মিরযা তাহের বেগের নিকট লিখিত। মকতুব নং-২৩
আলাহ্তায়ালা যেন তোমাকে অন্যান্য যাবতীয় বস্তুর দাসত্ব হইতে মুক্তি প্রদান করেন এবং নৈকট্য প্রাপ্তির উর্ধ্বারোহণে উন্নতি ও অগ্রগতির ধারা অক্ষুণ্ন রাখেন। যে সর্বক্ষণ জিকিরের সঙ্গে আলাহর প্রশংসায় রত থাকে, এক মুহূর্তের জন্যও গাফেল বা অমনোযোগী হয় না এবং প্রবৃত্তির দাসত্বে সময় অতিবাহিত করে না, সে আলাহর মকবুল বান্দা হইতে পারে। তাঁহার স্মরণকে নিজের উদ্দেশ্য সমূহের সহিত যেন সংমিশ্রিত না করা হয়। এমন অকপট হইতে হইবে যে, নিজ অবস্থা ও সঙ্গতি কোন কিছুর কল্পনাও জিকিরের সহিত মনে আসিবে না। যদি এই রকমভাবে তাঁহাকে স্মরণ করা হয় তাহা হইলে, প্রয়োজন মত সেই পরম করুণাময়ের দয়ায় "তুমি আমাকে স্মরণ কর, আমি তোমাকে স্মরণ করিব"- বাক্য অনুযায়ী ঐ পক্ষ হইতেও তাহাকে স্মরণ করা হইবে। কোন পথে তিনি স্মরণ করিবেন এবং কিভাবে দীনের মহিমা দ্বারা শূন্য পাত্রকে তিনি পূর্ণ করিয়া দিবেন তাহা ধারণাও করা যায় না। জিকিরের সময় সমস্ত কিছু হইতে অন্তরকে খালি রাখিবে এবং বিশুদ্ধ নিয়তের মাধ্যমে নিষ্ঠা ও একাগ্রতার সহিত সর্বদা হাজির থাকিবে। উপস্থিতির প্রকৃতি এমনতর হইবে যেন প্রবৃত্তিও কোন অবকাশে সেখানে প্রবেশ করিতে না পারে এবং তাহার নিজের অস্তিত্বের অবস্থিতি যেন সে অস্তিত্বহীনতার মরুভূমিতে নিশ্চিহ্ন করিয়া দেয়।
যে কাজ রয়েছে আহা সম্পদে ভরপুর কাকে তুমি দিবে তুলে সেই পুতঃপূর।
যাঁহারা হেদায়েতের অনুগামী ও মোস্তফা স. এর অনুসারী তাঁহাদের সকলের প্রতি অফুরন্ত দরূদ ও সালাম।