এতোক্ষণ পর্যবেক্ষকের ভূমিকা পালন করছিলেন হজরত সুলায়মান আ.। পিতার বিচার দেখে তিনি চমৎকৃত হয়েছেন। অদ্ভুত রায় হয়েছে এটা। পিতার রায় মেনে নিয়েই এ ব্যাপারে বেশী উপযোগী একটি পন্থা অবলম্বনের জন্যে হজরত দাউদ আ.কে উপরোধ করলেন। বিনয়ের সাথে বললেন যে, এ পন্থা উভয় পক্ষের জন্যে অধিক হিতকর হবে। হজরত সুলায়মান আ. নিণীর্ত পন্থাটি হলো- পশুগুলো সাময়িকভাবে বাদীকে দেয়া হোক। সে এগুলোর দুধ ও পশম ইত্যাদি দিয়ে উপকৃত হতে থাক। এদিকে বাদীর ক্ষতিগ্রস্ত শষ্যক্ষেত্রের ক্ষতিপূরণ যেমন হয়ে যাবে; বিবাদীও তার প্রাণীগুলো থেকে চিরকালের জন্যে মালিকানা হারাবে না। অভিমত প্রকাশ করে পিতার সম্মতির অপেক্ষায় রইলেন হজরত সুলায়মান আ.। বিলম্ব হলো না ইতিবাচক সাড়া পেতে। এ মতটি হজরত দাউদ আ. শুনেই খুব পছন্দ করেছেন। সাদরে গ্রহণ করলেন তিনি নবুয়তের উদীয়মান দিবাকর বালক পুত্রের রায়।
দশ
কিসের হৈ চৈ? ুসচকিত হলো সবাই। রাজদরবারের প্রবেশ পথের দিকে তাকালেন হজরত দাউদ আ.। দেখতে পেলেন দুজন রমণী ঝগড়ারতা অবস্থায় দরবারে প্রবেশ করলো। তাদের মধ্যে একজন বয়স্কা। অপরজন তরুণী। বয়স্কা রমণীটির কোলে একটি শিশু রয়েছে। এদেরকে দেখে কোনো কিছু অনুমান করা শক্ত। উভয়ে শিশুটিকে নিজের বলে দাবী করছে। হজরত দাউদ আ. ইঙ্গিতে তাদেরকে ঝগড়া থামাতে বললেন। দরবারে হট্টগোল না থামালে কি হয়েছে বোঝা যাবে কীভাবে। কী হয়েছে তাদের জানতে চাইলেন নবী। 'আমরা ভ্রমণরতা ছিলাম। আমাদের দুজনেরই একটি করে শিশু ছিলো। একটিকে নেকড়ে বাঘ ধরে নিয়ে গিয়েছে। এখন এটিকে আমরা নিজের বলে দাবী করি।' রমণীদ্বয় নিজেদের ঘটনা প্রকাশ করলো।