তরবিয়ত খানের নিকট লিখিত। মকতুব নং-৫৫
তোমার মূল্যবান পত্রখানি, যাহার প্রতি ছত্র বিরহ ব্যথার গাঁথায় আছন্ন ছিল, পাইয়া আনন্দিত হইয়াছি। হে ভ্রাতঃ, আমাদের কী-ই বা আর করার আছে। প্রথম হইতে শেষ পর্যন্ত এই বিশ্ব কেবল বিচ্ছেদ আর বেদনার আবাসস্থল। দর্শন প্রাপ্তির স্থান তো আখেরাত। আলাহ্তায়ালা যেন পরকালের সওদায়, আখেরাতের মঙ্গলের জন্য পুণ্য কাজের মধ্যে তোমাকে সদা উৎসাহী ও আগ্রহান্বিত রাখেন- যাহাতে সেখানে ঈপ্সিত দর্শন প্রাপ্তি বন্দোবস্ত হইয়া যায়। আকাংখিত সত্যের রূপদর্শন যখন সেখানকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেক্ষেত্রে অপরাপরের সহিত দেখা-সাক্ষাৎ তো তাহার শাখা-প্রশাখা মাত্র! হকতায়ালাকে দর্শনের জন্য যে উত্তাপ সহ্য করিবার মত শক্তির দরকার, পার্থিব জীবন তাহার জন্য যথেষ্ট নয়। এই বিশ্ব চরাচরে প্রেমিকের হৃদয় কেবল দগ্ধীভূত হইতে থাকে, চক্ষুদ্বয় থাকে অশ্রু-সিক্ত, সময় জড়াইয়া থাকে বিরহের বিলাপে। হৃদয়ের উত্তাপে দ্রবীভূত অন্তর থাকে ব্যাকুল, বেকারার। আসল সূর্যের উদয়ের অপেক্ষায় প্রেমিকের প্রতিটি রাত কাটে জাগ্রত অবস্থায়, আর সেই মনোলোভা চাঁদের কিরণের জন্য প্রতিটি দিন সে অধীর আগ্রহে থাকে অস্থির আকুল। এই পথ দিয়ে যে সামগ্রী যায় ঐ অনন্ত লোক সে তো শুধু শুষ্ক দুটি ঠোঁট আর অশ্রু ভেজা চোখ। বাঞ্ছিত মূল বস্তু ব্যতীত প্রেমিকের অন্তরে শান্তি থাকে না, সেই পরম সত্য ব্যতীত অন্য কোন কিছুর সহিত তাহার আসক্তি ও ভালোবাসা থাকে না- কেবলই সেই রাগ ও সুরের মুর্ছনায় সে তন্ময় থাকে।
টীকাঃ একজন তরবিয়ত খান জৌনপুরের ফৌজদার ছিলেন, যাঁহার সম্পর্কে মায়সর আলমগীরী পুস্তকে বলা হইয়াছে যে, ১০৯৫ হিজরীতে তাঁহার মৃত্যু হয়। অন্য একজন তরবিয়ত খান ফকরুদ্দীন আহমদে বরলাস সম্পর্কে যিনি শাহজাহানের রাজত্বকালে অন্যতম উমরা ছিলেন- তারিখে মোহাম্মদীর রচয়িতা বর্ণনা করিয়াছেন যে, তিনি ১০৫২ অথবা ১০৫৩ হিজরিতে ইন্তেকাল করেন। আলাহ্তায়ালাই ভাল জানেন, তিনি কোন তরবিয়ত খান ছিলেন।