উন্মুক্ত ইসলামি গ্রন্থাগার 📲 অ্যাপ ইনস্টল করুন 👤 লগইন / নিবন্ধন
কামেলাইসলামি ডিজিটাল লাইব্রেরি

ফতোয়া নং ৪৫

আসসালামুয়ালাইকুম হুজুর, জামায়াতে নামাজে বা একাকী নামাযে দোয়া দুরূদ তাসবিহ কতটুকু আওয়াজে পড়তে হব…

📅 তারিখ: ১৭-১১-২০২৬ 🏷 আকিদা ও ঈমান ⚖ মাযহাব: হানাফি ✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad 👁 পড়া হয়েছে ২১ বার

প্রশ্ন

👤 প্রশ্নকারী: Mohammad Antor Bhuiyan — ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ

আসসালামুয়ালাইকুম হুজুর,
জামায়াতে নামাজে বা একাকী নামাযে দোয়া দুরূদ তাসবিহ কতটুকু আওয়াজে পড়তে হবে নাকি মুখ নাড়ালেই চলবে?

💬 মন্তব্য ০

উত্তর

জাওয়াব:- গ্রহণকৃত ও অধিক সতর্কতাপূর্ণ মত হলো, নামাজে যেসব দোয়া, দরুদ, তাসবিহ ও যেসব কিরাআত একাকী পাঠ করতে হয়, সেগুলো জিহ্বা ও ঠোঁট নেড়ে সর্বোচ্চ এতটুকু চুপিসারে উচ্চারণ করবে, যেন শুধু নিজের কানে শোনা যায়।

হাদিস শরীফে এসেছে,

حدّثنا الحسنُ بنُ علي، حدَّثنا عبدُ الرزاق، أخبرنا معمر، عن إسماعيل بن أميةَ، عن أبي سلمة عن أبي سعيد، قال: اعتكف رسول الله - صلَّى الله عليه وسلم - في المسجد، فسمعهم يجهرونَ بالقراءة، فكَشَفَ السترَ فقال:"ألا إنَ كُلَّكم مُناجِ ربَّه، فلا يُؤذِيَنَّ بعضُكم بعضاً، ولا يَرْفَعْ بعضُكم على بعضٍ في القراءة" أو قال: "في الصلاة
📖 نيل الأماني من فتاوى القاضي محمد بن اسماعيل العمراني — পৃষ্ঠা ১৫১

হযরত আবু সাঈদ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ মসজিদে ইতিকাফরত ছিলেন। তখন তিনি লোকদের উচ্চস্বরে কিরাআত করতে শুনলেন। অতঃপর তিনি পর্দা সরিয়ে বললেন, “সাবধান! নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেই নিজ প্রতিপালকের সঙ্গে মুনাজাত করছে। সুতরাং তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয় এবং কিরাআতের সময় তোমাদের কেউ যেন অন্যের ওপর নিজের আওয়াজ উঁচু না করে।” অথবা তিনি বলেছেন, “নামাজের মধ্যে।”
সুত্রঃ সুনানু আবি দাউদ, ২/৪৯৪ পৃষ্ঠা; হা/১৩৩২;

সুনানুত তিরমিজিতে এসেছে,

حدَّثنا أبو سعيدٍ الأشَجُّ، قال: حدَّثنا يونسُ بنُ بُكَيْرٍ، عن محمد بنِ إسحاقَ، عن عبد الرحمنِ بن الأسْوَدِ، عن أبيه
عن ابن مسعود قال: من السُّنَّةِ أن يُخْفِيَ التَّشَهُّدَ
📖 سنن الترمذي - ت شاكر — পৃষ্ঠা ৪১৮

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন, তাশাহহুদ চুপিসারে পাঠ করা সুন্নত।
সুত্রঃ সুনানুত তিরমিজি, ১/৩৪৫, হা/২৯১;

হাদিসটি বর্ণনার পর ইমাম তিরমিযী বলেছেন:

حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ.
📖 صحيح وضعيف سنن الترمذي — পৃষ্ঠা ৫৯

ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)-এর হাদিসটি হাসান গরিব এবং আলেমগণের আমল এর ওপরই রয়েছে।

