ঠিক হবে। পরক্ষণে মন পরিবর্তন হলো হজরত মুসার। ভাবলেন তিনি, যাওয়াই যাকনা মেয়েটির সাথে। এ বিদেশ বিভূঁইয়ে পরিচিতজনতো প্রয়োজন। এভাবে প্রার্থনার প্রত্যাশিত ফল প্রদান করাই হয়তো আলাহ্পাকের ইচ্ছা। দেখাই যাকনা কি হয়। হজরত মুসা উঠে দাঁড়ালেন। বললেন মেয়েটিকে, 'আমি সামনে পথ চলছি। তুমি আমার পেছনে পেছনে এসো। যদি পথ ভুল করি- পেছন থেকে বলে দিও।' আগে আগে পথ চলতে লাগলেন হজরত মুসা। পেছনে পেছনে মেয়েটি। বাড়ী বেশী দূরে নয় তাদের। কিছুক্ষণ পরেই বাড়ী পেঁৗছে গেলেন দুজনে। মেয়েটির পিতার সঙ্গে পরিচিত হলেন হজরত মুসা। দেখলেন মেয়েটির পিতা একজন দ্বীনদার বৃদ্ধ বুজর্গ। দেখলেই মনে শ্রদ্ধা জেগে ওঠে। বৃদ্ধ বুজর্গও হজরত মুসাকে দেখে বুঝতে পারলেন, এই সুন্দর যুবক সাধারণ কোনো যুবক নয়। তীক্ষ্ন ব্যক্তিত্বের অধিকারী এই বিদেশী যুবকটির চেহারাও কতো সুন্দর। অপার্থিব নূরের আভায় ভরে আছে তার সমস্ত মুখমণ্ডল। কিন্তু সারা শরীরে একই সাথে ফুটে রয়েছে সফরের শ্রান্তি। মনে হয় আহার জোটেনি কয়েক বেলা। খুব দ্রুত যুবকের জন্য আহারের বন্দোবস্ত করলেন তিনি। তারপর পাশে বসে আদর করে খাওয়ালেন তাঁকে। আহারের শেষে ধীরে সুস্থে জানতে চাইলেন বৃদ্ধ বুজর্গ, 'কি নাম তোমার বাবা? কোথায় নিবাস? কী উদ্দেশ্যে আগমন তোমার? যাবেইবা কোথায়?' হজরত মুসা একে একে খুলে বললেন সমস্ত বৃত্তান্ত। বললেন, 'নাম আমার মুসা। নিবাস মিশর রাজ্যে। মিশররাজ ফেরাউনের পুত্র আমি। আপন পুত্র নই। পালকপুত্র। সে এক বিস্ময়কর ইতিবৃত্ত। সবই একে একে খুলে বলছি আপনাকে। শুনুন।'
তিন
বিশাল রাজ্য মিশর। প্রায় দুই হাজার বছর ধরে এ রাজ্য শাসন করে আসছে আমালেকা খান্দানের বাদশাহ্রা। এ রাজ্যের বাদশাহ্দের উপাধি 'ফেরাউন।'