হজরত মুসা আরজ করলেন, 'হে আমার প্রতিপালক। একজন মিশরীয় নাগরিক নিহত হয়েছিলো আমার হাতে। আমিতো আশংকা করি, তারা হয়তো হত্যা করে ফেলবে আমাকে। আমার আরো মনে হয়, ফেরাউনের সম্প্রদায় হয়তো আমাকে মিথ্যাবাদী মনে করবে। এই উচ্চ সম্মান ও পদমর্যাদা আপনি যখন দান করেছেন আমাকে, তখন আমার আবেদন, আমার বক্ষ প্রসারিত করে দিন এবং নূরে নূরে ভরপুর করে দিন আমার বুক। আর এই মহাগুরুত্বমণ্ডিত কাজ সহজে সম্পাদন করবার শক্তি দিন আমাকে। আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যেনো লোকে সহজে বুঝে নিতে পারে আমার কথা। আমার কথায় যেহেতু আড়ষ্টভাব আছে, সেহেতু আমি আবেদন করি আমার ভাই হারূনের জন্য। আমার ভাই হারূন শুদ্ধভাষী ও বাগ্মী। তাঁকেও নবুয়তের নেয়ামত দান করে আমার কাজের শরীকদার বানিয়ে দিন।' আলাহ্তায়ালা হজরত মুসা আ. এর সকল আবেদন মঞ্জুর করলেন। জানালেন, 'তুমি আমার পয়গাম অবশ্যই বহন করে নিয়ে যাও সেখানে। তাদেরকে সত্যপথ প্রদর্শন করো। তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার সাহায্য তোমার সঙ্গেই রয়েছে। আর যে সকল নিদর্শন তোমাকে দিয়েছি, সেগুলোর মাধ্যমে সফলতা লাভ করবে তুমি। হবে বিজয়ী। আমি কবুল করলাম তোমার প্রার্থনা। তোমার ভাই হারূনকেও তোমার কাজের শরীকদার করে দিলাম। দেখো, তোমরা দুজনে যখন ফেরাউন এবং তার সম্প্রদায়কে সত্যপথ প্রদর্শন করবে, তখন কোমল ভাষায় আহবান জানাবে তাদেরকে। হয়তো তারা তোমাদের আহবানে সাড়া দিয়ে আলাহ্কে ভয় করতে শিখবে এবং জুলুম ও অত্যাচারমূলক কার্যকলাপ থেকে নিবৃত্ত থাকবে।'
সাত
নতুন মানুষ হয়ে ফিরলেন ডেরায়। আগুন আনতে গিয়ে পেলেন নবুয়ত। এতোদিন ছিলেন মেষের রাখাল। এখন হয়েছেন আলাহ্পাকের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের পথপ্রদর্শক। রক্ষক। পরিচালক। সমস্ত ঘটনা তিনি জানালেন বিবি ছাফুরাকে। জানালেন, মিশরে যেতে হবে। আলাহ্পাকের হুকুম।'