সন্ধানে তুর পাহাড়ে গিয়েছেন। অথচ তোমাদের আলাহ্ তো এখানেই রয়েছে। এই বাছুরের পূজা করলেই তোমরা আলাহ্ পেয়ে যাবে। এটাই সহজ পথ।' বনি ইসরাইলদের অধিকাংশ লোকদের মন মানসিকতায় জমাট অন্ধকারের মতো চেপে বসেছিলো শতাব্দীব্যাপী গোলামীর প্রভাব। তারা সারাজীবনই দেখে এসেছে তাদের ভূস্বামী মিশরবাসী প্রভুরা কতো জাঁকজমকের সাথে বিভিন্ন দেবদেবীর পূজা করে। তাদের এক সম্মানিত বৃহৎ দেবতার মুখ ছিলো গাভীর মতো। তাই অবচেতনভাবে গাভী দেবতার প্রভাব তাদের অন্তরে এতোদিন বদ্ধমূলভাবে চেপে বসেছিলো। সামেরী সে সুযোগ গ্রহণ করে সহজেই অধিকাংশ বনি ইসরাইলকে তাই গোমরাহ করতে পারলো। হজরত হারূন শিরিকের এই ভয়াবহ পথ অবলম্বনের ক্ষতিকর পরিণতির কথা বলে সাবধান করে দিলেন সবাইকে। অনেক করে বোঝালেন, শিরিকের পথ ইমানের বিপরীত পথ। এতে নিশ্চিত ধ্বংস ছাড়া আর কিছু নেই। কিন্তু কিছুতেই কিছু হলো না। বাছুর প্রেমিকরা হজরত হারূনের কথায় কর্ণপাত করলো না। বরং তারা বললো, 'আমরা যা করছি তাই করতে থাকবো। মুসা ফিরে না আসা পর্যন্ত কিছুতেই আমরা নিবৃত্ত হবো না একাজ থেকে।
ঊনিশ
তুর পাহাড়ে আলাহ্তায়ালার সঙ্গে হজরত মুসা আ. এর কথোপকথন চলছিলো। আলাহ্তায়ালা তাঁকে শেষ পর্যায়ে জানালেন, 'হে মুসা। নিঃসন্দেহে আমি মানুষের উপর পয়গম্বরী এবং বাক্যালাপের দ্বারা তোমাকে বিশেষত্ব দান করেছি এবং তোমাকে মনোনীত করে নিয়েছি। অতএব, আমি তোমাকে যে কিতাব দান করেছি তাকে গ্রহণ করো এবং কৃতজ্ঞতা প্রকাশকারী হও। আমি তোমার জন্য তাওরাতের ফলকগুলির উপর সর্বপ্রকারের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করে দিয়েছি। অতএব, একে মজবুতভাবে ধারণ করো এবং