ইমাম আবুল হাসান সিন্ধী (রহিমাহুল্লাহ) বলেন

قَوْلُهُ: «مِنَ السُّنَّةِ»: هَذَا اللَّفْظُ مِنَ الصَّحَابِيِّ مُنْصَرِفٌ إِلَى سُنَّةِ النَّبِيِّ ﷺ وَلِهَذَا يَعُدُّونَ مِثْلَ هَذَا الْحَدِيثِ مَرْفُوعًا.
📖 حاشية السندي على سنن الترمذي — পৃষ্ঠা ২৬২

তাঁর (ইবনু মাসউদের) বক্তব্য, ‘সুন্নতের অন্তর্ভুক্ত’—সাহাবির মুখ থেকে উচ্চারিত এই শব্দটি নবী করিম ﷺ-এর সুন্নতের অর্থে ব্যবহৃত হয়। আর এ কারণেই মুহাদ্দিসগণ এ ধরনের হাদিসকে মারফু হাদিস হিসেবে গণ্য করেন।
সুত্রঃ আবুল হাসান সিন্ধী, হাশিয়াতুত সিন্ধি আলা সুনানিত তিরমিজি, ১/২৯৬ পৃষ্ঠা, হা/২৯১;

শামসুল আয়িম্মা ইমাম সারাখসী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

قَالَ: (وَيُخْفِي الْإِمَامُ التَّعَوُّذَ وَالتَّسْمِيَةَ وَالتَّشَهُّدَ وَآمِينَ وَرَبَّنَا لَكَ الْحَمْدُ) أَمَّا التَّعَوُّذُ وَالتَّسْمِيَةُ فَقَدْ بَيَّنَّا وَالتَّشَهُّدُ كَذَلِكَ، فَإِنَّهُ لَمْ يُنْقَلْ الْجَهْرُ بِالتَّشَهُّدِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ تَوَارَثُوا الْإِخْفَاءَ بِالتَّشَهُّدِ مِنْ لَدُنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى يَوْمِنَا هَذَا، وَالتَّوَارُثُ كَالتَّوَاتُرِ.
📖 المبسوط — পৃষ্ঠা ২৩

তিনি বলেছেন, ইমাম আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তাশাহহুদ, আমিন ও রব্বানা লাকাল হামদ চুপিসারে পাঠ করবেন।
আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। তাশাহহুদের বিধানও অনুরূপ। কেননা রাসুলুল্লাহ ﷺ থেকে তাশাহহুদ উচ্চস্বরে পাঠ করার বর্ণনা পাওয়া যায়নি।
বরং রাসুলুল্লাহ ﷺ-এর যুগ থেকে আমাদের এই যুগ পর্যন্ত মানুষ তাশাহহুদ চুপিসারে পাঠ করার পদ্ধতি ধারাবাহিকভাবে অনুসরণ করে আসছে। আর এ ধরনের ধারাবাহিকভাবে চলে আসা আমল তাওয়াতুরের ন্যায়।

সূত্র: ইমাম সারাখসী, الْمَبْسُوطُ, ১/৩২।

ফাতাওয়া আলমগীরীতে এসেছে,

أَدْنَى الْجَهْرِ أَنْ يُسْمِعَ غَيْرَهُ، وَأَدْنَى الْمُخَافَتَةِ أَنْ يُسْمِعَ نَفْسَهُ، وَعَلَيْهِ يُعْتَمَدُ، كَذَا فِي الْمُحِيطِ، وَهُوَ الصَّحِيحُ، كَذَا فِي الْوِقَايَةِ، وَبِهِ أَخَذَ عَامَّةُ الْمَشَايِخِ.

