প্রেমিকের খোঁজ পেলে তাদের সাথে রেখো মেলামেশা আপন মতন সহবতে থেকে থেকে তুমিও হয়তো দেখো হয়ে যাবে প্রেমিক এমন। প্রেমের আঘাত পেলে সে আঘাত খুশী মনে রাখিও অন্তরে তব ধরি যেথা প্রেম ও প্রেমিক নাই, পড়িও না আকর্ষণে অনর্থক মেলামেশা করি। আর প্রকৃত আশেক ব্যক্তি সেই হইতে পারে, যে পয়গম্বর আলায়হি সালাতু ওয়া সালামের প্রতি অকপট আনুগত্যে অটল থাকিতে পারে। কুল ইন কুন্তুম তুহিবুনালহা ফাত্তাবিউনি ইউহ্বিব কুমুলাহ্- পাক কালামের এই আয়াত হইতে সেই সত্যেরই প্রকাশ পাওয়া যাইতেছে। যাঁহারা সরল পথের প্রতি অনুগত তাঁহাদের সকলের প্রতি সালাম।
মিরজা খানের নিকট লিখিত। মকতুব নং- ২৬
আলাহ্তায়ালার জন্য সমস্ত প্রশংসা ও নবী করিম স. এর প্রতি দরূদসমূহের পর জানাইতেছি, তুমি যে টাকা প্রেরণ করিয়াছ, তাহা পাইয়াছি এবং তোমাকে সেজন্য ধন্যবাদ জানাইতেছি। এইদিকের ফকিরদের অবস্থা আলাহ্পাকের প্রশংসার যোগ্য। তোমার সর্বাঙ্গীন কল্যাণ, শরীয়ত ও সুন্নতের প্রতি অটল অবস্থা এবং মর্যাদাবাহী বাহ্যিক ও অভ্যন্তরীণ উন্নতি কামনা করি। তোমার পত্রও পাইয়াছি। দেখ, যে সমস্ত দোয়া ও জিকির সম্পর্কে এই ফকির তোমাকে বলিয়াছে, তাহা এই তরিকার শর্তাবলীর সহিত পরম্পরাযুক্ত মুখ্য বিষয় ছিল না কিংবা তরিকার রীতিনীতির উপর যে তাহাতে কোন বাধ্যবাধকতা ছিল তাহাও নয়। তথাপি তাহা এই রকমভাবে বলা ছিল, যাহাতে তুমি একেবারে খালি অবস্থায় না থাক এবং সহবত লাভ করার মাধ্যমে তুমি সময় অতিবাহিত করিতে পার, যেন গাফলতীর ভিতরে থাকিয়া সময় নষ্ট না হইয়া যায়।