বাড়ীতে এসেই তিনি হজরত মুসার সঙ্গে সাক্ষাৎ করলেন। বহুদিন পর বড় ভাইকে দেখে আনন্দে অভিভূত হলেন মুসা। পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন তাঁরা। নবুয়তের মিলিত শক্তিতে শক্তিমান হলেন দুজনই। আনন্দের ঘোর কেটে গেলে হজরত হারূন ছোট ভাই মুসাকে সপরিবারে বাড়ীর ভিতরে নিয়ে গেলেন। মায়ের কাছে হাজির হলেন দুই ভাই। দুই নবী। তারপর তাঁকে খুলে বললেন সমস্ত ঘটনা। আনন্দে ভরে গেলো সমস্ত গৃহ। মায়ের দুচোখ ভরে উঠলো আনন্দের অশ্রুতে। আহা কতোদিন পর এসেছে এই বেহেশতি মিলনের মেলা। প্রশংসা সমস্তই আলাহ্তায়ালার। তিনিই পবিত্র। তিনিই মহান।
আট
কী ভয়ংকর জীবন যাপন মিশরবাসীদের। বিশ্বজগতের প্রতিপালক মহান আলাহ্তায়ালার কথা মনে নেই তাদের। শত শত বৎসর ধরে তারা পূজা করে চলেছে বিভিন্ন দেব-দেবীর। বাদশাহ্কে তারা মনে করে সূর্যদেবতার অবতার। তার উপর বর্তমান ফেরাউন নিজেকেই ঘোষণা করে দিয়েছে আলাহ্ বলে। আর যুগ যুগ ধরে দেব-দেবীদের মূর্তিপূজায় অভ্যস্ত কিব্তীদের প্রায় সকলেই নির্বিবাদে মেনে নিয়েছে ফেরাউনের এই দাবী। বনি ইসরাইলরা একথা মানেনি বলে তাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে শোষণ আর বঞ্চনা ঘেরা মানবেতর জীবন। তবুও তারা বিশ্বাসের নিবু নিবু চেরাগ জ্বালিয়ে রেখেছে দিনের পর দিন। আর অপেক্ষা করেছে কবে নেমে আসবে আলাহ্তায়ালার তরফ থেকে খাস রহমত। শৃঙ্খলিত জীবনের কবে হবে অবসান? আলাহ্তায়ালা রহম করেছেন এতোদিন পরে। প্রেরণ করেছেন তাঁর দুজন নির্বাচিত নবীকে। কুফরি আর শিরিকের অনড় পাষাণ এবার ভেঙে চুরমার হয়ে যাবে বিশ্বাসের বিপুল আঘাতে। অবিশ্বাসের অমানিশা ছিন্ন করে জেগে উঠবে ভোর। নির্মল ইমানের প্রখর সূর্যালোকে হেসে উঠবে মানবতা। পূর্ণ মানবতা। হজরত মুসা এবং হারূন স্থির করলেন, এবার ফেরাউনের দরবারে যাবেন তাঁরা। আলাহ্পাকের হুকুম, দ্বীনের দাওয়াত পেঁৗছাতে হবে তাকে।