মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা মোহাম্মদ সিদ্দীক পেশোয়ারীর নিকট লিখিত। মকতুব নং- ৪১

সম্পর্ক স্থাপন করাই হইতেছে মুখ্য উদ্দেশ্য। ইহার জন্য জ্ঞানের দরকার, কেননা ইহা এক স্বতন্ত্র বিষয়। যদি এই জ্ঞান দান করা হইয়া থাকে তাহা হইলে অতি উত্তম। আর যদি তাহা না হইয়া থাকে তবে দুঃখ করিবার কোন কারণ নাই। তখন অত্যধিক কষ্ট ও পরিশ্রমের বিনিময়ে সম্পর্ক অর্জন করা হয়, তখন তাহার প্রকৃত মূল্য ও মর্যাদা বুঝিতে পারা যায়। আর যদি বিনা কষ্টে, অনায়াসে তাহা পাওয়া যায়, সেক্ষেত্রে তাহার যথেষ্ট মূল্য ও মর্যাদা থাকে না। যদি কেহ এই সিলসিলায় থাকিয়া তাড়াহুড়া করিতে চায়, সে সত্যিকার অর্থে শিক্ষার্থী নয়- তাহাকে লোভী বলা যায়। এই ধরনের লোকের একসাথে উঠাবসা করার মতোও যোগ্যতা থাকে না। দুনিয়াদারীর ধান্দায় মানুষ কী না করে? আলাহ্‌তায়ালাকে চাওয়ার ব্যাপারে তো দুনিয়াদারীর অপেক্ষা আরও অনেক বেশী কষ্ট ও কঠোর পরিশ্রমের প্রয়োজন। ধার্মিক ও সাধক ব্যক্তিগণ তো কঠিন সাধনা ও কঠোর পরিশ্রম সহ্য করিয়া তাঁহাদের জীবন অতিবাহিত করিয়া গিয়াছেন। কত দুঃসহ যাতনা কত সীমাহীন ক্লেশ ওয়াহেদীর এ ক্ষুদ্র জীবনে ঘিরেছে, তবে না একদা গভীর নিশীথে সে-অশেষ সৌভাগ্যের ধারা ভাগ্যের কুলে ভিড়েছে। সমস্ত শায়েখের সরদার (শায়েখুশ্‌ শায়েখ) হজরত শিহাবউদ্দিন সোহ্‌রাবদী তাঁহার 'আওয়ারিফুল মা'আরিফ' গ্রন্থে অলৌকিকত্ব ও কারামাত প্রসঙ্গে বর্ণনা করার পর লিখিয়াছেন, "এই অলৌকিকত্ব ও কারামত হইতেছে আলাহ্‌তায়ালার দান। কখনও কখনও তিনি কোন কোন জামাতকে ইহা দ্বারা সম্মানিত করিয়া থাকেন। আবার কখনও কখনও এমন হয় যে, ঐ জামাত অপেক্ষা আরও শ্রেষ্ঠ বা উন্নত কোন জামাতের নিকট অলৌকিকত্ব বা কারামতের বিন্দু-বিসর্গও থাকে না।" ইহার পর তিনি লিখিয়াছেন, অলৌকিকত্ব ও কারামতের কাজ আলাহর জিকির ও জাগ্রত হৃদয়ের সার্বক্ষণিক উপস্থিতির (হুজুরি কলবের) তুলনায় নিম্নপর্যায় ভুক্ত।

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।