ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে বহু ধাতু রয়েছে। এসব ধাতু যুগ যুগ ধরে লোকচোখের অন্তরালে পড়ে আছে। লুকায়িত মজুদ ধাতুগুলো আলাহ্পাক নবীর জন্যে প্রকাশ করে দিলেন। শুধু সন্ধান দিলেন তাই নয়- সেগুলো তাঁর কাছে অনায়াসলব্ধ করে দিলেন। গলিত ধাতু তামা পানির প্রস্রবণের মতো ভুগর্ভ থেকে প্রয়োজন মাফিক বেরিয়ে আসতে লাগলো। এবার আর ইমারত নির্মাণে কোনো প্রতিবন্ধকতা রইলো না। ইমারতের স্থায়ীত্বের ব্যাপারেও এখন থেকে আর চিন্তা করতে হবে না। চুন সুরকির পরিবর্তে গলিত তামার ব্যবহার এদিকটা নিশ্চিত করেছে। গলিত ধাতুর বহুল প্রচলনে নির্মাণ শিল্প নতুন মাত্রা পেলো। বিস্ময়ের বুকে বিস্ময় সঞ্চিত হতে চললো। নবোৎসাহে হজরত সুরায়মান আ. স্থাপত্য কলায় অবদান রাখতে শুরু করলেন। মহান স্থপতি নতুন মোজেজা নিয়ে কাজে নামলেন। শুরু হলো নতুনতর সভ্যতা। সভ্যতার বিকাশ তো নবীদের মাধ্যমেই হয়। নবুয়তের সময়সীমায় নবী হন সব ক্ষেত্রে আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব। নবী হন একই সাথে পবিত্রকারী, বিজ্ঞানী, স্থপতি সবকিছু। জড়বুদ্ধিধারী ব্যক্তিরা এসব মহাকীর্তি অনুধাবন করতে গিয়ে পদে পদে হোঁচট খায়। কেউ কেউ নবীদের গড়া অতি উঁচু মানের স্থাপত্য দেখে ভিন গ্রহের মানুষের অস্তিত্ব খঁুজে বেড়ায়। যারা নিজ ঐতিহ্য সম্পর্কে অনাগ্রহী তারা তো রহস্যের চোরাগলিতে হারিয়ে যাবেই। অন্ধকার দিয়েতো আর অমানিশা দূর হয় না। এর জন্যে চাই আলো।
তের
প্রাচীন নগরী বায়তুল মুকাদ্দাস। তিন মহাদেশের কোলে অবস্থিত এ নগরী। এ পবিত্র ভূ-খণ্ডে জড়িয়ে আছে কতো অনন্য অতীত। কতো মহাপুরুষের পদচারণায় ধন্য হয়েছে বায়তুল মুকাদ্দাস তার গোণাগুণতি নেই।