অথচ তাহার পরিবর্তে তো এইরকম হওয়া উচিত ছিল যে, এই ধরনের উন্নতির লক্ষণসমূহ দেখা দেওয়ার পর মোর্শেদের সঙ্গে তাহার ভালবাসার সম্বন্ধ ও বিশ্বাসের দৃঢ়তা আরও অধিক হইতে থাকিবে এবং বিনীত ও নমনীয় মনোভাব আরও বহু গুণে বাড়িয়া যাইবে। কেননা, এই রূহানী দৌলত এবং তাহার পবিত্রতা ও স্বীকৃতি কেবলমাত্র মোর্শেদের নূর ও বরকতের গুণেই পাওয়া যায়- কোন রকম অশোভন আচরণ ও ঔদ্ধত্যের প্রকাশ সেখানে ঘটিবে না। জনৈক দরবেশ বলিয়াছেন, "কোন ব্যক্তি যদি তোমার মোর্শেদকে অসন্তুষ্ট করে আর সেই ব্যক্তির সহিত যদি তুমি ভাল সম্পর্ক বজায় রাখ, তাহা হইলে সে তোমা অপেক্ষা অনেক উত্তম।" আর মুরিদ খোদ যেখানে তাহার মোর্শেদকে দুঃখ দেয়, তাহার কথা আর না বলাই ভাল। তুমি যাহাকিছু চিন্তা করিয়াছ তাহা সম্পূর্ণ ভুল। তাড়াতাড়ি নিজ অপকর্মের প্রতিকার কর এবং যেমন করিয়া পার মাওলানাকে সন্তুষ্ট কর। ইহা ছাড়া আর অন্য কোন বিকল্প নাই। যদি মাওলানা সন্তুষ্ট হন তাহা হইলে আমরাও সন্তুষ্ট- অন্যথায় আমরাও তোমার প্রতি নারাজ। আমাদের সন্তুষ্টি মাওলানার সন্তুষ্টির উপর নির্ভর করে। কোন এক ব্যক্তি জানাইয়াছিল যে, তোমার নাকি সেরহিন্দে আসার ইচ্ছা আছে। কিন্তু মাওলানাকে সন্তুষ্ট করিয়া না আসিলে তোমার সিরহিন্দ আসা সম্পূর্ণ বৃথা হইবে। তবু যদি এখানে আস, তাহা হইলে পুনরায় পেশোয়ারে ফিরিয়া যাইয়া তাহাকে (মাওলানা সিদ্দীককে) সন্তুষ্ট করিতে হইবে। মাওলানা যখন লিখিবেন যে, আমি অমুকের উপর সন্তুষ্ট আছি, তখন আমরাও তোমার উপর সস্তুষ্ট হইয়া যাইব- তুমি সেরহিন্দে আস অথবা না আস। যাহা কিছু লিখিলাম তাহা তোমার মঙ্গলের জন্যই, সে জন্য মনে কিছু করিও না।
যাহা কিছু ভাল আমি করিয়াছি মনে জানায়েছি লিখে তাহা তোমার নিকটে, সৌভাগ্য লভিতে পার সুশিক্ষা গ্রহণে হও যদি ক্ষুন্ন তাহা মন্দ অতি বটে।
উপদেশ সাধারণতঃ তিক্ত ও বিস্বাদ হইয়া থাকে- কিন্তু সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে এই তিক্ততাকে কৃতজ্ঞতায় রূপান্তরিত করিতে পারে এবং তাহার মৌলিক আস্বাদ গ্রহণ করিয়া ঐশ্বর্যশালী হইতে পারে।