হজরত মুসা আলাহ্তায়ালার নির্দেশের প্রতীক্ষা করতে থাকেন।
সতেরো
এতো তুর পাহাড়ের চূড়া। ঐ পাহাড়েই এক অবিস্মরণীয় রাতে আগুন সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। আগুনের বদলে পেয়েছিলেন নবুয়ত। দর্শন করেছিলেন আলাহ্তায়ালার বিরল তাজালির জ্যোতিচ্ছটা। প্রিয়তম প্রভুর বাক্যালাপে ধন্য হয়েছিলেন। ঐ পাহাড়ের স্মৃতি, ঐ পাহাড়ের প্রেম বুকের সমস্ত সীমানা জুড়ে জ্বালিয়ে রেখেছে অনির্বাণ অনল। মিশর থেকে হিজরত করে সেই প্রেমদগ্ধ পাহাড়ের কাছেই আসতে হয়েছে আবার। দূর থেকে ঐ অলৌকিক মায়াময় পাহাড় দৃষ্টিকে দখল করে রাখে প্রায় সারাক্ষণ। আর মনকেও করে রাখে উচাটন। প্রিয় প্রভুর একান্ত সন্নিধানে গোপন বাক্যালাপের সৌভাগ্য কবে হবে আবার কে জানে। প্রেমাস্পদ প্রভুর একান্ত আলাপনের তাড়নায় অস্থির হয়ে পড়েন হজরত মুসা। সহসা একদিন তাঁর অন্তরে অনুভূত হলো নতুন প্রত্যাদেশ। তুর পাহাড়ে উপস্থিত হবার অনুমতি পেলেন তিনি। তৎক্ষণাৎ বনি ইসরাইল জনতাকে একত্রিত করে হজরত মুসা জানিয়ে দিলেন একথা, 'শোনো সবাই। আলাহ্তায়ালার নির্দেশ- তুর পাহাড়ে এতেকাফ করতে হবে আমাকে- একমাসের জন্য। একমাস পরেই আমি তোমাদের কাছে ফিরে আসবো। হারূন তোমাদের কাছেই থাকবেন। তোমাদের তত্ত্বাবধানের দায়িত্ব তাঁর উপরেই ন্যস্ত রইলো।' তুর পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন হজরত মুসা। মহান আলাহ্তায়ালার সঙ্গে বাক্য বিনিময়ের দুর্লভতম মুহূর্ত সামনে। এজন্য এখানেই অবস্থান করতে হবে এক মাস। হজরত মুসা রোজা রাখলেন। রোজা অবস্থাতেই কাটিয়ে দিলেন অসহনীয় দীর্ঘ একটি মাস। দীর্ঘ এক মাসের উপবাসের ফলে মুখে দুর্গন্ধ অনুভূত হচ্ছিলো। দুর্গন্ধ দূর করবার জন্য একখণ্ড সুগন্ধিযুক্ত গোশতের টুকরা চিবোলেন তিনি।