উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৫০

আসসালামু আলাইকুম। আমি ফুলতলী মসলোকের একজন নগণ্য অনুসারী।আমার মাঝে একটা কৌতূহলী প্রশ্ন, সাধারণত মাইকে…

📅 তারিখ: ২০-১১-২০২৬ 🏷 মাইকে কোরআন তিলাওয়াত ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad 👁 পড়া হয়েছে ১০ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক — Sylhet, বাংলাদেশ

আসসালামু আলাইকুম। আমি ফুলতলী মসলোকের একজন নগণ্য অনুসারী।আমার মাঝে একটা কৌতূহলী প্রশ্ন, সাধারণত মাইকে কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে অনেকে নিষেধ দেন কেননা, আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে বলেন যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয় তখন তা মনোযোগ সহকারে শ্রবণ করো" আর মাইকের আওয়াজ অনেক দূর অবধি পৌঁছে সে ক্ষেত্রে সকলের দ্বারা তিলাওয়াত শুনা সম্ভব হয় না, এখন আমার প্রশ্ন দারুল কিরাতের বেশিরভাগ শাখায় মাইকে কোরআন তেলাওয়াত করা হয়। এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি।

💬 মন্তব্য ০

উত্তর

আল্লাহ তাআলা বলেন—

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
📖 جامع البيان في تأويل القرآن — পৃষ্ঠা ২৫৭৬

যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়।
সূত্র: সূরা আল-আ'রাফ, আয়াত ২০৪।

এ আয়াতের প্রয়োগ সম্পর্কে ফকিহদের আলোচনা রয়েছে। হানাফি মাজহাবেও নামাজের বাইরে কুরআন শ্রবণের বিধান সম্পর্কে একাধিক মত বর্ণিত হয়েছে। কেউ ফরদে কেফায়া বলেছে আবার কেউ ফরদে আইন বলেছেন। আবার বিশেষ ক্ষেত্র ওজরের বিধান নিয়েও তারাঁ আলোচনা করেছেন।

তবে আল্লামা ইবরাহিম হালাবী হানাফী লিখেছেন,

وَالْأَصْلُ أَنَّ الِاسْتِمَاعَ لِلْقُرْآنِ فَرْضُ كِفَايَةٍ؛ لِأَنَّهُ لِإِقَامَةِ حَقِّهِ بِأَنْ يَكُونَ مُلْتَفَتًا إِلَيْهِ غَيْرَ مُضَيَّعٍ، وَذَلِكَ يَحْصُلُ بِإِنْصَاتِ الْبَعْضِ.
📖 رد المحتار على الدر المختار — পৃষ্ঠা ৫৭১

মূলনীতি হলো, কুরআন শ্রবণ করা ফরজে কিফায়া। কেননা এর উদ্দেশ্য কুরআনের হক প্রতিষ্ঠা করা, অর্থাৎ কুরআনের প্রতি মনোযোগ দেওয়া এবং তাকে অবহেলিত না রাখা। আর কিছু লোক মনোযোগ দিয়ে শ্রবণ করলেই এই উদ্দেশ্য অর্জিত হয়।
সূত্র: গুনইয়াতুল মুতামাল্লী ফি শারহি মুনিয়াতিল মুসাল্লী পৃষ্ঠা ৪৯৭;

আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আত-তাহতাবী হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

وَفِي شَرْحِ مُنْيَةِ الْمُصَلِّي وَالدُّرَّةِ الْمَنْفِيَّةِ عَنِ الْقُنْيَةِ: الْأَصْلُ أَنَّ الِاسْتِمَاعَ لِلْقُرْآنِ فَرْضُ كِفَايَةٍ؛ لِأَنَّهُ لِإِقَامَةِ حَقِّهِ بِأَنْ يَكُونَ مُلْتَفَتًا إِلَيْهِ غَيْرَ مُضَيَّعٍ، وَذَلِكَ يَحْصُلُ بِإِنْصَاتِ الْبَعْضِ، كَمَا فِي رَدِّ السَّلَامِ حَيْثُ كَانَ لِرِعَايَةِ حَقِّ الْمُسْلِمِ يَكْفِي فِيهِ الْبَعْضُ عَنِ الْكُلِّ.
📖 رد المحتار على الدر المختار — পৃষ্ঠা ৫৭১

