এক সূত্র অনুযায়ী ৬৫ বৎসর। আলেম-ওলামাগণ এইসকল মতামতকে এমনভাবে সমন্বয় করিয়াছেন যে, যাঁহারা ৬৩ বৎসরের পক্ষে বলিয়াছে তাঁহারা বেলাদত (জন্ম) ও ওফাতের বৎসর গণনা করেন নাই এবং যাঁহারা ৬৫ বৎসর বলিয়াছেন, তাঁহারা বেলাদত ও ওফাতের বৎসরকেও হিসাবে ধরিয়াছেন। আর যাঁহারা ৬০ বৎসর বলিয়া বর্ণনা করিয়াছেন, তাঁহারা কেবলমাত্র দশককে গ্রহণ করিয়া ভগ্নাংশ ছাড়িয়া দিয়াছেন। যাঁহারা সত্য পথের প্রতি আনুগত্য প্রদর্শনকারী তাঁহাদিগকে সালাম।
হাজী শরীফের নিকট লিখিত। মকতুব নং -১১
হজরত মুসা আলায়হিস সালাম সম্পর্কে কোরআন মজীদে বর্ণনা করা হইয়াছে "ফাখাফ ইন্না ইয়াকতা'লুন" অর্থাৎ "আমি ভয় করিতেছি যে ফেরাউনীগণ আমাকে হত্যা করিয়া ফেলিবে।" তাঁহার এই উক্তিতে তবলীগ (ধর্ম প্রচার) সম্পর্কে তিনি আপত্তি বা অসম্মতি (এনকার) প্রকাশ করেন নাই। বরঞ্চ ইহাতে তাঁহার সেই সময়ের অবস্থা বিশেষেরই বর্ণনা ছিল এবং এই ধরনের ইঙ্গিত ছিল যে, আমি নিহত হইলে আমার মাধ্যমে তবলীগের কাজ করা যে আর সম্ভব হইবে না। তবলীগের ব্যাপারে কোন প্রকার ওজর আপত্তি থাকিলে তিনি এ কথা কেন বলিবেনঃ "আমার জিহ্বার গ্রন্থি তুমি খুলিয়া দাও, যাহাতে মানুষ আমার কথা বুঝিতে পারে এবং আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী ও অংশীদার করিয়া দাও।"
টীকাঃ হাজী শরীফ, হজরত মোহাম্মদ মাসুম র. এর আদেশ পালনকারী সহচর এবং বিশিষ্ট খলিফা ছিলেন (রওজাতুল কাইয়ুমিয়া, দ্বিতীয় খণ্ড)।