যদি সে না আসে নিজ হতে খুশী মনে চুলের বাহার তাকে আনবে যে টেনে। যদি প্রকাশ্যে পীরের সহিত কোন সম্পর্ক নাও থাকে, তবু আলাহ্তায়ালা তাহার প্রতি দয়া করেন এবং একেবারে পথের মাঝে ছাড়িয়া দেন না। ইহা ব্যতীত বাকী সমস্ত কিছু এনাবতের রাস্তায় চলে এবং প্রকাশ্যে পীরের সহবতের মুখাপেক্ষী হইতে হয়। ইহার সহিত উহার বিরাট পার্থক্য বিদ্যমান। হজরত মোজাদ্দেদ র. এর বন্ধুত্ব (মাহবুবিয়াত) হজরত খাজা বাকীবিলাহ্ র. এর নিকটও সম্পূর্ণরূপে স্বীকৃত ছিল। হজরত খাজা র. আমাদের হজরত মোজাদ্দেদ র. এর সম্পর্কে এই কবিতা পাঠ করিতেন- প্রিয়ার হিয়ার মাঝে গোপনে লুকানো থাকে আমরণ প্রেমের বৈশাখী ঝড় আর প্রেমিকের প্রেম-উন্মত্ত মত্ততা থেকে জেনে যায় সবে প্রেমের খবর। প্রেমের কারণে দিন দিন ক্ষীণ হয়ে পড়ে প্রেমিকের দেহতনুমন আর প্রেমের সায়রে নিভৃতে সাঁতার কেটে ফুটে উঠে প্রিয়া ফুলের মতন।
এই ফকির যাহা কিছু লিখিয়াছে তাহা এনাবতের রাস্তার সহিত সম্পর্কযুক্ত। সাধারণভাবে ইহাই হইতেছে মুরিদের পথ। এই পথ সম্পর্কেই আমি লিখিয়াছিলাম যে, অধিকাংশ ক্ষেত্রে শায়েখের সহবতের উপরে উন্নতির সম্বন্ধ বিদ্যমান থাকে। সেই সমস্ত উদার ও উচ্চ আখলাকের (আচার ব্যবহারের) মহত্ব হইতে তুমি কিছুমাত্র দূরে নহ। সর্বদা দোয়ার সহিত নিরাপত্তাজনিত শুভ পরিণতির জন্য স্মরণ রাখিবে। যাঁহারা সরল পথে চলেন এবং নবী করিম স. এর অনুসরণ করেন তাঁহাদের সকলের প্রতি সালাম।