মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

এভাবেই বিবর্তিত হতে লাগলো রাত দিন। রাতের আকাশ থেকে বর্ষিত মান্না আর সকালের বায়ুতাড়িত সালওয়া পাখির ঝাঁক- এই হলো অনায়াসলব্ধ অন্ন। প্রখর রৌদ্রতাপ থেকে বাঁচিয়ে রাখে শীতল মেঘের মনোহর আচ্ছাদন। আর পিপাসা ও অন্যান্য প্রয়োজন পূরণের জন্য বারোটি গোত্রের বারোটি ঝর্ণাতো রয়েছেই। আবার কিছুদিন পরে যখন সকলের পরিধেয় বস্ত্র ছিঁড়ে যেতে শুরু করলো তখন নতুন বস্ত্রের জন্য সবাই শরণাপন্ন হলো হজরত মুসার। হজরত মুসা মোনাজাতের মাধ্যমে আলাহ্‌তায়ালার তরফ থেকে বস্ত্র সংগ্রহেরও ব্যবস্থা করে দিলেন। নতুন প্রাপ্ত বস্ত্রগুলি অলৌকিক গুণসম্পন্ন। যে যে বস্ত্রই গায়ে দেয় সেটিই তার শরীরে পুরোপুরি মানিয়ে যায়। আর বিচিত্র ব্যাপার এই যে, শিশুরা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তাদের সাথে মাপ ঠিক রেখে জামা কাপড়ও বেড়ে যায়। তাছাড়া এই বিচিত্র পোশাকগুলো কখনো পুরানোও হয় না। ছিঁড়েও যায় না। কী অপার মেহেরবানি মহান আলাহ্‌তায়ালার। তিনি ছাড়া প্রশংসা তবে আর কার? এভাবেই বেহেশতি আনন্দের মধ্য দিয়ে কেটে যাচ্ছিলো বনি ইসরাইলদের দিনকাল। নিরবচ্ছিন্ন শ্রমহীন সুখের জীবন। অনাস্বাদিত পানাহার। আর নিরর্গল নিরাপত্তা। কিন্তু নিরবচ্ছিন্ন সুখ যেনো তাদের কারো কারো ভালো লাগে না। মানুষের এই বিচিত্র ব্যবহার বিস্ময়করই বটে। তারা একদিন হজরত মুসার নিকট আবদারের সুরে বললো, 'আমরা প্রতিদিন এক রকমের খাদ্য খেয়ে বিরক্ত হয়ে গিয়েছি। তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা জানাও, তিনি যেনো আমাদেরকে শাকসবজি, ক্ষিরাই, ককড়ি, মশুর, রসুন, পিয়াঁজ- এ সমস্ত জমিনজাত খাদ্যের ব্যবস্থা করে দেন। মান্না সালওয়া আমাদের আর না হলেও চলে।' লোকজনদের কথা শুনে রেগে গেলেন হজরত মুসা। বললেন, 'কেমন আশ্চর্য রকমের আহাম্মক তোমরা! উত্তম আহার্যের বদলে তোমরা নিকৃষ্ট আহার্যের প্রত্যাশী। আলাহ্‌তায়ালার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ তোমরা। তোমরা যে সমস্ত খাদ্যের আকাঙ্খী তাতো আলাহ্‌তায়ালার কাছে চাইবার প্রয়োজন পড়ে না। যে কোনো শহর জনপদে চলে গেলেই তোমরা যা চাইছো তা প্রচুর পরিমাণে পেয়ে যাবে।' হজরত মুসা আ. এর েμাধান্বিত অবস্থা দেখে সংযত হলো বনি ইসরাইলেরা। হজরত মুসাও আশ্বস্ত হলেন আপাততঃ। সময় যাচ্ছিলো এভাবেই। হজরত মুসার হঠাৎ স্মরণ হয়, আলাহ্‌তায়ালা তাঁকে ইতোপূর্বে জানিয়ে দিয়েছিলেন যে, ফেরাউনি শাসনের শৃঙ্খল থেকে যখন মুক্ত হয়ে যাবে বনি ইসরাইলীরা, তখন তাদেরকে শরীয়ত প্রদান করা হবে। মনে হয়, এখন সেই সময় সমুপস্থিত। নতুন শরীয়তের সম্পদ লাভের সুযোগ সন্নিকটে।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।