মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

ময়দানে সমবেত হলো সবাই। শুরু হলো তওবার মর্মবিদারক অধ্যায়। ধারালো তলোয়ার নিয়ে একে অপরকে হত্যা করতে লাগলো তারা। ঠিক তখনই গাঢ় কালো অন্ধকার এসে ঢেকে ফেললো সবাইকে। কেউ কাউকে দেখতে পাচ্ছিলো না তখন। ঘোর অন্ধকারে তারা সবাই একে অপরের উপর তলোয়ার চালাতে লাগলো। অন্ধকারে অজান্তে তাদের নিজেদের হাতেই নিহত হতে লাগলো তাদেরই পিতা ভ্রাতা ও অন্যান্য আপনজন। শিশু আর নারীদের কান্না আর বিলাপের ধ্বনিতে ভরে গেলো আকাশ, বাতাস, সারা দুনিয়া। তারা হজরত মুসার নিকট এসে বার বার ক্ষমা প্রার্থনার আবেদন জানাতে লাগলো। হজরত মুসা ও হজরত হারূন হাত তুলে আলাহ্‌তায়ালার দরবারে নিবেদন করতে লাগলেন, 'হে আমাদের প্রভু পরোয়ারদিগার। বনি ইসরাইলেরা কী নিশ্চিহ্ন হয়ে যাবে? হে মেহেরবান প্রভু। অবশিষ্ট লোকদেরকে তুমি বাঁচাও।' আলাহ্‌তায়ালা নবী ভ্রাতৃদ্বয়ের নিবেদন কবুল করলেন। বনি ইসরাইলদের মধ্যে যারা তখনো বেঁচে ছিলো আর হত্যাকার্য চালিয়ে যাচ্ছিলো তাদের হাত নিস্তেজ হয়ে এলো। হজরত মুসা অস্ত্র পরিত্যাগের নির্দেশ জারী করলেন। সবাই অস্ত্র পরিত্যাগ করলো। তারপর সবিস্ময়ে দেখলো প্রায় সত্তর হাজার বনি ইসরাইলের মৃতদেহ ভরে আছে বিশাল ময়দান। নিজেদের হাতেই তারা হত্যা করেছে তাদের আপনজনদেরকে। মর্মাহত হয়ে পড়লেন হজরত মুসা এবং হজরত হারূন। আলাহ্‌তায়ালা অহির মাধ্যমে সান্ত্বনা জ্ঞাপন করলেন তাঁদেরকে, 'হে মুসা। চিন্তিত হয়ো না। এদের মধ্যে যারা নিহত হয়েছে তারা আমার সমীপে জীবিত আছে। তারা এখানে রিজিক লাভ করছে। আর যারা পৃথিবীতে জীবিত আছে এখনো, তাদের তওবা কবুল করা হয়েছে আমার দরবারে।'

একুশ

কাল বয়ে চলে। তীহ্‌ প্রান্তরের দিন যাপনে আবার ফিরে আসে স্বাভাবিকতা। নীরব নিরপেক্ষ কাল ধীরে ধীরে মুছে দেয় শোক বিচ্ছেদের অসহনীয়তাকে। প্রশান্ত ক্ষমার জমিনে স্থিত হয় বনি ইসরাইলেরা।

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।