দুই
দ্বন্দ্বযুদ্ধের আহবান জানায় জালুত। হেঁকে ডেকে তুলকালাম অবস্থা। তবুও বনিইসরাইলদের কেউ এগিয়ে আসে না তার দিকে। বাদশাহ্ তালুতের দলের সবাই কমবেশী জালুতের শক্তিমত্তা সম্পর্কে জানেন। তার ভয়ানক চেহারা দেখে আর বিশ্রী গর্জন শুনে কেউ এককভাবে তাকে মোকাবেলার চেষ্টা করলেন না। ভাবছেন সকলে কীভাবে অত্যাচারী জালুতের লাফঝাঁপের সমুচিত শিক্ষা দেয়া যায়। তাদের ভাবনার কোনো সুরাহা না হতেই হজরত দাউদ আ. এগিয়ে গেলেন। এগিয়ে গেলেন অসমসাহসে ভর করে জালুতের কাছাকাছি। হজরত দাউদ আ. এর সুদৃঢ় পদক্ষেপ নির্ভীক যোদ্ধার অন্তরে কাঁপন ধরায়। তাঁকে দেখে বিস্ময়ে হা হয়ে যায় আমালেকারাজ। এ আবার কোন্ যোদ্ধা! কাঁচা বয়সী দেখা যায়। কিন্তু হাঁটাচলায় তো অনভিজ্ঞ বলে মনে হচ্ছে না। বেশ অভিজ্ঞ বলে ধারণা হয়। যাকগে। ভাবে জালুত। ত্রাস সৃষ্টি করা যার কাজ তার পক্ষে এসব ভাবালুতা শোভা পায় না। কী করবে এ তরুণ তার মত পরাμমশালী শত্রুর বিরুদ্ধে। বিস্ময়ের বদলে কৌতুক এসে ভর করে জালুতের কুমন্ত্রণাপ্রাপ্ত অন্তরে। আবার সে গর্জে উঠলো। হুংকার ছেড়ে হজরত দাউদ আ.কে নিরস্ত করার চেষ্টা করলো। কিন্তু সফল হলো না। তুচ্ছ তাচ্ছিল্য হম্বি তম্বি কোনো কিছুই ফেরাতে পারে না হজরত দাউদ আ.কে তাঁর কর্তব্যবোধ থেকে। জাতির এমন ঘোর দুর্দিনে তিনি কি করে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে পারেন। তাঁর মতো দেশপ্রেমিকের পক্ষে এ যে অবাস্তব। এগিয়ে যান তিনি জালুতের দিকে নির্ভয়ে। কাছে পৌছেঁই হঠাৎ পাথর ছুড়ে মারলেন হজরত দাউদ আ.। অব্যর্থ লক্ষ্য জালুতকে আঘাত হানলো। মাথা ঘুরে উঠলো তার। একি! গুলিয়ে যাচ্ছে কেনো সবকিছু। নাহ! দেহটাকেও আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আছড়ে পড়লো