উচ্চস্বরে পাঠের সর্বনিম্ন সীমা হলো অন্য ব্যক্তিকে শোনানো। আর চুপিসারে পাঠের সর্বনিম্ন সীমা হলো নিজের কানে শোনানো।
এই মতের ওপরই নির্ভর করা হয়। আল-মুহীত গ্রন্থেও এমন রয়েছে। আল-বিকায়া গ্রন্থে এটিকেই সহিহ বলা হয়েছে এবং অধিকাংশ মাশায়েখ এ মত গ্রহণ করেছেন।

সূত্র: الْفَتَاوَى الْهِنْدِيَّةُ, ১/১২৮, كِتَابُ الصَّلَاةِ।

ইমাম মোল্লা আলী কারী হানাফী লিখেছেন,

(وأدْنَى الجَهْرِ) عند أبي جعفر الهِنْدُوَاني وأبي بكر محمد بن الفضل (١) (إسْمَاعُ غَيْرِهِ) أي إسماعه مُغَايِراً واحداً وهو الذي يكون بقربه فَرْضاً، لِيَصِحَّ قوله: أدنى، فأقصى الجهر ما يتجاوزه. (وأدْنَى المُخَافَتَةِ إسْمَاعُ نَفْسِهِ) أي فقط عندهما أيضاً. وعلى هذا يكون أقْصَى المُخَافَتَة إسماع غيره. فرجع حاصله إلى أَدْنَى الجهر.
📖 فتح باب العناية بشرح النقاية — পৃষ্ঠা ২৬৭

ইমাম আবু জাফর হিন্দুওয়ানী এবং ইমাম আবু বকর মুহাম্মদ ইবনুল ফযল (রহিমাহুল্লাহ)-এর মতে, উচ্চস্বরে কিরাআতের সর্বনিম্ন সীমা হলো অন্য ব্যক্তিকে শোনানো। অর্থাৎ নিজের বাইরে অন্তত একজন ব্যক্তিকে শোনানো, যাকে এখানে নিকটবর্তী ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। এই ব্যাখ্যার মাধ্যমে ‘সর্বনিম্ন’ কথাটি যথার্থ হয়। সুতরাং উচ্চস্বরে পাঠের সর্বোচ্চ সীমা হলো যা এই সীমাকে অতিক্রম করে।
আর চুপিসারে পাঠের সর্বনিম্ন সীমা হলো নিজের কানে শোনানো। অর্থাৎ তাঁদের উভয়ের মতেও কেবল নিজেকে শোনানো।

সুত্রঃ মোল্লা আলী কারী, فتح باب العناية بشرح «النُّقاية» ১/২৭২ পৃষ্ঠা;

অর্থাৎ, ইমাম হিন্দুওয়ানী ও ইমাম মুহাম্মদ ইবনুল ফযল (রহিমাহুল্লাহ)-এর মতে, চুপিসারে পাঠের জন্য নিজের কানে শোনার উপযোগী আওয়াজ যথেষ্ট;

ইমাম যয়নুদ্দীন ইবনে নুজাইম আল-হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

وَأَمَّا مَا سِوَى ذَلِكَ فَلَا يَجْهَرُ بِهِ مِثْلَ التَّشَهُّدِ وَآمِينَ وَالتَّسْبِيحَاتِ؛ لِأَنَّهَا أَذْكَارٌ لَا يُقْصَدُ بِهَا الْعَلَامَةُ كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ وَلَمْ يُبَيِّنْ الْمُصَنِّفُ حَدَّ الْجَهْرِ وَالْأَخِفَّاءِ لِلِاخْتِلَافِ مَعَ اخْتِلَافِ التَّصْحِيحِ فَذَهَبَ الْكَرْخِيُّ إلَى أَنَّ أَدْنَى الْجَهْرِ أَنْ يُسْمِعَ نَفْسَهُ وَأَدْنَى الْمُخَافَتَةِ تَصْحِيحُ الْحُرُوفِ، وَفِي الْبَدَائِعِ: مَا قَالَهُ الْكَرْخِيُّ أَقْيَسُ وَأَصَحُّ، وَفِي كِتَابِ الصَّلَاةِ لِمُحَمَّدٍ إشَارَةٌ إلَيْهِ فَإِنَّهُ قَالَ: إنْ شَاءَ قَرَأَ فِي نَفْسِهِ، وَإِنْ شَاءَ جَهَرَ وَأَسْمَعَ نَفْسَهُ اهـ.
وَأَكْثَرُ الْمَشَايِخِ عَلَى أَنَّ الصَّحِيحَ أَنَّ الْجَهْرَ أَنْ يُسْمِعَ غَيْرَهُ وَالْمُخَافَتَةَ أَنْ يُسْمِعَ نَفْسَهُ، وَهُوَ قَوْلُ الْهِنْدُوَانِيُّ، وَكَذَا كُلُّ مَا يَتَعَلَّقُ بِالنُّطْقِ كَالتَّسْمِيَةِ عَلَى الذَّبِيحَةِ وَوُجُوبِ السَّجْدَةِ بِالتِّلَاوَةِ وَالْعَتَاقِ وَالطَّلَاقِ وَالِاسْتِثْنَاءِ حَتَّى لَوْ طَلَّقَ وَلَمْ يُسْمِعْ نَفْسَهُ لَا يَقَعُ، وَإِنْ صَحَّحَ الْحُرُوفَ،
📖 البحر الرائق شرح كنز الدقائق — পৃষ্ঠা ৩২০

