হজরত দাউদ আ. এর প্রত্যক্ষ তত্ত্ববধানে গঠিত হচ্ছে তাঁর মন মানস। হাঁটি হাঁটি পা পা করে কৈশোরে উপনীত হলেন শিশু নবী। কালে যে তিনি নবীপদে অভিষিক্ত হবেন সেটা শৈশব থেকেই তাঁর আচরণে স্পষ্ট হয়ে উঠেছিলো। আর কৈশোরে এসে তা বৃদ্ধি পেয়ে সবার মনোযোগ আকৃষ্ট করলো। এ সময় হজরত সুলায়মান আ. নবীসুলভ মননশীলতার ছাপ সর্বত্র রাখতে শুরু করলেন। বুদ্ধিদীপ্ত চোখ ঠিকরে যেনো নবুয়তের দ্যুতিকণা বিচ্ছুরিত হয়। তাঁর মৌনতা হয়ে ওঠে ভাবগম্ভীর কথকথা। পরিমিত কথন শুনে মনে হয় কোনো বিদগ্ধজনের মুখনিঃসৃত উপদেশমালা। সময়ের সাথে সাথে নবুয়তের দীপ্তি শানিত হতে থাকে। বুদ্ধিবৃত্তির বিকাশ তাঁর প্রবল বেগে প্রকাশিত হতে থাকে। প্রায়ই বালক সুলায়মান আ. সবাইকে অবাক করে দেন কোনো জটিল বিষয়ে চুলচেরা বিশেষণ উপহার দিয়ে। পিতা হজরত দাউদ আ.ও প্রসন্ন হন সব দেখে শুনে। আলাহ্পাকের জন্যে সকল প্রশংসা যিনি জ্বিন ইনসান ফেরেশতামণ্ডলীসহ যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। সেই আদি অন্তহীন জাতপাকের জন্যেই তো আদি ও অন্তের সমস্ত স্তুতি। উপযুক্ত উত্তরাধিকারীই তিনি দান করেছেন। নবুয়তের গুরুভার উত্তোলনের উপযোগী সন্তানই আলাহ্পাক তাঁকে দিয়েছেন। রাজ্যের উত্তরসূরীতো কিছু নয়। এ নিয়ে একজন নবীর ভাববার কিছু নেই। উম্মতের পথপ্রাপ্তির লক্ষ্যেই তাঁরা নবুয়ত নিয়ে সারাক্ষণ চিন্তান্বিত থাকেন। কী করে উম্মতের উভয়মুখী কল্যাণ সাধন করা যায় এ নিয়েই নবীগণ বিষাদিত থাকেন। বালক বয়স থেকেই হজরত দাউদ আ. পুত্রকে কাছে কাছে রাখেন। একেবারেই তাঁকে দৃষ্টির আড়াল করতে চান না। ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেয়া ছাড়াও উম্মতের তরবীয়তের সময়ও তাঁকে পাশে রাখেন। একান্ত অনুশীলনের মাধ্যমে হজরত দাউদ আ. গড়ে তুলতে চান তাঁর প্রাণাধিক পুত্রকে। হজরত সুলায়মান আ.ও পিতার প্রবর্তিত শরীয়ত অতি অল্প সময়ে শিখে ফেলেন। যবুরের মর্ম জেনে নিয়ে সেভাবে আমল করেন। দারুণ মেধাবী ছাত্রের মতো দিন দিন শিক্ষক পিতার পূর্ণ অনুসারী হয়ে ওঠেন তিনি। মাঝে মাঝে হতবাক হয়ে যান হজরত দাউদ আ. আপন সন্তানের আত্মিক গ্রহণক্ষমতা দেখে। বালক বয়সে এ যোগ্যতা নবী ছাড়া আর কারো হয় না। হতে পারে না। দরবারের কর্মকাণ্ডেও হজরত দাউদ আ. হজরত সুলায়ান আ. কে উপস্থিত রাখেন। এখন থেকেই তিনি যেনো তাঁর কার্যবিধি, বিচারব্যবস্থা পুরোপুরি বুঝে নিতে পারেন। এসব ভেবে পুত্রের উপস্থিতিতেই নবী অনেক বিচারকার্য সমাধা করেন।
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।