রাজ্যের রাণীরূপে দেখেছি। যিনি সেখানকার শাসনকার্য পরিচালনা করেন। তার অধিকারে বহুবিধ সাজ সরঞ্জাম রয়েছে এবং একটি বিশেষ কারুকাজকৃত সিংহাসনও তার রয়েছে। সে এবং তার সম্প্রদায় আলাহ্তায়ালাকে ছেড়ে সূর্যের উপাসনায় লিপ্ত রয়েছে। শয়তান তাদের কাজগুলো তাদের কাছে সুশোভিত করে প্রদর্শন করেছে। ফলে সে তাদেরকে সত্যপথ থেকে বিচ্যুত করতে সক্ষম হয়েছে। তাই তারা পথভ্রষ্ট হয়ে পড়েছে।' এক নিঃশ্বাসে কথাগুলো বলে হুদহুদ থামলো। প্রাণভরে দম নিতে পেরে হাঁফ ছেড়ে বাঁচলো। হুদহুদের নিয়ে আসা তথ্য শুনে হজরত সুলায়মান আ. বললেন, 'আমি দেখবো তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত কিনা। তুমি আমার পত্র নিয়ে সে রাণীর কাছে যাও। এটি তার সামনে রেখে দূর থেকে লক্ষ্য করবে সে কি উত্তর প্রদান করে।'
ষোল
সাবা। একটি সমৃদ্ধ রাজ্যের নাম। মধ্যমাকৃতির এ দেশটি ইয়ামানের রাজধানী সানার অদূরে রাজধানী প্রতিষ্ঠা করেছে। সাবার আরেক পরিচিতি মারেব নামে। তবে এ যুগে সাবা নামেই সমধিক পরিচিত। সাবা নামটি এ অঞ্চলের একজন কৃতি পূর্বপুরুষের নাম। ঠিক নাম নয়। এটা ছিলো তার উপাধি। যার বীরত্বের বহু কাহিনী আজো এলাকার লোকমুখে শোনা যায়। ক্ষণজন্মা এ ব্যক্তিটি সাবা রাজ্যের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কৃতিত্বভাস্বর কর্মকাণ্ডের কথা সাবাবাসী গভীর কৃতজ্ঞতার সাথে আজো স্মরণ করে। সাবার দশ দশটি পুত্র সন্তান জন্মেছিলো। সকলেই পিতার প্রযত্নে লালিত পালিত হন। বড় হয়ে উঠলে পরে তাদেরও খ্যাতি দিকে দিকে ছড়াতে থাকে। পিতার মতো না হলেও সুনাম তাদের কম ছিলো না। তাদের কাছেও সাবা জাতি ঋণী। পরবর্তীকালে এদের মধ্য থেকে ছয়জন ইয়ামানে এবং চারজন শামদেশে বসবাস করতে থাকেন। জাতিকে শোক সাগরে ভাসিয়ে একসময় সাবা ও তার পুত্ররা ধরাপৃষ্ঠ ত্যাগ করেন।