মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মুসা বাড়ী ফিরে আসার আগেই দেখলেন, শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসছে। সেই লোকটি দৌড়ে এসে জানালো, শাহী দরবারে তোমার ব্যাপারে পরামর্শসভা বসেছে। গতকাল একজনকে হত্যা করেছো তুমি। তাই তোমাকেও হত্যা করতে চায় তারা। পালাও এ শহর ছেড়ে। ফেরাউনের রাজ্য ছেড়ে অন্য কোনো দেশে চলে যাও। আমি তোমার শুভাকাঙ্খীদের একজন। বিশ্বাস করো আমার কথা। হজরত মুসা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন। এদিক ওদিক তাকাতে তাকাতে অতি সন্তর্পণে তিনি শহর থেকে শহরতলীতে চলে গেলেন। তারপর ধরলেন গ্রামের পথ। তারপর আর বিরাম বিশ্রাম নেই। μমাগত পথ চলেন তিনি। শরীরে শ্রান্তি। বল কমে আসে ধীরে ধীরে। তবুও পথ চলা থামানো যাবে না কিছুতেই। কে জানে ফেরাউনের লেলিয়ে দেওয়া সিপাই সান্ত্রীরা তাঁর পিছু ধাওয়া করেছে কিনা।

চার

মাদায়েনের বৃদ্ধ বুজর্গ মুগ্ধ হয়ে শুনছিলেন হজরত মুসার পিছনের ইতিহাস। হজরত মুসার কথা শেষ হলে তিনি বললেন, 'ভয় করো না। ভাগ্যিস সেই জালেম সম্প্রদায় থেকে রক্ষা পেয়েছো তুমি।' তাঁদের কথাবার্তা শেষ হবার পর বৃদ্ধ বুজর্গের বড় কন্যাটি পিতাকে ডেকে নিয়ে গেলেন ভিতরে। তারপর বললেন, 'হে পিতা, আপনার পশুপালের রক্ষণাবেক্ষণের কাজে এই যুবক মেহেমানটিকে শ্রমিক নিযুক্ত করুন। তিনি এ কাজের উপযুক্ত। কারণ, তিনি যেমন শক্তিশালী তেমনই বিশ্বস্ত।' বৃদ্ধ বললেন, 'তুমি কেমন করে জানতে পারলে যে, সে শক্তিশালী এবং সেই সঙ্গে বিশ্বস্তও। কন্যা বললেন, 'আমাদের ছাগল ভেড়াগুলোকে পানি খাওয়ানোর সময় দেখছি তাঁকে- বিরাট এক বালতিতে করে তিনি একাই পানি উঠিয়ে দিয়েছিলেন। আর তিনি যে সৎ চরিত্র আর বিশ্বস্ত তার পরিচয় পেয়েছি এভাবে যে, আমাদের প্রতি নজর পড়ামাত্র তিনি দৃষ্টি অবনত করেছিলেন। কথা বলবার সময় দৃষ্টি অবনত রেখেই আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি। আর আমি যখন তাঁকে বাড়ীতে ডেকে আনতে গেলাম তখন তিনি আমার পিছনে পিছনে না এসে আগে আগে এলেন। আর আমাকে আসতে বললেন তাঁর পশ্চাতে।'

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।