চার
নিজেদের মধ্যে পরামর্শ করে উপস্থিত হলো বনিইসরাইলরা হজরত শিমবীল আ. এর কাছে। আবেদন জানালো দুর্গতি মোচনের ব্যবস্থা বাতলে দেয়ার জন্যে। সেই সাথে একজন নেতা মনোনীত করে দেয়ার কথাও নবীকে জানাতে ভুললো না তারা। যাতে অত্যাচারী রাজা জালুতের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়। এমন দূরাচারের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে না দাঁড়ালে কীভাবে জয়ী হওয়া যাবে? নবী আশ্বস্ত করলেন সবাইকে। তারপর সুমার্জিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, 'এরকম আশংকা নেই তো যে, তোমাদের নেতা মনোনীত করার পর যখন জেহাদ তোমাদের উপর ফরজ হবেু তখন তোমরা জেহাদে এগিয়ে যাবে না।' নবীর আশংকা অমূলক নয়। তিনি তো বনিইসরাইলদের স্বভাব সম্পর্কে ভালো করেই জানেন। বহু অতীত কার্যকলাপ তাদের সাক্ষ্য বহন করে। হজরত মুসা আ. এর সঙ্গে কী আচরণ করেছিলো তারা তাতো অজানা থাকার কথা নয় কারো। 'আমাদের পক্ষে জেহাদ না করার কী কারণ থাকতে পারে? শত্রুদের দ্বারা যেখানে আমরা সন্তান-সন্তুতি ও বাড়ীঘর হারিয়েছি।' বনিইসরাইলরা নবীর কথায় প্রতিবাদ করে উঠে। এবার হজরত শিমবীল আ. তাদের জন্যে মনোনীত নেতার কথা ব্যক্ত করেন। 'স্বয়ং আলাহ্তায়ালা তোমাদের জন্যে মনোনীত করেছেন তালুতকে বাদশাহ্ ও নেতা রূপে।' এভাবে বনিইসরাইলদের উপর জেহাদ ফরজ হলো। কিছুসংখ্যক লোক ছাড়া অবশিষ্টরা জেহাদ বিমুখ হয়ে রইলো। নবীর সহজ কথা তাদের হজম করতে বেগ পেতে হলো। প্রতর্কে মুখর হলো ইসরাইলি জনতা। চিরাচরিত স্বভাব তাদেরকে নবীর কথা মেনে নিতে বাধা দিলো। 'তালুত কীভাবে আমাদের নেতা হতে পারে।' বললো তারা। 'আমরা তাঁর তুলনায় অধিক উপযুক্ত। তাঁর তো আর্থিক স্বচ্ছলতাও নেই।'