শায়েখ আরবের নিকট লিখিত। মকতুব নং-১৪
আমলের হিসাবে যাহার দুইটি দিন একইভাবে অতিবাহিত হয় অর্থাৎ আগের দিনের তুলনায় পরের দিনে দ্বীনি আমলে যে অধিক তরক্কি করিতে পারে না সে ক্ষতির মধ্যে থাকে। তোমার সময়কে তুমি নিত্যদিনের প্রার্থনাসমূহের (অজিফাসমূহের) এবং ইবাদত ও আনুগত্যের মধ্যে নিয়োজিত রাখ। অবকাশের সময় খুব কম, সেই সময়টুকুও বাতেনকে সুগঠিত এবং কলবকে নূরান্বিত করার কাজে লাগাও। কেবল বাহিরকে (জাহেরকে) সুসজ্জিত ও সুগঠিত করা যেমন ভিতরের (বাতেনের) জন্য ক্ষতির কারণস্বরূপ তেমনি বাহিরের (জাহেরের) প্রতি বেখেয়াল ও উদাস থাকাও ভিতরের জন্য (বাতেনের) ক্ষতির কারণস্বরূপ। কেননা জাহের এবং বাতেন একে অপরের পরিপূরক। আর আমরা জাগতিক কামনা বাসনা ও উচ্চ আকাংখার জন্য কেবল জাহেরকে সুসজ্জিত ও সুপ্রতিষ্ঠিত করার পিছনে লাগিয়া থাকি। বাতেনের প্রতি এই উদাসীনতায় অভ্যন্তরের অবক্ষয় সম্পর্কে আমরা আর কতটুকু খোঁজ খবর রাখিতে পারি।
টীকাঃ শায়েখ আরব, শায়েখ নূর র. এর ফরজন্দ আখুন দরওয়িজা র. এর খলিফা শায়েখ আদম বন্নুবী র. এর খাস্ মুরিদ ছিলেন। সকাল সন্ধ্যা হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর মকতুবাত শরীফের অধ্যয়নে মশগুল থাকিতেন। তারিখে মোহাম্মদী গ্রন্থে ১০৯৬ হিজরীতে আরব শেখ নামক এক ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, যাহার সম্পর্ক ঐ গ্রন্থে বলা হইয়াছে- আরব শেখ (যিনি মুগল খান নামে সমধিক পরিচিত) ইবনে তাহের খান বাদশাহ্ আলমগীরের রাজত্বকালে মালুহতে প্রাদেশিক শাসনকর্তা থাকা অবস্থায় ১০৯৬ হিজরীর ২২শে শাবান ইন্তেকাল করেন। মায়াসারুল উমরা গ্রন্থের তৃতীয় খণ্ডে আরব শেখ নামে এই আমীরের বিশদ বর্ণনা পাওয়া যায়, যাহার সংক্ষিপ্তসার হইতেছে- মুগল খান আরব শেখ হইলেন তাহের খান বলখীর পুত্র। মুগল খান তাঁহার উপাধি ছিল। তিনি বাদশাহ আলমগীরের রাজত্বকালে উচ্চপদস্থ রাজ কর্মচারী (মনসবদার) ছিলেন এবং চাকুরীতে μমশঃ উন্নতি করিতে থাকেন। শেষ পর্যন্ত মালুহ প্রদেশের শাসনকর্তা (সুবাহদার) হইয়াছিলেন এবং তিন হাজারী মনসব এবং সাড়ে তিন হাজারী অশ্বারোহী দ্বারা সম্মানিত হইয়াছিলেন। ১০৯৬ হিজরীতে তাঁহার মৃত্যু হইয়াছিল।