তিন
ফিলিস্তিন। বহু স্মৃতিবিজড়িত ফিলিস্তিন। বনিইসরাইলদের স্বপ্নের দেশ। এ পিতৃভূমি হারিয়ে দীর্ঘকাল তারা ছিলো উদভ্রান্ত। হজরত মুসা আ. এর ইন্তেকালের পর হজরত ইউশা আ. নবী মনোনীত হন। তাঁর নেতৃত্বে বনিইসরাইল ফিলিস্তিন পুনরুদ্ধার করতে সমর্থ হয়। এরপর আর তাদেরকে পিছনে ফিরে তাকাতে হয়নি। শুধু সামনে চলা আর চলা। নিরাপদ রাজ্যের দিকে দিকে তারা বসতি স্থাপন করতে থাকে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়লো বনিইসরাইলরা বিস্তীর্ণ এলাকায়। দিন দিন গড়ে ওঠে নতুন জনপদ। ধীরে ধীরে শুরু হলো সেখানে ব্যবসার প্রসার। ক্ষুদ্র জনপদগুলো থেকে বাণিজ্য চলে দেদার। এক এলাকার পণ্য আরেক এলাকায় সরবরাহ বেশ লাভজনক হয়ে দেখা দিলো। তাছাড়া এ জাতির আদি পেশা পশুপালন তো রয়েছে। এ কাজেও অচিরেই তারা অবস্থাপন্ন হয়ে উঠলো। বনিইসরাইলদের সুবর্ণ যুগে হজরত ইউশা আ. বিদায় নিলেন জাগতিক কর্মকাণ্ড থেকে। এরপর হজরত কালব আ. বনিইসরাইলদেরকে পরিচালনার প্রত্যাদেশ পেলেন। তিনি তাঁর সময়কালের পুরোটাই জতির জন্যে ব্যয় করলেন। পর্যাপ্ত অবদান রাখলেন মানুষ গড়ার কাজে। ভালো হোক মন্দ হোক সকল মানুষ তথা জীবকেই মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হয়। নবীরাও বেঁচে থাকেন না চিরকাল। তাঁদেরকেও চলে যেতে হয়। হজরত কালব আ.ও থাকলেন না বেশীদিন। তিনিও তাঁর পূর্বসূরীর অনুসরণ করলেন মৃত্যু দুয়ার পেরিয়ে। তাঁর স্থান নিলেন হজরত হিযক্কীল আ.। তারপর μমান্বয়ে হজরত ইলয়াস আ, হজরত ইয়াসা আ. প্রমুখ নবীগণ বনিইসরাইলদের পথ-পরিচিতি প্রদানের কাজ অব্যাহত রাখেন। পার হয় মাস। বছর। শতাব্দী। শতাব্দীর পর শতাব্দী। ইতিবাচক শতকগুলো হঠাৎ হারিয়ে যাওয়ার উপμম হলো। বহুকালের নিদ্রিত সরীসৃপ জেগে উঠলো যেনো। বিগত দিনগুলো সুখস্বপ্নে রূপ নিতে চললো। ছন্দপতন ঘটলো বনিইসরাইলদের সুখভোগে।