ان اعمال کے سبب اس سے تنفرنہ کیا جائے نفس اعمال سے تنفر ہو بلکہ اس کے مذہب میں بھی قلیل فرق ہو کہ حدکفر تك نہ پہنچے جیسے تفضیل تو اس حالت میں بھی اس کی تعظیم سیادت نہ جائے گی ہاں اگر اس کی بد مذہبی حد کفر تك پہنچے جیسے رافضی وہابی قادیانی نیچری وغیرہم تو اب اس کی تعظیم حرام ہے کہ جو وجہ تعظیم تھی یعنی سیادت وہی نہ رہی۔

“সুন্নী মাজহাবের অনুসারী কোনো সাইয়্যিদের সম্মান করা আবশ্যক, তাঁর আমল যেমনই হোক না কেন। তাঁর সেসব আমলের কারণে তাঁর প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না; বরং আমলগুলোর প্রতিই বিদ্বেষ পোষণ করতে হবে। এমনকি তাঁর মাজহাব বা আকিদার মধ্যেও যদি সামান্য বিচ্যুতি থাকে, যা কুফরের সীমা পর্যন্ত না পৌঁছায়, যেমন—তাফদীল, তাহলে এমন অবস্থাতেও তাঁর সাইয়্যিদ হওয়ার কারণে প্রাপ্য সম্মান বিলুপ্ত হবে না।
হ্যাঁ, যদি তাঁর ভ্রান্ত আকিদা কুফরের সীমা পর্যন্ত পৌঁছে যায়, যেমন—রাফেজী, ওহাবী, কাদিয়ানী, নেচারী প্রমুখ, তাহলে এখন তাঁর সম্মান করা হারাম। কেননা যে কারণে তাঁকে সম্মান করা হতো, অর্থাৎ সাইয়্যিদ হওয়ার মর্যাদা, সেটিই আর অবশিষ্ট থাকেনি।”

সুত্রঃ আহমদ রেজা খান হানাফী, ফাতাওয়া রেজভিয়া ২২/৪৩১ পৃষ্ঠা;

আমি বলি,আওলাদে রাসুলকে বংশের কারণে অসম্মান করা যাবেনা, কিন্তু তাঁর গুনাহকে সমর্থন করা যাবে না। নিজের স্বার্থে বা দলীয় স্বার্থে আওলাদে রাসুলকে গালি দেওয়া, অপমান করা কিংবা অন্যায়ভাবে হেয় করা নাজায়েজ। বিশেষত নবীজির বংশের প্রতি বিদ্বেষ থেকে অবমাননা করা অত্যন্ত গুরুতর বিষয়। কোনো সাইয়্যিদ শরিয়তবিরোধী কাজ করলে তাঁর সংশোধন শালীনতা ও ইনসাফের সঙ্গে করতে হবে তবে কুফরের বিষয়টা ভিন্ন। অতএব, কোনো আওলাদে রাসুল গুনাহগার হলে তাঁর জন্য দোয়া করা, নসিহত করা ও তাঁকে সংশোধনে সাহায্য করাই উত্তম। তাঁর গুনাহকে ঘৃণা করা এবং তাঁর বংশগত সম্পর্কের প্রতি সম্মান বজায় রাখা—দুটিই একসঙ্গে সম্ভব এবং সংশোধনের চেষ্টা চালিয়ে যাওয়া উত্তম।

وَاللّٰهُ)(تَعَالَى) وَرَسُولُهُ (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) أَعْلَمُ بِالصَّوَابِ

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad · ২১-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