আর এগুলো ছাড়া অন্যান্য বিষয় উচ্চস্বরে পাঠ করবে না। যেমন তাশাহহুদ, আমিন ও তাসবিহসমূহ। কেননা এগুলো এমন জিকির, যেগুলোর মাধ্যমে কোনো সংকেত প্রদান করা উদ্দেশ্য নয়। আস-সিরাজুল ওয়াহহাজ গ্রন্থেও এভাবেই রয়েছে।

গ্রন্থকার উচ্চস্বরে পাঠ (জাহর) ও চুপিসারে পাঠ (ইখফা)-এর সীমা নির্ধারণ করেননি। কারণ এ বিষয়ে ফকিহগণের মধ্যে মতভেদ রয়েছে এবং কোন মতটি সহিহ, সে সম্পর্কেও মতভেদ রয়েছে।

ইমাম কারখী (রহিমাহুল্লাহ)-এর মত হলো, উচ্চস্বরে পাঠের সর্বনিম্ন সীমা হচ্ছে নিজের কানে শোনানো। আর চুপিসারে পাঠের সর্বনিম্ন সীমা হচ্ছে হরফসমূহ সঠিকভাবে উচ্চারণ করা।

আল-বাদায়ি গ্রন্থে রয়েছে: ইমাম কারখী (রহিমাহুল্লাহ) যা বলেছেন, তা কিয়াসের অধিক অনুকূল এবং অধিক সহিহ।

ইমাম মুহাম্মদ (রহিমাহুল্লাহ)-এর কিতাবুস সালাত-এ এ মতের প্রতি ইঙ্গিত রয়েছে। কেননা তিনি বলেছেন, ব্যক্তি চাইলে নিজের মধ্যে অত্যন্ত চুপিসারে পড়বে; আর চাইলে কিছুটা আওয়াজ করে পড়বে, যাতে সে নিজে শুনতে পায়।

অপরদিকে অধিকাংশ মাশায়েখের মতে, সহিহ মত হলো, উচ্চস্বরে পাঠের অর্থ অন্যকে শোনানো এবং চুপিসারে পাঠের অর্থ নিজের কানে শোনানো। এটি ইমাম হিন্দুয়ানী (রহিমাহুল্লাহ)-এর মত।

অনুরূপভাবে, মুখে উচ্চারণের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য। যেমন পশু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা, তিলাওয়াতের কারণে সিজদা ওয়াজিব হওয়া, দাসমুক্তি, তালাক এবং ইস্তিসনা তথা কোনো বক্তব্যে ব্যতিক্রমসূচক শর্ত যুক্ত করা।

এমনকি কোনো ব্যক্তি যদি তালাকের শব্দ উচ্চারণ করে, কিন্তু নিজের কানে শুনতে না পায়, তাহলে তালাক কার্যকর হবে না, যদিও সে হরফসমূহ সঠিকভাবে উচ্চারণ করে থাকে।

সুত্রঃ ইমাম যয়নুদ্দীন ইবনে নুজাইম আল-হানাফী, বাহরুর রায়েক ১/৩৫৬ পৃষ্ঠা;

