মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মুসার তো কোনো কাজই নেই তখন। দূর থেকে শুধু শিথিল দৃষ্টি রাখতে হয় নিরীহ পশুগুলোর উপর। আর এর মাঝে যেনো শান্ত হয়ে বসে থাকে অনড় অবসর। দিগন্ত বিস্তারী প্রান্তরের হাওয়া এসে সোহাগ করে যায় তাঁকে। আন্দোলিত হতে থাকে মস্তকের কেশ। শরীরের বসন। দৃষ্টিতে আটকে থাকে দূরের পর্বতমালা। নিকটের সমভূমি। অগোছালো উপলখণ্ড। বিরল বৃক্ষরাজি। আর হরিৎ তৃণের বিস্তার। কেমন যেনো করে ওঠে মনটা। কোন্‌ রহস্যলোক থেকে যেনো একটার পর একটা অবোধ্য আনন্দের ঢেউ এসে ডুবিয়ে দিতে থাকে হৃদয়ের বিস্তীর্ণ উপকূল। মর্মস্থলে জ্বলে ওঠে সেই পবিত্র সত্তার স্মরণ- যার ইশারায় অস্তিত্ব লাভ করেছে এই বিশাল সুন্দর নিসর্গ। সূর্য চন্দ্র গ্রহ তারা ভরা নীলাকাশ। ফুল ফল বৃক্ষশোভিত অবাক পৃথিবী। দিবস যামিনীর বাধ্যগত নিয়মিত বিবর্তন। কখনো কখনো একনাগাড়ে কয়েকদিন ধরে দূরে কোনো তৃণাঞ্চলে ছাগল ভেড়া চরিয়ে আসতে হয় হজরত মুসাকে। হজরত ছাফুরা তখন কয়েকদিনের খাদ্য সামগ্রী সঙ্গে দিয়ে দেন তাঁকে। স্বামী ফিরে না আসা পর্যন্ত পথ চেয়ে বসে থাকতে হয়। অন্তরে জ্বলতে থাকে অশান্তির আগুন। আবার কয়েকদিন পর স্বামী ফিরে এলেই সে আগুন পরিণত হয় পুষ্পে। কখনো আবার পশুচারণের এসমস্ত সাময়িক সফরে স্ত্রীকেও সঙ্গে নেন হজরত মুসা। বিস্তীর্ণ প্রান্তরের কোনো এক কোনে ছোট্ট তাঁবু খাটিয়ে শুরু হয় প্রকৃতির সাথে একাকার বসবাসের ব্যবস্থা। দূরে বহুদূরে হঠাৎ হয়তো কখনো নজরে পড়ে এরকম ছোট ছোট তাঁবু। বছরের এরকম সময়ে পশুচারক গোত্রগুলো এভাবেই বিভিন্ন দিকে বেরিয়ে পড়ে পশু চরাতে। একাধারে বেশ কিছুদিন প্রান্তরের বসবাসের চিহ্ন মুছে ফেলে দিয়ে আবার সবাই ফিরে যায় নিজ নিজ গৃহে। প্রান্তরের দিন রাত্রি ভিন্ন রকমের। গৃহবাসের স্মৃতি যেনো সম্পূর্ণই অপসৃত হয়ে যায় এখানে এলে। দিনে যেনো চলে আকাশ আর পৃথিবীর সৌন্দর্য প্রতিযোগিতা। কখনো হালকা মেঘের রুমাল উড়িয়ে সম্বর্ধনা জানায় আকাশ পৃথিবীকে। কখনো পৃথিবীর পত্রশোভিত বৃক্ষগুলো প্রবাহিত হাওয়ায় দুলে উঠে জবাব দেয় সে সম্বর্ধনার। আর রাতে যখন অন্ধকার বসনের নিচে ঘুমিয়ে পড়ে পুরো পৃথিবীটা, তখন কোটি কোটি নক্ষত্রের বাতি জ্বালিয়ে সারা রাত জেগে থাকে আকাশ। দৃষ্টি শ্রুতি অনুভূতি সমস্ত কিছু ছাপিয়ে তখন শুধু জারী থাকে জিকির। আকাশের। পৃথিবীর। সমস্ত নিসর্গের। এভাবেই গৃহ আর প্রান্তরের জীবন নিয়ে বয়ে চলে সময়। দেখতে দেখতে শেষ হয়ে যায় দশ দশটি বছর।

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।