মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

গাফলতী করা পাপকার্য করা অপেক্ষা অধিক নিন্দনীয়। যদি জলদি তওবা করার নসীব না হয়, সেক্ষেত্রে মৃত্যু যন্ত্রণার পূর্ব পর্যন্ত যেন অবশ্যই ক্ষমা প্রার্থনা করা হয়। হাদীস শরীফে আছে, আলাহ্‌তায়ালা রাত্রে তাঁহার দয়ার হস্ত প্রসারিত করেন, যাহাতে দিনের গোনাহ্‌গার অনুতপ্তচিত্তে তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া লইতে পারে এবং দিনেও তিনি তাঁহার দয়ার হস্ত বিস্তৃত করিয়া দেন, যাহাতে রাত্রির গোনাহ্‌গার তাঁহার নিকট হইতে ক্ষমা প্রার্থনা করিতে পারে। মানুষের উচিত, পরহেজগারী ও সংযমশীলতাকে সে যেন নিজ অভ্যাসে পরিণত করে এবং নিষিদ্ধস্থানে যেন পা না রাখে। কেন না এই আত্মিক পরিভ্রমণের (সুলুকের) পথে নিষেধাজ্ঞা হইতে নিজেকে বিরত রাখা বস্তুতঃপক্ষে আদেশাদি প্রতিপালনের উদাহরণ অপেক্ষা অধিক ফলপ্রসূ ও উন্নয়নকামী। জনৈক দরবেশ বলিয়াছেন, ভাল আমল তো সৎ এবং অসৎ উভয় প্রকারের মানুষই করিয়া থাকে কিন্তু সকল প্রকার পাপ হইতে বাঁচার জন্য চেষ্টা করা কেবলমাত্র সত্যবাদীগণের (সিদ্দীকগণের) কাজ। হাদীস শরীফে আছে, হালাল যেমন স্পষ্টভাবে বোধগম্য, হারামও তদ্রূপ। আর যে বস্তু সম্পর্কে সন্দেহের অবকাশ আছে, তাহা পরিহার কর। যদি নিজের ও পরিবার পরিজনের জন্য ব্যবসা বা ঐ জাতীয় হালাল বৃত্তি কেহ গ্রহণ করে, তাহা দোষণীয় নয় বরং প্রশংসনীয় ও পুণ্যকর্ম, কেন না পূর্বপুরুষগণও তাহা করিয়া গিয়াছেন। হাদীস শরীফে হালাল বৃত্তির শ্রেষ্ঠত্ব সম্পর্কে অনেক কিছু বর্ণনা করা হইয়াছে। যদি কেহ আলাহ্‌তায়ালার উপর ভরসাকে একমাত্র অবলম্বন বলিয়া গ্রহণ করে তবে তাহাও উত্তম- কিন্তু শর্ত হইতেছে যে, কাহারও প্রতি বিদ্বেষ ভাব পোষণ করিবে না এবং লোভের বশবর্তী হইবে না। আবু মোহাম্মদ মনাজিল র. বলিয়াছেন, কোন কিছু না করিয়া কেবলমাত্র আলাহ্‌তায়ালার উপর ভরসা (তাওয়াক্কুল) করার তুলনায় যে কোন হালাল বৃত্তি অবলম্বন করিয়া আলাহ্‌তায়ালার উপর ভরসা করা শ্রেয়ঃ। আহার করার সময় সংযতচিত্ত হইতে হইবে। এত অধিক পরিমাণে আহার করিবে না যাহার ফলে এবাদতে অলসতা ও মন্থরতার সৃষ্টি হইতে পারে এবং এমন কম পরিমাণে আহার করিবে না যাহা (দুর্বলতার জন্য) আলাহ্‌তায়ালার জিকির ও আনুগত্যের ইবাদতে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করিতে পারে। হজরত খাজা নকশবন্দ র. এরশাদ করিয়াছেন, ভাল ভাল সুস্বাদু খাবার খাও। কিন্তু দ্বীনের কাজও ভালভাবে পালন কর। খাওয়ার ব্যাপারে আসল কথা হইতেছে, আলাহ্‌তায়ালার প্রতি সকল সময় অনুগত থাকার জন্য যে পরিমাণ আহার বান্দার জন্য সহায়ক এবং সাহায্যকারী হইতে পারে, তাহাই সর্বাপেক্ষা উত্তম ও কল্যাণকর। আর ভিতরের এই আনুগত্যের কারখানাতে যে পরিমাণ অতিরিক্ত আহার বিঘ্ন ও বিশৃঙ্খরার সৃষ্টি করে, তাহা নিঃসন্দেহে নিষিদ্ধ ও পরিত্যাজ্য।

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।