শরহু মুনিয়াতিল মুসাল্লি এবং আদ-দুররাহ গ্রন্থে আল-কুনইয়াহ থেকে বর্ণিত রয়েছে, মূলনীতি হলো কুরআন শ্রবণ করা ফরজে কিফায়া। কেননা এর উদ্দেশ্য কুরআনের হক প্রতিষ্ঠা করা, অর্থাৎ কুরআনের প্রতি মনোযোগ দেওয়া এবং তাকে অবহেলিত না রাখা। আর কিছু লোক মনোযোগ সহকারে শ্রবণ করলেই সেই উদ্দেশ্য অর্জিত হয়। যেমন সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে মুসলমানের হক আদায়ের জন্য কিছু লোকের জবাবই সবার পক্ষ থেকে যথেষ্ট হয়।
সূত্র: হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা ২২৮,

আর যেসব ক্ষেত্রে মাকরুহ হওয়ার কথা বলা হয় সে সব বিষয়ে ইমাম তাহাতাবী লিখেছেন,

وَهَذَا لَا يَظْهَرُ إِلَّا إِذَا لَمْ يَكُنْ هُنَاكَ مُسْتَمِعٌ غَيْرُهُمْ، وَإِلَّا لَا يُكْرَهُ لِمَا قَالُوا: إِنَّ الِاسْتِمَاعَ فَرْضُ كِفَايَةٍ؛ لِأَنَّهُ لِإِقَامَةِ حَقِّهِ مِنَ الِالْتِفَاتِ إِلَيْهِ وَعَدَمِ إِضَاعَتِهِ، وَذَلِكَ يَحْصُلُ بِإِنْصَاتِ الْبَعْضِ، كَمَا فِي رَدِّ السَّلَامِ حَيْثُ كَانَ لِرِعَايَةِ حَقِّ الْمُسْلِمِ كَفَى فِيهِ الْبَعْضُ عَنِ الْكُلِّ.
📖 الاكليل على مدارك التنزيل وحقائق التاويل للإمام النسفي - محمد عبدالحق بن شاه الهندي الحنفي — 03 — পৃষ্ঠা ৫২৩

এই বিধান তখনই প্রযোজ্য বলে প্রতীয়মান হয়, যখন তাদের ছাড়া অন্য কোনো শ্রোতা উপস্থিত থাকে না। অন্যথায় মাকরুহ হবে না। কেননা ফকিহগণ বলেছেন, কুরআন শ্রবণ ফরজে কিফায়া। এর উদ্দেশ্য কুরআনের প্রতি মনোযোগ দেওয়া এবং তা অবহেলিত না রাখা। আর কিছু লোক মনোযোগ সহকারে শ্রবণ করলেই এই উদ্দেশ্য অর্জিত হয়।
সূত্র: হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা ২২৮,

ইমাম ইবনে আবিদীন শামী (রহিমাহুল্লাহ) তাঁর রদ্দুল মুহতার গ্রন্থে শিরোনাম দিয়েছেন,

الِاسْتِمَاعُ لِلْقُرْآنِ فَرْضُ كِفَايَةٍ
📖 روح البيان — পৃষ্ঠা ৯০৩

অর্থাৎ কুরআন শ্রবণ করা ফরজে কিফায়া।
এই শিরোনামের আওতায় তিনিও শরহুল মুনিয়াহ থেকে উদ্ধৃত করেছেন—

وَفِي شَرْحِ الْمُنْيَةِ: وَالْأَصْلُ أَنَّ الِاسْتِمَاعَ لِلْقُرْآنِ فَرْضُ كِفَايَةٍ لِأَنَّهُ لِإِقَامَةِ حَقِّهِ بِأَنْ يَكُونَ مُلْتَفَتًا إِلَيْهِ غَيْرَ مُضَيَّعٍ وَذَلِكَ يَحْصُلُ بِإِنْصَاتِ الْبَعْضِ.
📖 رد المحتار على الدر المختار — পৃষ্ঠা ৫৭১

শরহুল মুনিয়াহ গ্রন্থে রয়েছে, মূলনীতি হলো কুরআন শ্রবণ করা ফরজে কিফায়া। কেননা এর উদ্দেশ্য কুরআনের হক আদায় করা—অর্থাৎ কুরআনের প্রতি মনোযোগ দেওয়া এবং তা অবহেলিত না রাখা। আর কিছু লোক মনোযোগ সহকারে শ্রবণ করলেই এই উদ্দেশ্য অর্জিত হয়।
সূত্র: রদ্দুল মুহতার ১/৫৪৬ পৃষ্ঠা।

