আগত মহিলাগণকে যাহাতে ঘরে ফিরিয়া যাইবার পর কষ্ট করিয়া রাত্রির খাবার পাক করিতে না হয়, সেজন্য তাহাদের পরিবার পরিজনদের সকলের জন্য প্রচুর পরিমাণ আহার সামগ্রী দিয়া অত্যন্ত সম্মানের সহিত মহিলাগণকে বিদায় জানাইতেন। রাত্রি কিছু অধিক হইলে হজরত অজু করিয়া চার রাকাত কেয়ামে লায়েল নামাজ পড়িতেন। কেয়ামে লায়েল নামাজ হইতে ফারাগ হইবার পর হজরত শায়েখ ইস্তেগফার তসবীহ্ তকবীর তেলাওয়াত ইত্যাদিতে মশগুল হইয়া যাইতেন এবং অধিক রাত্রিতে দোয়া মাছুরা পড়িতে পড়িতে ডান দিকে ফিরিয়া শয়ন করিতেন। তাহার পর নির্দ্দিষ্ট সময়ে তাহাজ্জুদ নামাজের জন্য শয্যা ত্যাগ করিতেন এবং পূর্ণ সতর্কতার সহিত এস্তেনজা সমাধা করিয়া ভালভাবে অজু করিতেন। অজু করিবার সময় যখন তিনি বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করিতেন তখন মনোযোগের সহিত অজুর দোয়াসমূহ পাঠ করিতেন। হজরত খাজা র. রমজান মাসে অধিকাংশ সময় ইবাদতে রত থাকিতেন এবং কথাবার্তা কম বলিতেন। অত্যন্ত সম্মানের সহিত তিনি রমজান শরীফের মাস অতিবাহিত করিতেন এবং কোথাও সামান্য ভুল ত্রুটিও যাহাতে না হইতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখিতেন। আম-খাস্ নির্বিশেষে সকলকে ইফতারের দাওয়াত দিতেন এবং রমজানের শেষ দশদিন মসজিদে এতেক্বাফ্ করিতেন। রমজান মাসের প্রতি আরও অধিক সম্মান প্রদর্শনের জন্য খাদেম ও মুরিদগণকে তিনি কঠোরভাবে শরীয়তের নিয়মসমূহ পালন করিয়া চলার জন্য তাকীদ দিতেন এবং শায়েখের মহব্বত ও সহবত বেশী করিয়া হাসিল করিবার জন্য বলিতেন। বড় ভাইদের প্রতি হজরত যথাযথ সম্মান প্রদর্শন করিতেন এবং সকল সময় আদব রক্ষা করিয়া চলিতেন। বড় ভাইয়ের পাল্কী যদি হজরত কখনও তাঁহার বাসগৃহের সম্মুখ দিয়া যাইতে দেখিতেন, তাহা হইলে তৎক্ষণাৎ তিনি সম্মানের সহিত দাঁড়াইয়া যাইতেন এবং পাল্কী অদৃশ্য না হওয়া পর্যন্ত আসন গ্রহণ করিতেন না। একদা ইহা দেখিয়া জনৈক খাদেম জানিতে চাহিয়াছিলেন যে, বড় হুজুরের পাল্কীতো অনেক দূরে থাকে এবং এই দিকে তিনি লক্ষ্যও করেন না, তবুও তাঁহার পাল্কী দেখিয়া হজরত কেন দাঁড়াইয়া থাকেন। উত্তরে হজরত খাজা র. বলিয়াছিলেন, তিনি আমাকে দেখার পরে আমি তাঁহার প্রতি সম্মান দেখাইব, ইহা আমার মকসুদ নহে। হজরত খাজা মাসুম র. প্রায়ই গেঁটে বাতে ভুগিতেন। একবার এই বাতের আμমণে ব্যথার প্রকোপ অত্যন্ত বাড়িয়া গেল এবং কোন ঔষধই ফলদায়ক হইল না। বাহ্যিক এই লক্ষণে তিনি বুঝিতে পারিলেন, ঔষধে আর কোন ফায়দা হইবে
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।