শুরু হলো পথ চলা। পথের বিভ্রান্তি আর নেই। মনে হয় সবকিছু চেনা। বিশাল নিসর্গের পরতে পরতে যেনো জমে আছে কতো কথা। কতো ইতিহাস। সবকিছু যেনো অবলীলায় পড়তে পারছেন হজরত মুসা আ.। নিসর্গের নীরব ভাষায় যেনো উছলে উছলে পড়ছে হাজার হাজার বছরের জ্যোতির্ময় জিকিরের অন্তহীন ঢেউ। মনজিলে মনজিলে চলে প্রয়োজনীয় বিশ্রামের আয়োজন। তারপর পথ চলা। পুনরায় পথ চলা। এভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সপরিবারে তিনি পেঁৗছলেন মিশর রাজ্যের সীমানায়। তারপর একসময় পেঁৗছে গেলেন রাজধানী শহরে। প্রায় একযুগ পরে তিনি ফিরে এসেছেন এই জনবহুল শহরে। সবকিছুইতো চেনা এখানকার। তবুও কেমন নতুন মনে হয় সবকিছু। এই শহরেই কেটেছে তাঁর বাল্যবেলা। কৈশোর। যৌবন। আজ এতোদিন পরে এখানকার মাটি মানুষকে কেনো যেনো মনে হয় বড়ই আপন। এখন যে নবী তিনি। রুগ্ন মানবতার মমতাময় শুশ্রুষাকারী। মানুষের সৃহৃদ। স্বজন। হায় মানুষ যদি বুঝতো। নিকটেই নীল নদ। শহরের প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে আপন গতিতে। তার শিষ্ট স্রোতধারায় যেনো জীবন জেগেছে বহুদিন পর। নদীর ঢেউগুলো যেনো তাদের কুল কুল শব্দের শিখরে একাধারে জাগিয়ে তুলেছে আনন্দমথিত স্বীকৃতি-সত্য নবী মুসা-সত্য প্রেমিক মুসা। যেনো শহরের প্রতি অলিগলি, বৃক্ষরাজি, শহরের আকাশ বাতাস উচ্চারণ করছে অনবরত প্রেমিক পয়গাম্বর মুসা-সত্য তুমি আর সত্য তোমার প্রতিপালক। কিন্তু মানুষেরা কি মেনে নেবে সত্যের আহবান। কে জানে? তিনি তো বাণীবাহক মাত্র। বহন করে এনেছেন অনন্ত জীবনের আলোক প্রদীপ। নিয়ে এসেছেন নিরাপদ জীবনের সফল সনদ- সত্য দ্বীন। প্রেম। প্রজ্ঞা। মানবতা। হজরত মুসা যখন মিশরের রাজধানী শহরে প্রবেশ করলেন, তখন রাত হয়ে এসেছে। তিনি তাঁদের নিজেদের বাড়ীতে গিয়ে হাজির হলেন। কিন্তু বাড়ীর ভিতর প্রবেশ করলেন না। মুসাফিরের মতো বহির্বাটিতে অবস্থান নিলেন। বনি ইসরাইলদের এই পরিবারটি ছিলো মেহমানপ্রিয় পরিবার। হজরত মুসাকে মেহমানের মতোই সমাদর করা হলো। হজরত হারূন আ. তখন বাড়ীতে ছিলেন না। একটু পরেই তিনি এসে পড়লেন। হজরত মুসার মতো তিনিও এখন নবী। আলাহ্পাকের অহির মাধ্যমে ইতোমধ্যেই তিনি জানতে পেরেছেন একথা। জানতে পেরেছেন ছোট ভাই মুসার দোয়ার বরকতে তাঁর কাজের সহযোগী হিসেবে আলাহ্পাক হারূনকে দান করেছেন নবুয়তের নেয়ামত।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।