একই পৃষ্ঠায় এটাও এসেছে,

وَلِذَا قَالَ فِي الْقُنْيَةِ: صَبِيٌّ يَقْرَأُ فِي الْبَيْتِ وَأَهْلُهُ مَشْغُولُونَ بِالْعَمَلِ يُعْذَرُونَ فِي تَرْكِ الِاسْتِمَاعِ إنْ افْتَتَحُوا الْعَمَلَ قَبْلَ الْقِرَاءَةِ وَإِلَّا فَلَا، وَكَذَا قِرَاءَةُ الْفِقْهِ عِنْدَ قِرَاءَةِ الْقُرْآنِ
📖 روح البيان — পৃষ্ঠা ৯০৩

আর এজন্যই ‘কুনইয়াহ’ গ্রন্থে বলা হয়েছে: কোনো শিশু যদি ঘরে কুরআন তিলাওয়াত করে আর তার পরিবারের লোকেরা কাজে ব্যস্ত থাকে, তবে তারা (তিলাওয়াত) শ্রবণ করা ত্যাগ করার ক্ষেত্রে ওজরপ্রাপ্ত হবে—যদি তারা তিলাওয়াত শুরু হওয়ার আগেই কাজ শুরু করে থাকে; অন্যথায় নয়। আর একইভাবে কুরআন তিলাওয়াতের সময় ফিকহ পাঠ করার ক্ষেত্রেও (একই বিধান প্রযোজ্য)।
সূত্র: রদ্দুল মুহতার ১/৫৪৬ পৃষ্ঠা।

আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ গ্রন্থে রয়েছে—

وَكَذَا قِرَاءَةُ الْفِقْهِ عِنْدَ قِرَاءَةِ الْقُرْآنِ. مُدَرِّسٌ يُدَرِّسُ فِي الْمَسْجِدِ وَفِيهِ مُقْرِئٌ يَقْرَأُ الْقُرْآنَ بِحَيْثُ لَوْ سَكَتَ عَنْ دَرْسِهِ يَسْمَعُ الْقُرْآنَ يُعْذَرُ فِي دَرْسِهِ.
📖 الفتاوى الهندية — পৃষ্ঠা ২৫৬৬

একইভাবে কুরআন তিলাওয়াত চলাকালীন ফিকহ পাঠ করার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। মসজিদে একজন শিক্ষক পাঠদান করছেন। সেখানে একজন কারি কুরআন তিলাওয়াত করছেন। শিক্ষক পাঠদান বন্ধ করলে কুরআন শুনতে পাবেন, কিন্তু পাঠদান চালিয়ে যাওয়ার কারণে তাঁর ওজর গ্রহণযোগ্য হবে।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, খণ্ড ৫, পৃষ্ঠা ৩১৭।

এ ইবারত থেকে বোঝা যায়, শিক্ষার পরিবেশ থেকে অন্যের তিলাওয়াত কানে আসার আলাদা বিশেষ বিধান রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজের পাঠ বন্ধ করে অন্যের তিলাওয়াত শুনতেই হবে বা বহিরাগত কারো কানে তিলাওয়াতের আওয়াজ আসলেই তাদেরকে তা শুনতেই হবে আর না শুনলে গুনাহগার হবে—এমন সাধারণ সিদ্ধান্ত দেয়াটা উচিত হবেনা। যেহেতু এখানে কুরআন শ্রবণ ফরজে কিফায়া হওয়াটা মূলনীতির অন্তর্ভুক্ত।

ইমাম ইবনু আবেদীন (রহিমাহুল্লাহ) লিখেছেন,

(قَوْلُهُ يَجِبُ الِاسْتِمَاعُ لِلْقِرَاءَةِ مُطْلَقًا) أَيْ فِي الصَّلَاةِ وَخَارِجَهَا لِأَنَّ الْآيَةَ وَإِنْ كَانَتْ وَارِدَةً فِي الصَّلَاةِ عَلَى مَا مَرَّ فَالْعِبْرَةُ لِعُمُومِ اللَّفْظِ لَا لِخُصُوصِ السَّبَبِ، ثُمَّ هَذَا حَيْثُ لَا عُذْرَ
📖 رد المحتار على الدر المختار — পৃষ্ঠা ৫৭১

