এখানে ফিক্হ চর্চার ফলাফল এ দাঁড়ায় যে, "ফুকাহায়ে সাব'আ" তথা মদীনার সাত প্রসিদ্ধ ফকীহ্ ইসলামের সোনালী অধ্যায়ে গে.রবময় স্থান দখল করে নেন এবং কোনো কোনো তাবে'ঈর ইল্মের প্রশস্ততা এত ব্যাপক বৃদ্ধি পায় যে, কখনো সাহাবীগণও এরূপ জ্ঞানী তাবে'ঈদের নিকট কোনো কোনো বিষয় জিজ্ঞাসা করতেন। যেমন হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর রা. জলীলুল কদর সাহাবী হওয়ার পরও দেখা যায় হযরত সা'ঈদ ইবনে মুসাইয়াব র.কে তাঁর পিতার বিচার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। মালেকী মাযহাব : পরবর্তীতে ইমামু দারিল হিজরাত ইমাম মালেক র. মদীনাতে অবস্থানরত তাঁর উস্তাদগণ থেকে এ ইল্ম সংকলন করেন ও সাধারণের মধ্যে প্রচার প্রসার করেন। ইমাম মালেক র. এর শক্তিশালী ইজতিহাদের প্রতি সম্মান দেখিয়ে অনেক বড় বড় মুজতাহিদ তাঁর আনুগত্য করেন এবং তাঁর প্রদত্ত বিভিন্ন ফিক্হী সমাধানকে তথা ফিক্হের এ মাযহাবকে তাঁরা ইমাম মালেক র. এর প্রতি সম্পৃক্ত করেন। অতঃপর এ সকল মুজতাহিদ যুগের পর যুগ নিরবচ্ছিন্নভাবে ইমাম মালেক র. এর এ মাযহাবকে বিকশিত করে তোলেন।
যোগ্য ইমামগণও মাযহাবের অনুসারী : ইমাম মালেক র. এর মাযহাবের অনুসারী এ সকল মুজতাহিদের কেউ যদি কোনো একটি ফিক্হী মাসলাক তথা মাযহাব প্রতিষ্ঠা করতে ইচ্ছা করতেন, তাহলে তিনি তা পারতেন এবং এ সকল মুজতাহিদের ইল্মের গভীরতা, ব্যাপকতা ও প্রশস্ততা এত ব্যাপক ছিলো যে, তাঁরা এরূপ মাযহাব প্রতিষ্ঠার ইচ্ছা করলে অনেক আহ্লে ইল্মকে তাঁদের অনুসারী পেতেন। কিন্তু তাঁরা তা না করে মদীনার এ মুজতাহিদের (ইমাম মালেক র.) মাযহাবের প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করাকেই প্রাধান্য দেন। এ আশায় যে, সকলের গবেষণা একই স্রোত ধারাতে প্রবাহিত হোক। তাঁরা জানতেন সাহেবে মাযহাব (ইমাম মালেক র.) থেকে কিছু মাসআলা বর্ণিত হয়েছে, যা দলীলের বিচারে দুর্বল। তবে মাযহাবের মুজতাহিদ পর্যায়ের ফকীহ্দের বিস্তর গবেষণায় এ সকল মাসআলা মাযহাবে দুর্বল হিসেবে অনুসৃত না হয়ে দলীলের বিবেচনায় শক্তিশালীর মতই অনুসৃত হবে। আর এভাবেই মাযহাবের মুজতাহিদগণের প্রতিবিধান দ্বারা মাযহাবের দুর্বল বিষয়গুলো বিলুপ্তি হয়ে মাযহাব এতই শক্তিশালী হয়ে গেছে যে, পরবর্তী যামানার কেউ এতে মাথা দ্বারা আঘাত করলে, তার মাথাই ছিন্নভিন্ন হয়ে যাবে।