এখানে ইমাম কারখীর দুটি অবস্থার কথা বলা হয়েছে
প্রথম অবস্থা — «قَرَأَ فِي نَفْسِهِ»
মুখ ও জিহ্বা দিয়ে হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করবে, কিন্তু নিজের কানে আওয়াজ শোনা আবশ্যক নয়—ইমাম কারখীর মত অনুসারে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে।
দ্বিতীয় অবস্থা — «جَهَرَ وَأَسْمَعَ نَفْسَهُ»
এমনভাবে আওয়াজ করে পড়বে, যাতে নিজের কানে শোনা যায়।
ইমাম ইবনে নুজাইমের বক্তব্য অনুযায়ী, ইমাম মুহাম্মদের উক্তিটি ইমাম কারখীর মতের পক্ষে ইঙ্গিত বহন করে। কারণ ইমাম কারখীর মতে নিজের কানে আওয়াজ শোনা না গেলেও হরফগুলো যথাযথ উচ্চারণ করলে চুপিসারে কিরাআত সংঘটিত হয়।
তবে «قَرَأَ فِي نَفْسِهِ» মানে শুধু মনে মনে চিন্তা করা নয়। এখানে মুখে পাঠ করার কথা বলা হচ্ছে।

ফাতাওয়া আলমগীরীতে এসেছে,

وَأَمَّا الْمُنْفَرِدُ وَالْمُقْتَدِي فَلَا يَجْهَرَانِ بِهِ، وَأَمَّا مَا سِوَى ذَلِكَ فَلَا يَجْهَرُ بِهِ مِثْلَ التَّشَهُّدِ وَآمِينَ وَالتَّسْبِيحَاتِ، كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ.
📖 الفتاوى الهندية — পৃষ্ঠা ৭৮

আর একাকী নামাজ আদায়কারী ও মুক্তাদি—তারা উভয়ে তা উচ্চস্বরে পাঠ করবে না। আর এগুলো ছাড়া অন্যান্য বিষয়ও উচ্চস্বরে পাঠ করবে না। যেমন তাশাহহুদ, আমিন ও তাসবিহসমূহ। আল-বাহরুর রায়িক গ্রন্থেও এভাবেই রয়েছে।
সুত্রঃ ফাতাওয়া আলমগীরী,১/৭২ পৃষ্ঠা;

ইমাম শুরুনবুলালী হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

وَأَمَّنَ الْإِمَامُ وَالْمَأْمُومُ سِرًّا، وَحَقِيقَتُهُ إِسْمَاعُ النَّفْسِ كَمَا تَقَدَّمَ.
📖 مراقي الفلاح شرح متن نور الإيضاح — পৃষ্ঠা ৬১

এবং ইমাম ও মুক্তাদি চুপিসারে আমিন বলবে। আর চুপিসারে বলার প্রকৃত অর্থ হলো নিজের কানে শোনানো, যেমনটি পূর্বে আলোচনা করা হয়েছে।
সুত্রঃ শুরুনবুলালী হানাফী, মারাকিল ফালাহ, ১০৬ পৃষ্ঠা;

একই কিতাবের ১০১ পৃষ্ঠায় এসেছে,

وَيُسَنُّ الْإِسْرَارُ بِقِرَاءَةِ التَّشَهُّدِ
📖 مراقي الفلاح شرح متن نور الإيضاح — পৃষ্ঠা ৫৭

আর তাশাহহুদ চুপিসারে পাঠ করা সুন্নত।

একটুপর ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ) এর একটি মত উল্লেখ করা হয়েছে,

وروي عنه التخيير بين قراءة الفاتحة والتسبيح والسكوت
📖 مراقي الفلاح شرح متن نور الإيضاح — পৃষ্ঠা ৫৭

তাঁর থেকে আরেকটি বর্ণনায় রয়েছে, সুরা ফাতিহা পাঠ, তাসবিহ পাঠ এবং চুপ থাকার মধ্যে মুসল্লির ইচ্ছাধিকার রয়েছে।

ইমাম আহমদ রেজা খান হানাফী (রহিমাহুল্লাহ) লিখেছেন,

مقتدی کو سب کچھ آہستہ ہی پڑھنا چاہئے، آمین ہو خواہ تکبیر، خواہ تسبیح ہو خواہ التحیات و درود، خواہ سبحنک اللّٰھم وغیرہ۔

মুক্তাদির সবকিছুই চুপিসারে পাঠ করা উচিত। তা আমিন হোক, তাকবির হোক, তাসবিহ হোক, আত্তাহিয়্যাতু ও দরুদ হোক অথবা সুবহানাকাল্লাহুম্মা ইত্যাদি হোক।
সুত্র:- আহমদ রেজা খান,ফাতাওয়া রেজবিয়া,৬/৩৩২ পৃষ্ঠা;

