ছাব্বিশ
একদিন এক জনসমাবেশে বক্তৃতা করছিলেন হজরত মুসা। বক্তৃতা শেষে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করলেন, 'আপনার চেয়ে বড় আলেম কি বর্তমানে আর কেউ আছে?' হজরত মুসা জবাব দিলেন, 'আমার চেয়ে বড় কোনো আলেম তো আমার দৃষ্টিগোচর হয় না।' আলাহ্তায়ালা হজরত মুসার এই রকম জবাব পছন্দ করলেন না। হজরত মুসার জবাব সঠিক হলেও এরকম প্রশ্নের জবাবে 'আলাহ্তায়ালাই এ বিষয়ে অধিক জ্ঞাত' এরকম জবাব দেওয়াই আলাহ্পাকের অভিপ্রেত ছিলো। তাই তিনি অহির মাধ্যমে হজরত মুসাকে জানালেন, 'আমার এক বিশিষ্ট বান্দা আছেন এ জামানায়। তিনি তোমার চেয়ে বেশী জ্ঞানের অধিকারী।' হজরত মুসা বললেন, 'ইয়া আলাহ্ পরওয়ারদিগার আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কীভাবে তার সাক্ষাৎ লাভ করতে পারবো আমি?' আলাহ্তায়ালা বললেন, 'একটি ভাজা মাছ থলিতে নিয়ে রওয়ানা হয়ে যাও। চলতে চলতে এক জায়গায় গিয়ে তোমার ভাজা মাছটি হারিয়ে যাবে। ঐ স্থানের আশে পাশেই আমার সেই বিশিষ্ট বান্দার সাক্ষাৎ পাবে। সে স্থানটি দুই সাগরের মিলনস্থল।' হজরত মুসা একদিন একটি ভাজা মাছ থলিতে নিয়ে আলাহ্তায়ালার সেই বিশিষ্ট বান্দার খোঁজে বেরিয়ে পড়লেন। সঙ্গে ছিলেন তাঁর খলিফা হজরত ইউশা। হজরত ইউশার হাতে দিলেন ভাজা মাছের থলিটি। হজরত মুসা এবং হজরত ইউশা পথ চলতে থাকেন। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তাঁরা। বিশ্রামের জন্য বসলেন এক স্থানে। সেখানে একটি পাথরের টুকরা ছিলো। ঐ পাথরটিতে মাথা রেখে শুয়ে পড়লেন তাঁরা। একটু পরে নিদ্রাভিভূত হয়ে গেলেন দুজনেই। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেলো হজরত ইউশার। হজরত মুসা তখনও ঘুমিয়ে ছিলেন। হজরত ইউশা হঠাৎ দেখলেন থলের ভিতরের ভাজা মাছটি জীবন্ত হয়ে গিয়েছে। একটু পরেই মাছটি থলে থেকে বের হয়ে সমুদ্রের পানিতে ঝাঁপ দিলো।