মকতুবাতে মাসুমিয়া
/ ١٩٧
📝 نص 📖 PDF

দিলীর বাদশাহ্‌ ফিরোজশাহ্‌ তোঘলককে এই গুঢ়তত্ত্ব সম্পর্কে অবহিত করিয়া হজরত মখদুম জাহানিয়া র. সেই স্থানে বসতি স্থাপনের ব্যবস্থা করিবার জন্য বাদশাহ্‌কে বলিলেন। বাদশাহ্‌ ফিরোজশাহ্‌ তোঘলক অত্যন্ত ধর্মভীরু ও পরহেজগার ব্যক্তি ছিলেন। হজরতের হাতে তিনি বায়াতও হইয়াছিলেন। পীর কেবলার অভিপ্রায় অনুযায়ী তিনি তৎক্ষণাৎ উজির ফতেহ্‌উলাহকে সেরহেন্দ জঙ্গলের সেই স্থানে অনতিবিলম্বে একটি কেলা নির্মাণ করিবার জন্য আদেশ দিলেন। উজির খাজা ফতেহউলাহ্‌ কালবিলম্ব না করিয়া বহু লোকজন সমভিব্যাহারে সেই নির্দিষ্ট স্থানে পেঁৗছিলেন এবং স্থান নির্বাচনের পর কেলা নির্মাণের কাজ শুরু করিলেন। কেলা নির্মাণ করিতে যাইয়া উজির ফতেহউলাহ অদৃশ্য বিপদের সম্মুখীন হইলেন। শত শত লোকজনের সম্মিলিত পরিশ্রমে সারাদিন যে পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হইত, রাত্রে সকলের অগোচরে তাহা নিঃশব্দে ধ্বসিয়া পড়িত। রাত্রে পাহারা বসাইয়া এবং বহু চেষ্টা করিয়াও কোন ফল হইল না। প্রতি রাত্রে ঐ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিতে থাকে। রাত্রি শেষে দেখা যায়, কেবলমাত্র বিক্ষিপ্ত ধ্বংসস্তুপ ছাড়া সেখানে পূর্বদিনের নির্মাণ কার্যের কোন চিহ্নই অবশিষ্ট নাই। লোকজনের অক্লান্ত পরিশ্রম এবং রাজকোষের অর্থ প্রতিদিন বরবাদ হইয়া যাইতেছে। পর পর কয়েকদিনের পৌনঃপুনিক চেষ্টার পর উজির প্রমাদ গণিলেন। ব্যর্থতা ও আশাভঙ্গের কারণে তিনি মুষড়িয়া পড়িলেন। অবশেষে লোকজনদের সেখানে অপেক্ষা করিতে বলিয়া তিনি দিলী ফিরিয়া গেলেন এবং সম্রাটকে সেই অলৌকিক ঘটনা সম্পর্কে সবকিছু অবহিত করিলেন। সম্রাট ফিরোজশাহ্‌ বুঝিতে পারিলেন, এই ঘটনার সহিত হয়ত কোন অদৃশ্য রহস্যের যোগ রহিয়াছে। তিনি তাঁহার মোর্শেদকে ঘটনা সম্পর্কে সবকিছু অবহিত করিলেন। সম্রাটের নিকট হইতে সমস্ত সংবাদ শোনার পর পীর-মোর্শেদ হজরত মখদুম জাহানিয়া র. উজিরের ছোট ভাই ও তাঁহার প্রিয় খলিফা হজরত ইমাম রফিউদ্দীনকে উক্ত কেলা নির্মাণের দায়িত্ব প্রদান করিলেন। জনবসতিহীন জঙ্গলের পবিত্র মাটিকে আলাহ্‌তায়ালা এতকাল পরে বসতি স্থাপনের জন্য মনোনীত করিয়াছেন- যেখান হইতে দ্বীন ইসলাম ও মারেফতের পবিত্র নূর, ফারূকী বংশের মাধ্যমে দিগদিগন্তে ছড়াইয়া পড়িবে। সেরহিন্দের সেই ভিত্তি স্থাপনের সূচনায় তাই ফাঁকি বা অবহেলার কোন অবকাশ ছিল না। সম্রাটের লোকজন হজরত শাহ্‌ বু-আলী কলন্দর র.কে কুলি ভাবিয়া জোর করিয়া তাঁহাকে বেগার খাটাইত। বিনা পারিশ্রমিকে তাঁহার প্রতি এই অন্যায়ের প্রতিফল হিসাবে তাঁহারই কারামতে কেলা নির্মাণের জন্য দিনের সমস্ত কাজ রাত্রে সকলের অগোচরে পণ্ড হইয়া যাইত।

— صفحة ١٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.