এমনকি হাম্বলী আলেম মানসুর আল বহুতী লিখেছেন,

وَيُكْرَهُ جَهْرُ مَأْمُومٍ فِي الصَّلَاةِ بِشَيْءٍ مِنْ أَقْوَالِهَا؛ لِأَنَّهُ يَخْلِطُ عَلَى غَيْرِهِ.
📖 كشاف القناع عن متن الإقناع — পৃষ্ঠা ২২০

মুক্তাদির জন্য নামাজের কোনো পাঠ উচ্চস্বরে পড়া মাকরুহ। কেননা এর ফলে অন্য মুসল্লিদের পাঠ ও নামাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।

সুত্র:- মানসুর আল বহুতী, كَشَّافُ الْقِنَاعِ عَنْ مَتْنِ الْإِقْنَاعِ

২/২২৮ পৃষ্ঠা;

কথিত নামদারী আহলুল হাদিসদের মান্যবর ব্যাক্তি ইবনু উসাইমিন উল্লেখ করেছেন,

أما المأموم فحقه الإسرار في التكبير والاستفتاح والدعاء في السجود والتسبيح وغير ذلك حقه الإسرار وليس له أن يرفع صوته لأن رفع صوته إخلال بالمتابعة ولأن رفع صوته يوجب التشويش على من حوله
📖 فتاوى نور على الدرب — পৃষ্ঠা ১০৯৫

আর মুক্তাদির জন্য বিধান হলো তাকবির, দোয়ায়ে ইস্তিফতাহ (সানা), সিজদার দোয়া, তাসবিহ এবং এ ধরনের অন্যান্য বিষয় চুপিসারে পাঠ করা। তার জন্য চুপিসারে পাঠ করাই বিধেয়। তার পক্ষে আওয়াজ উঁচু করা উচিত নয়। কেননা আওয়াজ উঁচু করলে ইমামের অনুসরণের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তাছাড়া আওয়াজ উঁচু করার ফলে তার আশপাশের মুসল্লিদের নামাজে বিঘ্ন সৃষ্টি হয়।
সুত্রঃ ইবনু উসাইমিন, ফাতাওয়া নুরুন আলাদ দারব, ৮/২ পৃষ্ঠা;

সারকথা: অতএব শুধু নিজের কানে শোনার উপযোগী চুপিসারে পাঠ করাই উচিত। কারণ উচ্চস্বরে পাঠের সর্বনিম্ন সীমা হলো অন্তত একজন ব্যক্তিকে শোনানো। আর চুপিসারে পাঠের সর্বনিম্ন সীমা হলো শুধু নিজেকে শোনানো। তাই সর্বোচ্চ নিজের কানে শোনা যায় এতটুকু উচ্চারণে হলে সতর্কতার আওতায় থাকা হয়।

وَاللّٰهُ تَعَالَى وَرَسُولُهُ أَعْلَمُ بِالصَّوَابِ.
📖 Fatawa Shariyya Complete فتاوی شرعیہ مکمل 3 جلدیں — Fatawa Shariyya Jild 3 — পৃষ্ঠা ৪৯১

🤲 আমাদের জানামতে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি কিতাবের আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবুও এতে কোনো ভুল-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দলিলসহ আমাদের জানানোর বিনীত অনুরোধ রইল — আমরা সংশোধন করে নিতে সদা প্রস্তুত। জানান →

✍ ফতোয়াদাতা: মুফতি Hasnain Ahmad · ১৭-১১-২০২৬ · মাযহাব: হানাফি

💬 মন্তব্য ০

আরও প্রশ্ন ও উত্তর

❓ এই ফতোয়া নিয়ে আরও প্রশ্ন করুন

উত্তর পড়ার পরও কিছু অস্পষ্ট থাকলে বা পরের প্রশ্ন থাকলে লিখুন। মুফতি উত্তর দিলে প্রশ্ন ও উত্তর দুটোই এখানে প্রকাশিত হবে।

✍ আপনিও ফতোয়া জিজ্ঞেস করুন

মন্তব্য (০)

💬