বিশ
অন্তর শান্ত হয় না কিছুতেই। এ কি রকম সম্প্রদায় বনি ইসরাইল। আলাহ্তায়ালার অফুরন্ত রহমতে নিমজ্জিত হয়েও তারা কী করে এরকম অকৃতজ্ঞ হতে পারলো। এই বিশাল মরুপ্রান্তরে বিনা শ্রমে আলাহ্তায়ালা তাদের অন্ন বস্ত্র সহ সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত নবী রসূলদের ঘনিষ্ঠ সাহচর্য নসিব করেছেন। তা সত্ত্বেও তাদের হুঁশ নেই। মূর্তিপূজক কিব্তীদের গোলামী করতে করতে ঘুণ ধরে গিয়েছে তাদের অন্তরাত্মায়। আলাহ্পাকের খাস দয়া রহমতের তাই কদর করতে পারছে না। মূর্তিপূজার মতো ভয়াবহ শিরিকের মধ্যে তাই নিপতিত হয়েছে সহজেই। না জানি কী শাস্তি এর জন্য নির্ধারণ করে রেখেছেন আলাহ্পাক। হজরত মুসা আলাহ্তায়ালার দরবারে নিবেদন জানালেন, 'হে আমার দয়াল পরোয়ারদিগার প্রভু। এদের এই অপরাধের জন্য কী শাস্তি নির্ধারিত আছে আপনার দরবারে?' আলাহ্তায়ালা জানালেন, 'তারা যদি একে অপরকে হত্যা করে তবে তাদেরকে ক্ষমা করা হবে। এছাড়া অন্য কোনো উপায়ে তওবা করলে কবুল করা হবে না।' বনি ইসরাইলের লোকেরাও অনুতপ্ত হয়েছিলো খুব। তারাও চাইছিলো আলাহ্পাকের তরফ থেকে তাদের গোনাহ্ মাফের একটা কিছু ব্যবস্থা যেনো হয়ে যায়। তারা সবাই হজরত মুসার কাছে নিবেদন জানালো, 'হে মুসা। তওবার কি কোনো পথ নেই।' হজরত মুসা জানালেন, 'হঁ্যা আছে। তোমরা একে অপরকে হত্যা করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর। এ কাজ করলে আলাহ্তায়ালা তোমাদের প্রতি করুণা বর্ষণ করবেন এবং তোমাদের গোনাহ্ মাফ করবেন।' সম্প্রদায়ের সকল লোকেরা হজরত মুসা আ. এর কথা মেনে নিলো। তারা বললো, 'আমরা ধৈর্য সহকারে আলাহ্তায়ালার নির্দেশ পালন করবো।'