দ্রুতগামী ও শক্তিশালী জ্বিন সম্প্রদায় তো রয়েছেই। তাদেরকে আদেশ করলেই তো হয়। জ্বিনদেরকে কাজে লাগানোর এটাই মোক্ষম সময়। জ্বিনদেরকে হুকুম করলেন হজরত সুলায়মান আ. নির্মাণ উপকরণ নিয়ে আসার জন্যে। আদেশ পেয়েই তারা হন্যে হয়ে খুঁজতে লাগলো নির্দেশিত সামগ্রী। নিয়ে এলো প্রয়োজনীয় মালমাত্তা। সেগুলো নবী এক জায়গায় জমা করতে বললেন। একত্রিত সামগ্রী বিরাট স্তূপে পরিণত হলো। বাহারী পাথরে ভরে উঠলো নির্মাণস্থল। রঙ বেরঙের কতই না প্রস্তর নিয়ে এসেছে দানবরা। মনলোভা পাথরগুলো এক নজরেই দর্শনাথীর্র দৃষ্টি আকর্ষণ করে। বাধ্যগত জ্বিনদেরকে নির্দেশ দিলেন হজরত সুলায়মান আ. মহানগরী পুনঃনির্মাণ শুরু করার জন্যে। বিরাটকায় পাথর সংস্থাপন করে নির্মাণের সূচনা করা হলো। পাথরের বুকে পাথর বসিয়ে অট্টালিকার পর অট্টালিকা তৈরি হতে লাগলো জ্বিনদের হাতে। মসজিদসহ এর আশপাশ μমেই বদলে যাচ্ছে। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন নবী। পরম নিষ্ঠার সাথে অতিকায় জ্বিনরা কাজ করে চলেছে। ডানে বামে কোনো দিকে যেনো তাদের নজর নেই। বশীভূত জ্বিন সম্প্রদায় স্থাপনা জগতে নতুন দিগন্ত উন্মোচন করলো। রেখে দিলো তারা বিস্ময় পুঁতে বায়তুল মুকাদ্দাসের মাটিতে। তাদের গড়া অতি উঁচু ইমারতসমূহ ভবিষ্যত প্রজন্মের জন্য দাঁড়িয়ে রইলো অবাক ঐতিহ্য হয়ে।
চৌদ্দ
অভিযানে বেরোবেন হজরত সুলায়মান আ.। বিপুল আয়োজন এ অভিযাত্রার। কাতারবন্দি হয়ে লোকলস্কর সমবেত হলো তাঁর পেছনে। নবী বাহিনীতে মানব সৈনিক ছাড়াও রয়েছে জ্বিন এবং পাখির বিরাট দল। তিন জাতির সম্মিলিত বাহিনী এখন সর্বাত্মক প্রস্তুত। সকলেই নবীর নির্দেশের অপেক্ষায়। শত সহস্র সেনানী চলতে শুরু করলো হজরত সুলায়মান আ. এর ইশারায়। চলছে তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে।