জন্যে নয়। এ সমস্ত কিছু তিনি যাঁর কাছ থেকে লাভ করেছেন- সেই আদিঅন্তহীন জাত পাকেরই মহিমা সমুন্নত করেছেন। যিনি নক্ষত্র জগতের একচ্ছত্র অধিপতি। সমগ্র বিশ্ব জগতের মহামহিম প্রতিপালক। তাঁরই প্রশংসা কেবল হজরত সুলায়মান আ. জ্ঞাপন করেছেন। অনুশোচনায় বিগলিত সাবার রাণী আহত স্বরে বলে উঠলেন, 'হে আমার প্রতিপালক! আমি আপনার প্রদর্শিত পথ থেকে দূরে সরে নিজের প্রতি অন্যায় করেছি। আমি হজরত সুলায়মান আ. এর দলভুক্ত বলে নিজেকে ঘোষণা করলাম এবং ইমান আনলাম বিশ্বগজতের প্রতিপালক আলাহ্তায়ালার প্রতি।'
একুশ
সন্ধ্যা নিকটবর্তী। যুদ্ধের ময়দানে রয়েছেন হজরত সুলায়মান আ.। হঠাৎ তাঁর খেয়াল হলো যুদ্ধাশ্বগুলোর কথা। বাহন হিসেবে আনা ঘোড়াগুলো তো দেখা হয়নি এ পর্যন্ত। প্রাণীগুলো দেখতে চাইলেন নবী। কেমন এগুলো। দেখতে সুশ্রী তো। যুদ্ধকালীন উপযোগীতাই বা এগুলোর কেমন। দেখা যাক। আদেশ করলেন নবী ঘোড়াসমূহ নিয়ে আসার জন্যে। নির্দেশ পেয়ে অনুগত সৈনিকেরা আস্তাবলের দিকে ছুটলো। তারপর নিয়ে এলো সেগুলো হজরত সুলায়মান আ. এর সামনে। অশ্বগুলো দেখে খুশী হন তিনি। চমৎকার। খুব ভালো। এগুলো সত্যি দেখার মতো বটে। এরকম উত্তম বংশজাত সুদর্শন, দ্রুতগামী ঘোড়াই তো চাই। এ ধরনের প্রশিক্ষিত ঘোড়াই তাঁর প্রয়োজন। অশ্ব সম্পর্কে হজরত সুলায়মান আ. এর পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে। ঘোড়াসমূহ দেখে তাঁর বুঝতে বিলম্ব হয়নি যে, এগুলো সদ্বংশজাত। এগুলো যে বেশ গুণী তা তিনি প্রথম দর্শনেই সমঝে গেছেন। এ প্রাণীরা যুদ্ধ সরঞ্জাম হিসেবে খুব ভালো ফল দেবে এ কথাও বলে দেয়া যায়। হজরত সুলায়মান আ. স্বগতোক্তির মতো বলে ফেললেন, 'এ অশ্বগুলোর সাথে আমার ভালোবাসা এমন ধনৈশ্বর্যের মতো যা আলাহ্পাকের স্বরণেরই অঙ্গীভূত।