না। জীবনের আয়ু এখন শেষ হইয়া আসিয়াছে। শুধু মালিকের নিকট ফিরিয়া যাওয়ার অপেক্ষা এখন। কিন্তু তাহার পূর্বেই তিনি গায়েব হইতে সেই আলেমুল গায়েবের ইশারা পাইয়া গিয়াছেন। অনেকের উপস্থিতিতে হজরত একদিন বলিলেন, সব হাকীমের সেরা হাকীম যিনি, তাঁহার হেকমতে ঔষধের সমস্ত কার্যক্ষমতা আমার জন্য নষ্ট হইয়া গিয়াছে। এখন ঔষধে আর কোন উপকার হইবে না। বন্ধুর নিকট হইতে খবর আসিয়াছে, আমাকে সৃষ্টি করার যে উদ্দেশ্য তাঁহার ছিল, তাহা তিনি নিজ মেহেরবানিতে পূর্ণ করিয়া দিয়াছেন। এখন শুধু শেষ প্রশংসার সময়টুকু বাকী। ইহার পর হজরত নিজের আয়ত্বে আর কোন কিছু রাখিলেন না। এমনকি কুতুবখানা পর্যন্ত পুত্রগণের মধ্যে তক্সীম করিয়া দিলেন। কখন সেই শেষ মুহূর্তের ডাক আসিয়া পড়ে কে জানে। নিজেকে তাই তিনি সবদিক হইতে খালি করিয়া দিয়া সেই অন্তিম ডাকের জন্য নিজেকে সবদিক হইতে প্রস্তুত করিয়া রাখিলেন। এখন খালি হাত-পা। নিঃসম্বল তিনি, সহায়-সম্বলহীন। কোন কিছু আর তাঁহার এখতিয়ারে নাই, কেবল যাওয়ার ইনতেজার এখন। সেজন্য তৈরী তিনি। নিজেকে সবদিক হইতে তৈরী করিয়া রাখিয়াছেন। ডাক আসা মাত্র সেই ডাকে সাড়া দিবার জন্য তিনি প্রস্তুত। হিজরী ১০৭৯ সনের ১০ই মহররম লোকজনকে সমবেত করিয়া হজরত খাজা র. তাহাদিগকে অসিয়ত করিলেন। বলিলেন, তোমাদিগকে সব সময় যাহা বলিয়াছি এখনও তাহাই বলিতেছি। নূতন করিয়া বলার কোন কিছু নাই। স্মরণ রাখিও, সমস্ত জীবনব্যাপী ইবাদতের মূল কথা হইতেছে, কোরআন হাদীসের নির্দেশ অনুযায়ী আমল করা। কখনও শরীয়তের বাহিরে পা রাখিবে না। ইজমা ও মোজতাহেদগণের অভিমত অনুসরণ করিবে। সফর মাসের শেষে হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর উরস মোবারকের দিন আসিয়া পড়িল। হজরত মাসুম র. বৎসরে দুইবার উরস শরীফের আয়োজন করিতেন। প্রথমটা হজরত নবী করিম স. এর জন্য এবং দ্বিতীয়টি হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর ওফাত দিবস উপলক্ষে। পিতার পবিত্র উরসের দিনে সমবেত সকলের সম্মুখে হজরত মাসুম র. বলিলেন, এই পূত-পবিত্র রবিউল আউয়াল মাসে জনাবে রসুলুলাহ স. এর ওফাত হইয়াছে। আমার বেকারার দিল তো কেবল ইহাই চাহিতেছে যে, আমিও যেন শেষ সফরে এই রবিউল আউয়াল মাসে জনাবে রসুলেপাক স. এর অনুসরণ করিয়া তাঁহার খেদমতে হাজির হইতে পারি।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।