মোহাম্মদ কাশফের নিকট লিখিত। মকতুব নং-৪৫
প্রশংসা, দরূদ ও দ্বীনের দাওয়াতের দিকে আহ্বানের পর জানাইতেছি যে, তোমার পত্রখানি পাইয়া আনন্দিত হইয়াছি। তুমি পুনরায় জানিতে চাহিয়াছ, বিতির নামাজের পরে সিজদা করা শুদ্ধ না অশুদ্ধ? তোমার প্রশ্নের উত্তর এই ফকির বহু পূর্বেই পাঠাইয়া দিয়াছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে, তাহা তুমি পাও নাই। উত্তরের সারমর্ম হইতেছে যে, ইহা আমাদের এবং আমাদের হজরতের (হজরত মোজাদ্দেদ আলফে সানি রহমতুলাহর) আমলের মধ্যে নাই। উলামাগণ ইহা করার জন্য নিষেধ করিয়াছেন- কাজেই এইরূপ করা ঠিক নয়। সুন্নতের কিতাব আল হুদাতে (হুদা অর্থ সৎপথ প্রদর্শন) আছে, "বিতির নামাজের পর আয়াতুল কুরসী পাঠ করিয়া যে দুইটি সিজদার প্রথা হিন্দুস্তানে চালু আছে সে সম্পর্কে কোন সঠিক তথ্য বা উৎস পাওয়া যায় না। ফিকাহ্ (ইসলামী শরিয়ত বিষয়ক আইন) গ্রন্থেও এই নামাজ সম্পর্কে কোন বর্ণনা নাই। আরবের লোকজনদের মধ্যেও এই ধরনের কোন আমল নাই। হয়ত শাফেয়ীগণ ইহার মহত্বে বিশ্বাসী। কিন্তু অধিকাংশ হানাফীগণ এই সম্পর্কে একেবারেই কিছু জানেন না। আমি মদীনার ফিকাহবিদগণের নিকট হইতে এই দুই সিজদার ব্যাপারে জানিতে চাহিয়াছিলাম- তাঁহারাও এ সম্পর্কে অপছন্দের কথা ব্যক্ত করিয়াছেন।
টীকাঃ খাজা মোহাম্মদ কাশফ কাশগড়ী হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর খলিফা ছিলেন। তাঁহাকে খিলাফত দেওয়ার পর কাশগড়ে প্রেরণ করা ইহয়াছিল। (রওজাতুল কাইউমিয়া)।