ছয়
বুজর্গ শ্বশুরের কাছে বিদায়ের আরজ জানালেন হজরত মুসা। বললেন, 'অনুমতি দিলে এবার সপরিবারে বিদায় নিতে চাই।' শর্ত মোতাবেক দশ বৎসর সময় পূর্ণ করেছেন হজরত মুসা। বৃদ্ধ বুজর্গ তাই আপত্তি তুললেন না কোনো। সন্তুষ্ট চিত্তে বিদায় দিলেন তাঁদেরকে। সপরিবারে রওয়ানা হয়ে গেলেন হজরত মুসা। দীর্ঘ সফর এবার। হজরত মুসা মনস্থির করলেন পূর্বপুরুষদের আদি নিবাস সিরিয়ার দিকেই যাবেন তিনি। শুরু হলো অনিশ্চিত সফর। অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক ক্লান্তি শ্রান্তি আর বিপদ সংকুলতা ভেদ করে এগিয়ে যেতে হবে মঞ্জিলের দিকে। সারা দিনই প্রায় পথ চললেন হজরত মুসা। বিশ্রাম সামান্যই হয়েছে। পথ চলতে চলতে সীনা পর্বতাঞ্চলে এসে পড়লেন যখন, তখন সন্ধ্যা হয় হয় প্রায়। অস্তাচলগামী সূর্যের লাল রং লেগে রয়েছে দূরের গিরি শীর্ষগুলিতে। থামলেন হজরত মুসা। এ স্থানের নাম তুয়া। মরুদ্যানের মতো দেখতে জায়গাটা। নিকটেই তুর পাহাড়। স্পষ্ট দেখা যায় এখান থেকে। রাত্রি হয়ে গেলো। রাত্রিবাসের জন্য তাঁবু খাটালেন। শীত মওসুম চলছে তখন। বিকেল থেকেই শুরু হয়েছিলো শীত। রাত বাড়ার সাথে সাথে শীতও বেড়ে যাচ্ছিলো সমান তালে। কষ্ট হচ্ছিলো খুব। নিকটবর্তী কোনো লোকালয়ে গিয়ে রাতটা কাটাতে পারলে ভালো হতো। আগুনের বড়ই প্রয়োজন। কিন্তু হজরত মুসা হঠাৎ করেই পথ ভুলে গেলেন যেনো। ধারে কাছে কোথাও কোনো পথের চিহ্নই মালুম করতে পারলেন না। অগত্যা এখানেই রাত কাটাতে হবে বুঝতে পেরে পাথর ঘষে ঘষে আগুন জ্বালাতে চেষ্টা করলেন। কিছুক্ষণ চেষ্টা চললো। কিন্তু প্রচণ্ড শীতের প্রকোপে পাথরগুলোও যেনো জমে গেছে একেবারে। আগুন ধরলো না কিছুতেই। হঠাৎ দেখতে পেলেন তিনি তুর পাহাড়ের গায়ে কিসের যেনো আগুন জ্বলছে। সেখানে কোনো পথচারীরা ডেরা বেঁধেছে রাত্রিকালের জন্য- ভাবলেন মুসা। বললেন তিনি পরিবারের লোকজনকে, তোমরা এখানেই অপেক্ষা করো। আমি আগুন নিয়ে আসি। আগুন তাপানোর একটা ব্যবস্থা হয়ে যাবে হয়তো। আর ভুলে যাওয়া পথের সন্ধানও পাওয়া যেতে পারে সেখান থেকে।