মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

আলাহ্‌তায়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। সত্যিই ইহা এক আশ্চর্য নেয়ামত যে, এই যৌবনকালে সহায়-সম্পদে ভাগ্যবান হওয়া সত্ত্বেও সেই পবিত্র সত্তার দিকে মনোযোগ রাখিতেছ এবং সেইসঙ্গে সকল সময় একাগ্রচিত্ততার জন্য চেষ্টা করিতেছ। এই উচ্চ মর্যাদাসম্পন্ন নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর এবং এই ঐশী দান যাহাতে আরও অধিক মাত্রায় লাভ করিতে পার তাহার জন্য চেষ্টা কর। আলাহ্‌তায়ালা বলেন- 'তোমরা শোকর আদায় (কৃতজ্ঞতা প্রকাশ) করিলে আমি তোমাদের জন্য নেয়ামত আরও বর্ধিত করিয়া দিব।" ইহা জানিতে হইবে যে, আকৃতিগত একাগ্রতা যাহা কেবল বাহ্যিক দিক হইতে সম্পর্কযুক্ত, তাহা এই মৌলিক নেসবতেরই (সম্পর্কেরই) প্রভাবে হইয়া থাকে- যাহার নিয়ামক সেই অদৃশ্য বাতেন। তবে ইহা এমন নহে যে, অদৃশ্য সংযোগ (নেসবতে বাতেন) পূর্ণমাত্রায় বাহ্যিকভাবে উদ্ভাসিত ও প্রকাশিত হইয়া যাইবে। ইহা এই কারণে যে, অদৃশ্য সংযোগ হইতেছে সেই নির্দিষ্ট মনজিলের জন্য প্রেমিকস্বরূপ আর বাহ্যিক অবয়ব হইতেছে তাহার প্রেমিকাসদৃশ্য এবং সেই প্রেমিকার বন্ধনে প্রেমাস্পদ সহজে ধরা দেয় না। মনোহর ইঙ্গিত ও প্রেমের বিচিত্র লীলাখেলা হইতেছে প্রেমিকের জন্য প্রেমউদ্দীপক উপকরণ। প্রণয়াসক্ত প্রেমিকা প্রেমের ব্যাপারে যত বেশী আশান্বিতা ও ব্যাকুল হইয়া উঠে, প্রেমিক সেই পরিমাণে তাহার প্রেমের কলাকৌশল বাড়াইয়া দেয়। অদ্ভুত ব্যাপার হইতেছে, বাহ্যিক অবয়বধারীরূপ যত বেশী অশরীরী অরূপ-রতন-মানসে নিজেকে উৎসর্গ করিতে থাকে এবং তাহার সমৃদ্ধির জন্য আপন মনের মাধুরী মিশাইয়া অরূপের নাগাল পাওয়ার জন্য যত বেশী চেষ্টা করে, অশরীরী অরূপ তাহার নিকট তত বেশী অপরিচিত হইয়া যাইতে থাকে এবং সুদৃশ্য অবয়বধারী রূপের বাহু-বন্ধনের নাগাল হইতে তত দূরে সরিয়া যাইতে থাকে। বাহ্যিক আনুগত্য ও সাধনা, আভ্যন্তরীণ সৌন্দর্য ও সজীবতাকে সমৃদ্ধ করিবার উপায় ও উপকরণ। লক্ষণীয় যে, বাহ্যিক প্রচেষ্টাসমূহ অদৃশ্য বন্ধুত্বের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে- যেহেতু প্রেমের গর্ব ও অমুখাপেক্ষিতা তাহার প্রয়োজনীয় উপাদান- সফলতার শেষপ্রান্তে পৌছাইয়া দেয়। এই কারণেই শেষ সীমায় উপনীত হওয়ার পর সেই অদৃশ্য সংযোগ নিজ জ্ঞান ও বোধশক্তির সীমানার বাহিরে চলিয়া যায়। জনৈক বুজুর্গ বলিয়াছেন, অদৃশ্য যোগাযোগ যত অজানা থাকে তত সুন্দর। সিদ্দীকে আকবর রাদিআলাহু আনহু বর্ণনা করিয়াছেন- "জ্ঞানের বিষয়ে অনুসন্ধান করিয়া সে সম্পর্কে অসামর্থ্য প্রকাশ করাও জ্ঞানের পরিচয়।" বাহিরের এই তৃষ্ণা ও অপ্রাপ্তি সেই অবধি থাকে যে পর্যন্ত বাহ্যিক কার্যকলাপ কায়েম থাকে। বাহ্যিক শৃঙ্খলার মধ্যে যখন বিশৃঙ্খলা ও বিপত্তি দেখা দিবে এবং তাহার মহাপ্রস্থানের ধ্বনি উচ্চকিত হইয়া উঠিবে, গোপন অভ্যন্তর তখন ময়দান খালি পাইয়া স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ্যে পরিদৃশ্যমান হইয়া উঠিবে।

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।