নবীর কথা সমাপ্ত হতেই বিষম খেলো দূতরা। কি সাংঘাতিক কথা। মারাত্মক ভয়ের কথা। তাদের দেহে কাঁপুনি ধরে গেলো। এমনিতেই দূতগণ ফিলিস্তিনের পথঘাট, মহামূল্যবান পাথরখচিত ভবন ইত্যাদি দেখে হতবাক হয়ে গিয়েছে। তারপর দরবারে ঢুকে হয়েছে স্তম্ভিত। কাজেই হজরত সুলায়মান আ. এর দৃঢ়চেতা কথাবার্তা তাদের রক্ত হিম করে ফেললো। দেহ তাদের নিশ্চল হয়ে যাওয়ার উপμম হলে কি হবে অন্তর হয়ে উঠলো অস্থির। কতক্ষণে নবীর দরবার থেকে কেটে পড়া যায় সে চিন্তাই তাদের প্রধান হয়ে দাঁড়ালো। কোনোরকমে শরীর টেনে নিয়ে বের হয়ে পড়লো সাবা রাজ্যের প্রতিনিধিরা। উহ বাঁচা গেলো! পৈতৃক দেহটা যে টিকে আছে এখনো। মুণ্ডুটা ধড় থেকে আলাদা করে দিলেই বা কি হতো। নাহ। আর ভাবা যায় না।
আঠার
বিফল মনোরথ হয়ে দূতরা সাবায় ফিরে এলো। এদিকে রাণী উদগ্রীব হয়ে আছেন তাদের প্রতীক্ষায়। আগমন সংবাদ পেয়েই রাণী চঞ্চল হয়ে উঠলেন। ডেকে পাঠালেন তাদেরকে। প্রশ্নের দৃষ্টি নিয়ে তাকালেন তাদের দিকে। বিব্রত দূতরা ইতস্তত করতে লাগলো। অভয় দিলেন রাণী, 'কোনো ভয় নেই। নির্ভয়ে বলো।' দূতরা তাদের বিস্ময়কর অভিজ্ঞতার কথা দেশনেত্রীর কাছে সবিনয়ে নিবেদন করে বললো, 'আর বলবেন না। বিচিত্র এক দেশ দেখার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছে আমাদের। আশ্চর্য ব্যাপার! সব এলাহি কাণ্ড কারখানা। যেমন বাদশাহ্ হজরত সুলায়মান আ.। তাঁকে বোঝা আমাদের সাধ্যের অতীত। তবে হঁ্যা, এটুকু বলা যায়। শুধু মানুষ নয়, ভয়াবহ জ্বিন, পশুপাখি সবই তাঁর আজ্ঞাবহ। এরা সবসময় সম্মিলিতভাবে বাদশাহ্র নির্দেশ পালনের জন্যে অপেক্ষা করে। এমন ক্ষমতাধর সম্রাটের বিরুদ্ধে আমরা কেনো, পৃথিবীর কোনো শক্তিই দাঁড়াতে পারবে না। আর যে উপহার আমরা নিয়ে গিয়েছিলাম, তা ছিলো আমাদের জন্যে নিতান্তই লজ্জাজনক ব্যাপার। তাঁর ঐশ্বর্যের মোকাবেলায় সে উপহার উপেক্ষা করার মতোই।'