প্রশ্ন
👤 প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক — কুমিল্লা, বাংলাদেশ
প্রশ্ন: মাদরাসায় পড়ুয়া একজন মেয়ে ১৩/১৪ বছর বয়সী। সে তখন কুদূরী জামাতে পড়ে। ঐ বছরেই তার দূর সম্পর্কের এক মামাতো ভাই সে মেয়েকে পছন্দ করলে তার বন্ধুরা তাকে সেই মেয়ের পিছনে ফুসলিয়ে দেয়। তারপর ছেলে সেই মেয়েকে নানাকিছু বুঝিয়ে তার বাড়িতে ভাগিয়ে নিয়ে আসে। তারপর ছেলের বাড়ির লোকেরা মসজিদের কোনো এক হুজুরকে এনে কোনো মতে তাদের বিয়ে পড়িয়ে দেয়। কিন্তু মেয়ের মা-বাবা রাজি ছিলো না। কারণ মেয়ের পুরো বংশ আলেম বংশ এবং মেয়েও শিক্ষিত ও সুন্দরী। পক্ষান্তরে ছেলের পরিবার ও বংশ মেয়ের তুলনায় খুবই নিচু পর্যায়ের, যাদের মধ্যে দ্বীনদারী নেই। এবং ছেলে ছিলো মূর্খ ও বেকার, বাজে ছেলেদের সাথে সম্পর্ক। এক কথায় ছেলে মেয়ের "কুফু" তে মিল নেই। তারপর মেয়ের বাবা মেয়েকে অনেক বুঝায় যেন মেয়ে সেই সংসার থেকে ফিরে আসে। কারণ মেয়ের পরিবার জানতো যে, সে এই সংসার কিছুতেই করতে পারবে না। একদিন না একদিন ফিরে আসবেই। এক পর্যায়ে মেয়ের হুঁশ ফিরলো এবং সে নিজের ভুল বুঝলো তারপর সে ফিরে এসে সিদ্ধান্ত জানালো যে, আর যাবে না। সেই সংসারে সে দুই থেকে আড়াই মাস ছিলো। তারপর মেয়ের পরিবারের লোকেরা ছেলের বাড়িতে গেলো তালাক আনতে। কিন্তু তারা মেয়ের পরিবারকে শুধু আঘাত করতেই বাকি রাখলো। ছেলে বলে দিলো, কিয়ামত হয়ে গেলেও সে তালাক দিবে না। মেয়ের পরিবার কয়েকদিন পর গ্রামের মুরুব্বীদের কে বিচার বসাতে চাইলো। কিন্তু ছেলের পরিবার কেউ মিটিংয়ে বসলো না। ছেলের কথা একটাই "তালাক দিবো না"। তারপর মেয়ের পরিবার কোর্টে যায় মামলার জন্য। কিন্তু তারা মামলা নিবে না জানায়। তারা বললো ১৮ এর নিচে কোনো বিয়ে হয় না, আর মেয়ের কোনো কাবিননামাও নেই। মেয়ে খোলা তালাক করতে চাইলে ছেলে তাতেও রাজি না। মেয়ের সর্বদিক বন্ধ। তাই সে আবার পড়াশোনায় লেগে গেলো। কেটে গেল ৫-৬ বছর, এর মধ্যে ছেলের সাথে মেয়ের কোনো যোগাযোগ নেই, এমনকি সে তাকে ভরণপোষণও দেয়নি। মেয়ের মামা বলেছিলো যে, "এদের কুফু মিলেনি তাই তাদের বিয়ে হয়নি। বরং তার দাওরাত পড়া শেষ হলে তাকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দাও"। মেয়ের দাওরার পর একজন আলেম পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু প্রথম স্বামী থেকে কোনভাবেই তালাক আনা সম্ভব হয়নি। কারণ সে বলেছে সে মরে গেলেও তালাক দিবে না।
ছেলে ও তার পারিবারিক অবস্থা :
ছেলে ও তার পরিবার মেয়ের ও তার পরিবারের চেয়ে নিচু বংশের। ছেলে একদম বেকার কোন কাজকর্ম করে না। ছেলে বিবাহের সময় মোহর ও ভরণপোষণ প্রদান করতেও সক্ষম ছিল না। এবং মেয়েকে কোন প্রকার মোহর প্রদান করেনি। মেয়ে যে কয়দিন স্বামীর বাড়িতে ছিল তিন বেলা খাবার ছেলের বাবা দিয়েছে। ছেলে ও তার পরিবারের মাঝে দ্বীনদারী বলতে কিছুই নেই। নামাজ, রোজা ও শরীয়তের অন্যান্য আহকামের পাবন্দী করে না। বাজে ছেলেদের সাথে চলাফেরা করে ও আড্ডা দেয়। এবং ছেলে অশিক্ষিত কোন পড়ালেখা জানে না।
মেয়ে ও তার পারিবারিক অবস্থা :
পক্ষান্তরে মেয়ে ও তার পরিবারের সম্ভ্রান্ত ফ্যামিলির। মেয়ে সুন্দরী, শিক্ষিতা ও আলেমা। মেয়ের পরিবারও আলেম পরিবার।
এখন জানার বিষয় হলো,
মেয়ের পরিবার তো চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। মেয়ের জন্য কি প্রথম স্বামী থেকে শরীয়তভাবে মুক্ত হয়ে আসার কোনো পথ বাকি আছে? যদি থাকে তাহলে সেটা কি? আর দ্বিতীয় যেই বিয়ে হলো সেটার হুকুম কি? দ্বিতীয় বিয়েটা হলো কি না? আর যদি না হয়ে থাকে তাহলে দ্বিতীয় স্বামীকে প্রথম স্বামীর কথা না জানিয়ে পুনরায় বিবাহ সহীহ করার পদ্ধতি কি?