কুরআন তিলাওয়াত সর্বাবস্থায় শ্রবণ করা ওয়াজিব’—এর অর্থ নামাজের ভেতরে ও বাইরে উভয় অবস্থায়। কেননা আয়াতটি নামাজ সম্পর্কে অবতীর্ণ হলেও বিবেচ্য হলো শব্দের ব্যাপকতা, বিশেষ কারণ নয়।
তবে এই বিধান তখন প্রযোজ্য, যখন কোনো ওজর থাকবে না।
সুত্রঃ রুদ্দুল মুহতার ১/৫৪৬ পৃষ্ঠা।

কারণ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسِ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ:
(يَسِّرُوا وَلَا تُعَسِّرُوا وَبَشِّرُوا وَلَا تُنَفِّرُوا)
📖 الكواكب الدراري في شرح صحيح البخاري — পৃষ্ঠা ৬১৩

তোমরা সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে বিতৃষ্ণ বা বিমুখ করো না।
সুত্র: সহিহুল বোখারী,১/৩৮ পৃষ্ঠা, হা/৬৯

উপরোক্ত হানাফি কিতাবসমূহের উদ্ধৃতি থেকে প্রতীয়মান হয় যে, কুরআনুল কারিম শ্রবণ করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ শরয়ি দায়িত্ব। তবে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে হানাফি ফকিহগণ ফরজে কিফায়া ও ফরজে আইন হওয়ার পৃথক মত উল্লেখ করেছেন। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে ওজরের বিধানও বর্ণনা করেছেন।

আল্লামা ইবরাহিম হালাবী, ইমাম তাহতাবী ও ইবনে আবিদীন শামী (রহিমাহুমুল্লাহ)-এর উদ্ধৃত ফরজে কিফায়ার মূলনীতি অনুযায়ী, কিছু ব্যক্তি মনোযোগ সহকারে কুরআন শ্রবণ করলে অন্যদের পক্ষ থেকেও সেই দায়িত্ব আদায় হয়ে যায়।

অতএব, দারুল কিরাতের কোনো শাখায় শিক্ষার্থীদের কুরআন শিক্ষাদানের উদ্দেশ্যে মাইকে তিলাওয়াত করা হলে এবং শিক্ষার্থী ও উপস্থিত শ্রোতারা মনোযোগ দিয়ে তা শ্রবণ করলে, ফরজে কিফায়ার উল্লিখিত মত অনুযায়ী শ্রবণের দায়িত্ব আদায় হওয়ার অবকাশ রয়েছে। সে ক্ষেত্রে কেবল মাইকের আওয়াজ দূরবর্তী মানুষের কানে পৌঁছানোর কারণে তাদের প্রত্যেকের ওপর পৃথকভাবে শ্রবণ করা আবশ্যক—এমন সাধারণ সিদ্ধান্ত দেওয়া যথাযথ নয়।

অধিকন্তু হানাফি ফকিহগণ প্রয়োজনীয় কাজে ব্যস্ত ব্যক্তির ক্ষেত্রে ওজরের বিধান উল্লেখ করেছেন। সুতরাং পথচারী বা কর্মব্যস্ত মানুষের কানে তিলাওয়াতের আওয়াজ পৌঁছালেই তারা মনোযোগ দিয়ে শুনতে না পারার কারণে গুনাহগার হবেন—এমন নির্বিচার ফতোয়া দেওয়াও সমীচীন নয়।

অতএব, শুধু মাইকে কুরআন তিলাওয়াতের আওয়াজ দূরে পৌঁছায় এবং সবাই তা শুনতে পারে না—এই যুক্তিতে দারুল কিরাতের শিক্ষামূলক মাইক ব্যবহারকে ঢালাওভাবে নাজায়েজ বলা যাবেনা। বরং মাইক ব্যবহারের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা এসব বিবেচনায় শরয়ি বিধান নির্ধারণ করতে হবে।

وَاللّٰهُ)(تَعَالَى) وَرَسُولُهُ (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) أَعْلَمُ بِالصَّوَابِ
📖 روح المعاني في تفسير القرآن العظيم والسبع المثاني — পৃষ্ঠা ১৫৬১

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad · ২০-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