প্রবৃত্তিপীড়িত পৃথিবীবাসীদের আরোগ্য-অভিযানে সঠিক নেতৃত্ব যাঁরা দিয়েছিলেন, নিঃসন্দেহে তাঁরাই নবী এবং রসুল-অন্য কেউ নয়। জীবনকে পূর্ণ নিরাময় করতে পেরেছিলেন তাঁরাই, যাঁরা ছিলেন তাঁদের সফল অনুকারক। নিষ্ফলতায় নিমজ্জিত হয়েছে বিরুদ্ধবাদীরা। প্রকৃতপক্ষে নবী রসুলদের জ্যোতির্ময় আদর্শের বিরুদ্ধাচরণকারীরাই যুগে যুগে ডেকে এনেছে পৃথিবীতে জীবনবিমুখতার দীর্ণ দৃষ্টান্ত বার বার। তবু থেমে থাকেনি এই মহাঅভিযান আজো। হজরত আদম আ. থেকে শুরু শেষ নবী মোহাম্মাদুর রসুলুলাহ স. পর্যন্ত প্রসারিত হয়েছিলো যে জীবন-শুশ্রূষার সংগ্রাম- তার ধারাবাহিকতা বহমান এখনো। মহানবী মোহাম্মদ স. এর উম্মতগণের মধ্য থেকে দ্বীনদার আলেম এবং কামেল পীর দরবেশরা এখনো করে চলেছেন এই দুর্বার অভিযানের সফল সেনাপতিত্ব। নবী করিম স. এর এই সব উত্তরাধিকারীদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত এ অভিযান চলবে। চলবেই। পতনের পথের পথিকগণ, থামুন। ভেবে দেখুন একটি বারের জন্য- কী বিস্তর ব্যবধানে সরে এসেছি আমরা সত্য পথ থেকে। অনিকেত জীবন থেকে ফিরে আসবার সময় হয়নি কি এখনো? নিশ্চিত জীবন লাভের উদ্বেল বাসনায় এখনো কি অন্তরে জ্বলে উঠেনি অনুতাপের অনির্বাণ আগুন? পথ প্রদর্শক পীর মোর্শেদ খঁুজবো কবে? কবে আমরা গ্রহণ করবো বায়াতের পবিত্র শপথ। দ্বিধার দেয়াল ভেঙ্গে কতোদিন পরে আর আমরা অর্জন করবো আমাদের আধ্যাত্মিক উত্তরাধিকার? প্রবৃত্তির প্রতাপ আর শয়তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কবে আমরা পালন করতে শিখবো খাঁটি বিশ্বাসীদের মতো প্রতিবাদী ভূমিকা?
— Page 7 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.