মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

ঘোষণা করে দেয়া হোক আগামী বড় উৎসবের দিন বিশাল জনসমাবেশের মধ্যে যাদুর প্রতিযোগিতা হবে। দরবার ভেঙে দেবার আগে ফেরাউন হজরত মুসাকে বললো, 'হে মুসা! তুমি এজন্য আমাদের কাছে এসেছো যে, তোমার যাদুর শক্তি দিয়ে তুমি আমাদেরকে দেশ থেকে বের করে দিবে? আচ্ছা ঠিক আছে। আমরাও যাদু দিয়ে মোকাবেলা করবো তোমাদেরকে। যাদু প্রতিযোগিতার দিন নির্দিষ্ট করা হোক। ঐ দিন মোকাবেলা হবে সামনাসামনি। আমরা এর ব্যতিμম করবো না, তুমিও করো না।' দরবার ভঙ্গ হলো সেদিনের মতো। হজরত মুসা ও হজরত হারূন ফিরে এলেন নিজ গৃহে। সত্যের সেনাপতিদ্বয় ভাবেন, কি কঠিন অন্তঃকরণ ফেরাউন সম্প্রদায়ের। সত্য নিদর্শনের প্রকাশ্য আঘাতেও কেমন অটুট রয়েছে তাদের অন্তরের অর্গল। তারা কি জানে না পতনের পথ ধরে চলেছে তারা? তারা কি জানে না অবিশ্বাসীদের পরিণাম কি ভয়ংকর। কী বীভৎস।

দশ

দেখতে দেখতে উৎসবের দিন এগিয়ে এলো। লোকে লোকারণ্য হয়ে গেলো উৎসবস্থল। যাদু প্রতিযোগিতার কথা প্রচারের ব্যবস্থা করা হয়েছিলো। লোকমুখেও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিলো এই সংবাদ। নির্দিষ্ট দিনে তাই কৌতূহলী মানুষের ভীড়ে ভরে গেলো ময়দান। মহাসমারোহে ফেরাউন তার মন্ত্রীপরিষদ সমভিব্যহারে হাজির হলো মেলায়। হাজির হলো দেশের শ্রেষ্ঠ যাদুকরদের এক বড় দল। ফেরাউনই তাদের আমন্ত্রণ জানিয়েছে। তার দৃঢ় ধারণা, এ সমস্ত বড় বড় যাদুকরদের সঙ্গে কিছুতেই মোকাবেলা করতে পারবে না মুসা। নবুয়তের দাবীদার মুসা ও হারূনের কারসাজি আজকেই স্পষ্ট হয়ে পড়বে মিশরবাসীদের কাছে। যাদুকরদেরকে লক্ষ্য করে বললো ফেরাউন, 'দেখ যাদুকরেরা। মুসাকে পরাজিত করতেই হবে। যদি তোমরা সফল হও তবে প্রচুর পুরস্কার মিলবে তোমাদের। শুধু তাই নয়, আমার দরবারেও তোমাদের জন্য বিশিষ্ট স্থান নির্ধারণ করে দেয়া হবে।'

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।