ইহা এই জন্য যে, ভিতরের পর্দা যাহা বাহিরের সম্পর্কের সহিত যুক্ত ছিল, তাহা অপসারিত হইয়া গিয়াছে এবং যেহেতু মৃত্যু হইতেছে কিয়ামতের প্রাথমিক পর্যায়, এই জন্য এই সময়ে যে অবস্থা পরিলক্ষিত হয় তাহা উত্তম ও সুন্দর- এমন কি তাহা প্রতিবিম্ব হইতে দূরে এবং মূলের অতি নিকটবর্তী হইয়া থাকে। আর যেহেতু ঘুমের সহিত মৃত্যুর ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্বন্ধ বিদ্যমান, এই হিসাবে কোন কোন ভাগ্যবানের ক্ষেত্রে ঘুমের মধ্যে এই ধরনের অবস্থা দৃষ্টিগোচর হয়, যে অবস্থা মৃত্যুকালের অনুরূপ হইয়া থাকে এবং জাগ্রত অবস্থায়ও তাহার শ্রেষ্ঠত্ব বজায় থাকে। এই অধম অন্য একটি পত্রে বিশদভাবে এই বিষয় সম্পর্কে লিখিয়াছে, তাহা দেখিয়া লইবে। যখন সাময়িক বিচ্ছেদের কাল শেষ হইয়া আসিবে এবং দীর্ঘস্থায়ী (মৃত্যু হইতে পুনরুত্থানের সময় পর্যন্ত ) বিচ্ছেদের যবনিকা উন্মোচিত হইবে এবং অঙ্গ প্রতঙ্গের বিক্ষিপ্ত অংশসমূহ, ক্ষয়প্রাপ্ত জীর্ণ হাড়গোড় একত্রিত করা হইবে, হিসাব- নিকাশের বাধা-বিপত্তি ও ক্ষতির আশংকা হইতে সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন (পাক-সাফ) হইয়া যাইবে- সেই সময়ে মৌলিক উপাদানসমূহ দ্বারা গঠিত দেহের আসল অবস্থায় নৈকট্যের দৌলত হাসিল হইবে এবং দেহ তখন এই আলাহর বাণীর সত্যতার সাক্ষ্য দিতে থাকিবে- "আমি চাই যে, আমার নিয়ামতকে আমি ঐ সমস্ত লোকদিগের জন্য বেশী করিয়া দিই যাহাদিগকে পৃথিবীতে দুর্বল করিয়া দেওয়া হইয়াছিল এবং তাহাদিগকে আমি (এখন) নেতা করিয়া দিব এবং আমার উত্তরাধিকারী (ওযারিস) বানাইব।" এই হতভাগ্য শরীরের উপর যাহারা পার্থিব জগতের কঠিন আঘাতসমূহ সহ্য করিয়াছিল, অত্যাচারীর উৎপীড়ন বরদাস্ত করিয়াছিল, প্রতিকূল আদেশ ও নিষেধের চাপে পিষ্ট হইয়াছিল এবং দুঃসহ মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়াছিল ও পরে মাটির কবরের সহিত সম্পর্ক স্থাপিত হইয়াছিল, একাকী বিচ্ছেদের অনলে ও বাসনার জ্বালায় জ্বলিয়াছিল- অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে, ভরা মজলিশে সমস্ত লোকের সম্মুখে, তাহাদিগকে সাম্রাজ্যের মসনদে বসানো হইবে এবং পূর্ণ মর্যাদায় উচ্চাসনে অধিষ্ঠিত করিয়া আনন্দ আহলাদে ভরপুর ও আরাম-আয়েশে পরিপূর্ণ সেই জগতের নেতা ও পুরোধা করা হইবে। ইহার বিপরীত ব্যাপার পার্থিব জগতের জন্য। এখানে অভ্যন্তর (বাতেন) নৈকট্য লাভের ব্যাপারে প্রধান আর বহিরাঙ্গ (জাহের) তাহার অনুগত। অবশ্য এমন ব্যাপার হইবে না যে, বাতেনের নিকট হইতে সংযোগ কাড়িয়া লইয়া তাহা জাহেরের নিকট অর্পণ করা হইবে। না, তাহা নয়, বরঞ্চ অবস্থা এমন হইবে যে, অশরীরী বাতেন তাহার পূর্ণ মাহাত্ম্য ও মর্যাদা সত্ত্বেও রূপময় অবয়বের (জাহেরের) প্রতি অনুগত হওয়ার ইচ্ছা প্রকাশ করিবে এবং নিজ সংযোগকে তাহার (জাহেরের) সংযোগের বাহু-বন্ধনে একাকার হইয়া যাইতে দেখিবে।
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।