একাদশ অনুচ্ছেদ
মির্জা মাযহারের নির্লিপ্ততা এবং অন্যান্য গুণাবলীর আলোচনা মির্জা মাযহার জানে জানান র. বলতেন, আলাহ্তায়ালা আমাকে পরিপূর্ণ আকল এবং উন্নত সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা দান করেছেন। যার ফলে আমি সুলতানাতের কার্যাবলী এবং রাজকার্যে শৃংখলাবিধানে যাবতীয় বিষয়ে পরিবেশ পরিস্থিতি অনুসারে ভালোভাবে শিক্ষা প্রদান করতে পারতাম। এ জন্য সমসাময়িক আমীর ওমরাগণ রাষ্ট্রীয় গুরুত্বুপূর্ণ বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতেন। তিনি বলতেন, আমার পিতা মহোদয়ের তরবিয়তের বরকতে আমি এক নজরেই যে কোনো ব্যক্তির অবস্থা জেনে নিতে পারতাম। বুঝতে পারতাম তার মধ্যে মনুষ্যত্বের কী কী গুণাবলী ও যোগ্যতা রয়েছে। মানুষের ললাটের দিকে নজর করেই বুঝে যেতাম তার মধ্যে তরিকতের যোগ্যতা রয়েছে কি না। সে সৌভাগ্যশালী না হতভাগ্য, বেহেশতী না দোযখী। মির্জা মাযহারের সত্তা পরিপূর্ণ যোহদ ও তাওয়াক্কুলের গুণে ভূষিত ছিলো। দুনিয়া ও দুনিয়াদারদের থেকে তিনি অমুখাপেক্ষী ছিলেন। তাদের থেকে তিনি হাদিয়া খুব কম গ্রহণ করতেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, একবার বাদশাহ্ মোহাম্মদ শাহ ১ তাঁর ওজীর কমরউদ্দীন খানের মাধ্যমে বলে পাঠালেন, আলাহ্তায়ালা আমাকে রাজ্য দান করেছেন। আপনাকে আমি হাদিয়া দিতে চাই। আপনার যা ইচ্ছা হাদিয়া হিসেবে গ্রহণ করুন। তিনি উত্তরে বললেন, আলাহ্তায়ালা বলেছেন ২ 'ক্বুল মাতাউদ্ দুন্ইয়া ক্বলীল' (দুনিয়ার সম্পদ অতি অল্প)। এখানে বলা হয়েছে সাত রাজার রাজ্যই যেনো অতি অল্প। এই অল্প থেকে এক সপ্তমাংশ ভারত উপমহাদেশ আপনার কাছে রয়েছে। এ থেকে দেয়ার মতো আপনার কী আছে, যা দিয়ে আপনি ফকীরগণের হিম্মতের মস্তক অবনত করতে পারেন। একবার এক আমীর হাবেলী ও খানকা প্রস্তুত করে ফকীর দরবেশগণের বসবাসের সুবিধা করে দিতে চাইলেন। তিনি হজরতের কাছে এ বিষয়ে আবেদন জানালেন। কিন্তু তিনি তা কবুল করলেন না। বললেন, এ বাড়ি তো ছেড়ে যেতেই হবে। সুতরাং তা নতুন বা পুরাতন দুটোই সমান। রুজি, যা এলমে এলাহীতে নির্ধারিত তা নির্দিষ্ট সময়ে মিলবেই। ফকীর দরবেশগণের জন্য সবর ও কানাআতের (অল্পে তুষ্টির) খাযানাই যথেষ্ট।