নূরে সেরহিন্দ
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম প্রকাশের ভূমিকা এই কেতাব 'নূরে সেরহিন্দ' আমার প্রাণপ্রিয় পীর ও মোর্শেদ হজরত হাকিম আবদুল হাকিম রহমতুলাহি আলাইহি সাহেবের মোবারক নির্দেশে রচিত হইয়াছে। বাদশাহ্‌ যেমন তাঁহার অধীনস্ত কোন কর্মচারীর সাহায্যে বিশেষ কোন কার্য সম্পাদন করান, তেমনি হজরত মোর্শেদ কেবলা (রহ:) সাহেবও এই গুণাহ্‌গার ফকিরের দ্বারা এই কেতাব রচনার কাজ সম্পন্ন করাইয়াছেন। প্রকৃতপক্ষে ইহা তাঁহার খাস তাওয়াজ্জোহ্‌ এরই প্রতিফল। কেতাব খানি প্রায় চারি বৎসর পূর্বে রচিত হইয়াছে। রচনা কালে বিভিন্ন লেখকের অনেক কয়টি কেতাবের সহায়তা গ্রহণ করিয়াছি। তাহাদের প্রকৃত সংখ্যা এখন মনে নাই। লেখকদের সবার নাম এবং কেতাবগুলির অধিকাংশের নামও স্মরণ করিতে পারিতেছি না। তাই গ্রন্থপঞ্জী দেওয়া সম্ভব হইল না। 'নূরে সেরহিন্দ' ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফেসানি শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দি রহমতুলাহি আলাইহি সাহেবের অবিস্মরণীয় জীবনকাহিনী। একজন খালেস আশেকের মনোভাব ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন তাঁহার এই জীবনকাহিনীতে সহজ ও প্রেমময় ভাষায় প্রস্ফুটিত করিয়া তোলার প্রয়াস পাইয়াছি। ইহা ছাড়া হজরত মোজাদ্দেদে আলফেসানি (রহ:) এর তাজদিদি কর্মসূচীর সংক্ষিপ্ত অথচ স্পষ্ট প্রতিচ্ছবিও ইহাতে তুলিয়া ধরার চেষ্টা করা হইয়াছে। অধমের দৃঢ় আশা ইহা আলাহ্‌পাকের দরবারে মকবুল হইবে।

ভিখারীর শূন্য বুকে আছে শুধু আশা, তোমারই রহম 'পরে অসীম ভরসা।

প্রায় দেড় বৎসর পূর্বে হজরত মোর্শেদ কেবলা (রহ:) দুনিয়াবাসীদের মায়া পরিত্যাগ করিয়াছেন। আজ যদি এই 'নূরে সেরহিন্দ' তাঁহার হাতে পড়িত তবে নিশ্চয় আনন্দে তাঁহার দুই চোখ অশ্রুসজল হইয়া উঠিত। তিনি ছিলেন হজরত মোজাদ্দেদে আলফেসানি (রহ:) এর শ্রেষ্ঠতম আশেকগণের কাতারভুক্ত এক রহস্যময় ও বিস্ময়কর ব্যক্তিত্ব। এই বিরহী ফকিরের আপাদমস্তক তাঁহার খাস এহসানে পূর্ণরূপে নিমজ্জিত হইয়া আছে। ইহার জন্য পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। আলহামদু লিলাহ্‌। 'নূরে সেরহিন্দ' প্রকাশের ব্যাপারে যাঁহারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন প্রকারের সহযোগিতা প্রদান করিয়াছেন, তাঁহাদের সকলের জন্যই দোয়া করি। আলাহ্‌পাক তাঁহাদের সবাইকে জাজায়ে খায়ের দান করুন। আলাহুম্মা আমিন।

মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।