হজরত মুসা এবং হারূন চিন্তিত হয়ে পড়লেন তাঁদের কওমের জন্য। বুঝলেন তারা, প্রায় চারশ বছরের গোলামী আর মূর্তিপূজক মিশরবাসীদের সাথে মেলামেশার প্রভাব কতো গভীর। এদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে। ফিরিয়ে আনতে হবে তাদের ইমানী কুওত। কিন্তু কতোদিন যে অপেক্ষা করতে হবে এর জন্য কে জানে?
ষোল
দিগন্ত বিস্তৃত মরুভূমি। যেনো ঝলসে যাচ্ছে সমস্ত প্রকৃতি। তৃণবৃক্ষহীন এই বিশাল প্রান্তরে এসে থামলো বনি ইসরাইলদের কাফেলা। এ প্রান্তরের নাম তীহ্ প্রান্তর। প্রান্তরের শেষ সীমানা গিয়ে ঠেকেছে তুর পাহাড়ের পাদদেশে। বিরাট বিস্তৃত তীহ্ প্রান্তরের সঙ্গে মিশে আছে বিস্তীর্ণ সীনাই উপত্যকা। ধারে কাছে কোথাও জনবসতির চিহ্ন নেই। না পানি। না খাদ্য। কোনোকিছুরই ব্যবস্থা নেই এখানে। তার উপর মধ্যাহ্নের খররৌদ্রে বয়ে যাচ্ছে তপ্ত বাতাস। তৃষ্ণার্ত হয়ে উঠলো বনি ইসরাইলেরা। হজরত মুসার নিকট ফরিয়াদ জানালো তারা। বললো, 'এ কেমন জায়গা। পিপাসায় ছটফট করছি আমরা সবাই। অথচ কাছে কোথাও পানির চিহ্নই দৃষ্টিগোচর হয় না। পানি না পেলে পিপাসায় ছটফট করতে করতেই তো মরতে হবে আমাদেরকে।' হজরত মুসা আ. আলাহ্তায়ালার দরবারে পানির জন্য প্রার্থনা জানালেন। আলাহ্তায়ালা আদেশ করলেন, 'তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো।' আলাহ্তায়ালার নির্দেশ মতো হজরত মুসা একটি প্রস্তরখণ্ডে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাথর থেকে প্রবাহিত হতে শুরু হলো বারোটি ঝর্ণা। বনি ইসরাইলেরা ছিলো বারোটি গোত্রে বিভক্ত। এক এক গোত্র লাভ করলো এক একটি ঝর্ণার অধিকার। পিপাসা নিবৃত্ত করে বনি ইসরাইলেরা আরজ করলো, 'এই প্রখর রোদে কী করে এখানে তিষ্ঠানো সম্ভব। আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করা হোক।'