মহাপ্রেমিক মূসা আ:
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুই

এ রাজ্যের নাম মাদায়েন। একেবারে অচেনা এক রাজ্য। হজরত মুসা আগে কখনো আসেননি এদেশে। বিজন এক প্রান্তরে এসে বসে পড়লেন তিনি। সারা শরীর এখন অবসাদ আর শ্রান্তির দখলে। মাটিতেই শুয়ে পড়তে হলো তাঁকে। তারপর কখন যেনো দুচোখ ভরে নেমে এসেছে গভীর ঘুম- বুঝতেই পারেননি। ঘুম ভাঙলো এক সময়। সারা শরীর ব্যথায় ভরা। উঠে বসে কিছুক্ষণ ভাবলেন তিনি- এভাবে এই বিজন প্রান্তরে কতোক্ষণ যে ঘুমের মধ্যে কেটেছে কে জানে? ক্ষিধে পেয়েছে খুব। কয়দিন তো একরকম অনাহারেই কেটেছে বলতে গেলে। নিকটে কোনো জনবসতির চিহ্ন নেই। কিন্তু লোকালয় খুঁজে বের করতেই হবে যে। জোগাড় করতে হবে ক্ষুধার অন্ন। পিপাসার পানি। আশ্রয়ের ঠিকানা। মন যেদিকে চায় সেদিকেই যেতে হবে। আবার পথ চলতে শুরু করলেন হজরত মুসা। পাহাড়, প্রান্তর, বিস্তীর্ণ তৃণভূমি- সবকিছু পেরিয়ে যান তিনি একে একে। তবু কোনো লোকালয় চোখে পড়ে না। বেলা গড়িয়ে বিকেল হলো। হঠাৎ হজরত মুসা দেখলেন ঐতো খুব বেশী দূরে নয়- একটা গ্রাম নজরে আসছে। সেই গ্রামের দিকেই রওয়ানা হলেন তিনি। খুব বেশী সময় লাগলোনা সে গ্রামে পেঁৗছতে। সন্ধ্যার আগেই গ্রামের এক প্রান্তে এসে উপস্থিত হলেন হজরত মুসা। আর এগোনো যায় না। বিশ্রামের জন্য সেখানেই বসে পড়লেন তিনি। কাছেই একটা বড় কুয়ো। কয়েকজন রাখাল সে কুয়ো থেকে পানি তুলে তাদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছে। কুয়োটাকে ঘিরে রীতিমতো ভীড় জমে উঠেছে রাখাল আর পশুদের। ছাগল ভেড়াগুলো সব ঠেলাঠেলি করে পানি পান করছে। হজরত মুসা দেখলেন, ভিড় থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে দুটি বালিকা। সঙ্গে তাদের কিছু ছাগল ভেড়া। পশুগুলো তৃষ্ণার্ত বোঝা যায়। বার বার পশুগুলো কুয়োর দিকে ছুটে যেতে চাইছে। আর বালিকা দুটো বার বারই ফিরিয়ে রাখছে তাদেরকে। দেখলেই বোঝা যায়, পশুগুলোকে পানি খাওয়াতে নিয়ে এসেছে বালিকারা। কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য কুয়োর কাছে ঘেঁষতে পারছে না।

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।