দুজন বাদশাহ যারা নবী ছিলেন
/ ৫৮
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাপারটি বেশ দূরূহ বলে মনে হচ্ছে দরবারীদের কাছে। রমণীদ্বয়ের দাবী প্রমাণ করা কঠিন বলে প্রতীয়মান হলো। কেননা তারা দুজন ব্যতীত এ ঘটনার অপর কোনো প্রত্যক্ষদর্শী নেই। আবার শিশুটিও এতো ছোট যে সেটার আকৃতি দেখে কোনো দূরবর্তী অনুমান করাও চলে না। কিন্তু অবস্থা যাই হোক নবীকে যে কোনো সমস্যার মীমাংসা করতেই হয়। সব শুনে হজরত দাউদ আ. ভেবে চিন্তে বড় জনের পক্ষে রায় দিলেন। কারণ, শিশুটি রয়েছে রয়স্কা রমণীর অধিকারে। আর তরুণী তার সপক্ষে কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেনি। এতে বাহ্যিক শরীয়ত অনুযায়ী ফলাফল বয়স্কা মহিলার অনুকূলে গেলো। রাজদরবারীরা রুদ্ধশ্বাসে এতোক্ষণ মামলা প্রত্যক্ষ করছিলেন। এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক একটা সুরাহা হলো। যে ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছিলো নিশ্চিন্তে দম ফেলবার ফুরসতও ছিলো না। প্রায়শই এমন অবস্থার সম্মুখীন তাদেরকে হতে হয়। অবশ্য সবারই পূর্ণ আস্থা রয়েছে হজরত দাউদ আ. এর প্রতি। তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা নিশ্চিতই সকল জটিলতার নিরসন করবে। বেরিয়ে যাচ্ছিলো রমণী দুজন দরবার কক্ষ ছেড়ে। সে সময় তাদের সাথে শাহজাদা হজরত সুলায়মান আ. এর দেখা হয়ে গেলো। ঘটনা কিছুটা অাঁচ করতে পেরে তিনি তাদেরকে মোকদ্দমার বিষয়ে জিজ্ঞেস করলেন। তারা নবীপুত্রকে ঘটনা পুরোটাই জানালো। সব জেনে হজরত সুলায়মান আ. একজন পরিচারককে আদেশ করলেন, 'একটি ছুরি নিয়ে এসো। তারপর শিশুটিকে দু'ভাগ করে কেটে এ দুজনকে দিয়ে দাও।' একথা শুনে বড় রমণীটি নীরব রইলো। সে কোনো রকম উচ্চবাচ্য করলো না। যেনো কিছুই হয়নি চেহারায় এমন ভাব ফুটিয়ে তুললো। কিন্তু ছোটজনের কণ্ঠ থেকে শাহজাদার আদেশ শোনামাত্র আর্তচিৎকার বেরিয়ে এলো। হজরত সুলায়মান আ. এর কথা শুনে সে ভীত বিহব্বল হয়ে পড়লো। কম্পিত কণ্ঠে বলে উঠলো, 'এরূপ করবেন না। এমনটি করবেন না। আমি আমার দাবী প্রত্যাহার করে নিচ্ছি। শিশুটি ওকেই দিয়ে দিন।' উপস্থিত কারো বুঝতে কষ্ট হলো না যে, বাচ্চাটি প্রকৃতপক্ষে কার। সবার চোখে ব্যাপারটি দিবালোকের মতো পরিষ্কার মনে হলো। আর বয়স্কা রমণীটির দাবীর অসারতাও নিমিষেই প্রমাণিত হলো। ফলে শিশুটিকে তার কাছ থেকে ফেরত নিয়ে তরুণীর কাছে দিয়ে দেয়া হলো।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।